
এটাই কি তাহলে শিক্ষকদের মহান পেশার মহান পুরুষ্কারের বদলে মহান তিরস্কার! প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের উপজেলা রিসোর্স সেন্টারের ডেটা এন্ট্রি অপারেটরদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের স্বাক্ষরিত পদোন্নতির একটি চিঠি নিয়ে সারাদেশের সরকারি প্রাথমিক শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ এবং হাতাশার জন্ম দিয়েছে।
এইচএসসি পাসের যোগ্যতার বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া এইসব ডেটা এন্ট্রি অপারেটরদের পদোন্নতি হোক, গ্রেড বাড়ুক, বেতন ভাতা বৃদ্ধি হোক সেটা আমরা শিক্ষকরাও চাই। একজন ডেটা এন্ট্রি অপারেটর একাডেমিক পর্যায়ে শিক্ষকদের থেকেও পিছিয়ে। একাডেমিক পর্যায়ে তার তেমন বিচরণ নেই। ডেটা এন্ট্রি অপারেটরদের উন্নতির বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, সেটি আগেই বললাম। কিন্তু এইচএসসি পাশের ১৬তম গ্রেডের ডেটা এন্ট্রি অপারেটরেরা ১১ এবং ১৩তম গ্রেডের শিক্ষকদেরকে ডিঙ্গিয়ে আবার শিক্ষকদের প্রশিক্ষক হন কীভাবে? ডেটা এন্ট্রি অপারেটরের কী এমন শিক্ষাগত যোগ্যতা তৈরি হলো যে, একজন অনার্স-মাস্টার্স, সিএনএড, ডিপিএড, বিএড, এমএড করা শিক্ষকের প্রশিক্ষক হবেন?
ডেটা এন্ট্রি অপারেটর পদোন্নতি তাদের পেশাগত জায়গাতেই হোক। তাঁরা পদন্নোতি পেয়ে উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী হোক, প্রয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের করণিক হোক। অর্থাৎ অফিসিয়াল লাইনে তাঁদের পদোন্নতি হোক। কিন্তু তাঁদের পদোন্নতি একাডেমিক লাইনে হতে পারে না। তাঁরা একজন শিক্ষকের প্রশিক্ষক হতে পারেন না। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।
উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টরের শূন্য পদে পদন্নোতি দিতে হলে কেবল মাত্র এর যোগ্য দাবিদার শিক্ষকরা। কারণ একাডেমিক যোগ্যতা এবং অভিজ্ঞতা কেবলমাত্র শিক্ষকদেরই রয়েছে।
অতএব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় দ্বয়ের সমীপে বিনীত নিবেদন এই যে, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর পদে ডেটা এন্ট্রি অপারেটরদের নয় বরং ওই পদে শিক্ষকদের পদোন্নতি দিতে আপনাদের সদয় দৃষ্টি এবং সদয় হস্তক্ষেপ কামনা করছি।
মো. জামিল বাসার
সহকারী শিক্ষক, বওলা সরকারি প্রাথবিক বিদ্যালয়
ধনবাড়ী, টাংগাইল।