চিঠিপত্র

প্রশ্নপত্র ফাঁসে কঠোর আইন ও তার যথাযথ প্রয়োগ চাই

যেকোনো পাবলিক পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ ও গ্রুপ খুলে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ রয়েছে। স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলোর পুনরাবৃত্তি এটাই প্রমাণ করে—প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত প্রতিটি পর্যায়ে নেতৃত্ব ও সুষ্ঠু তত্ত্বাবধায়নের অভাব, কর্তব্যে অবহেলা এবং নৈতিকতার অবক্ষয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়টি এখন আর নতুন কিছু নয়। কোনো পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিঃসন্দেহে একটি গুরুতর অপরাধ।

৩০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস হয়ে এই পাবলিক পরীক্ষা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। প্রশ্নফাঁসের বিষয়টিকে এখন আর হালকা করে দেখার সুযোগ নেই। যাঁরা প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যুক্ত, তাঁরা একদিকে যেমন জাতির মেধাবী সন্তানদের বঞ্চিত করছেন, অন্যদিকে হাঁকিয়ে নিচ্ছেন কোটি টাকা। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এখনই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মেধাবী শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করছে। তারা হতাশায় ভুগে। ভাবে আমি এত পরিশ্রম করেও ভালো ফলাফল করতে পারলাম না অথচ আমার সহপাঠী পরিশ্রম না করেই ভালো ফলাফল করল! এ ধরনের হতাশা একজন শিক্ষার্থীর মেধাকে ধ্বংস করে দেয়।

আমাদের দেশে মূলত দুই ধরনের প্রশ্নফাঁসের দৃশ্য দেখা যায়। একটি পরীক্ষার দু-এক দিন আগে প্রশ্নফাঁস, আরেকটি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নফাঁস। এখন নতুনভাবে যুক্ত হয়েছে কিছুসংখ্যক শিক্ষক নামদারি অসৎ মানুষ, কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নফাঁস।

প্রযুক্তির কারণে এখন প্রশ্নপত্র ফাঁস ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সহজ হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন করতে হবে। শুধু আইন করলে হবে না, এর যথাযথ প্রয়োগও করতে হবে। সে সঙ্গে প্রশ্নপত্র বিতরণে পরিবর্তন আনতে হবে। অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের অভ্যন্তরীণ কার্যক্রমের সুষ্ঠু পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হবে।

  • সাকিবুল হাছান
    ঢাকা কলেজ, ঢাকা