চিঠিপত্র

ঈদযাত্রা হোক আনন্দময়, সড়কে সতর্কতাই সবার কাম্য

ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ। এই আনন্দ তখনই পূর্ণতা লাভ করে যখন পরিবারের সবাই একত্রে মিলিত হয়। এই আনন্দ আপনার আমার সবার ক্ষেত্রেই। ইতিমধ্যে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে ছুটছে মানুষ। জীবন-জীবিকার প্রয়োজনে ইট-কাঠের শহরে আবাস গড়লেও সবার মন পড়ে থাকে নিজ গ্রামে। যেখানে রয়েছে মানুষের নাড়ির টান। বাড়ি অনেক দূর হলেও ঈদের মধ্যে প্রিয়জনের সঙ্গে মিলিত হতে চান সবাই। খুশিকে আরও পরিপূর্ণ করতে এবং আপনজনকে দেখার আকাঙ্ক্ষা মেটাতে পথের কষ্ট নিয়ে ভাবেন না কেউ। যেভাবেই হোক ঈদে বাড়ি পৌঁছানো চাই!

বাংলাদেশের বেশির ভাগ যাত্রী সড়কপথে বাড়িতে যান এবং ফিরেও আসেন এই সড়কপথেই। করোনা মহামারির পর থেকে দুই দফা বাসের ভাড়া বাড়ানো হয়েছে। পরিবারের সবাই মিলে ঈদ করতে গিয়ে বাড়তি ভাড়া অনেকের জন্য আর্থিক চাপ তৈরি করবে। ঈদের আগে ট্রেনের টিকিট পাওয়াটা যেন সোনার হরিণ পাওয়া। অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রেও দেখা যায় অল্প সময়ের মধ্যে সব টিকিটি বিক্রি হয়ে যায়। তবে এবার ঈদে ট্রেনে টিকিট কাটায় নতুন ব্যবস্থা আনা হয়েছে। এতে অনেক সুফলও পাওয়া যাচ্ছে। সেটি কতটা সফল হবে তা বোঝা যাবে ঈদযাত্রায়।  

সড়কপথে তীব্র যানজট তো আছেই। এ বছরও সড়ক সংস্কার, অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে দেখা যাবে তীব্র যানজট। এই যানজটের প্রভাবে বেশ ভোগান্তি পোহাতে হয় বাড়িমুখী যাত্রীদের।

ঈদ মৌসুমে প্রতিবছরই দেখা যায়, ঘরমুখো অতিরিক্ত যাত্রীদের চাপে সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবহনমালিকেরা অতিরিক্ত লাভের আশায় ফিটনেসবিহীন ও পুরোনো গাড়ি রাস্তায় নামায়। সেটি যাতে না হয় তার জন্য কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। এবার ঈদযাত্রায় কালবৈশাখী হানা দিতে পারে। সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে যারা লঞ্চ, ট্রলার বা স্পিডবোটে যাত্রা করেন। যদিও স্বস্তির কথা হচ্ছে, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য স্বপ্নের পদ্মাসেতু রয়েছে যার ফলে লঞ্চ ও ফেরিতে কিছুটা হলেও চাপ কমবে।

এরপরেও সব সময় মনে রাখতে হবে ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’। কারণ আপনার আমার একটু অসচেতনতার ফলে বড় বিপদ ঘটে যেতে পারে। ঈদের আনন্দ নিমেষেই মাটি হয়ে যাতে পারে।  সবাই সুস্থ, সুন্দরভাবে যেন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেসব বিষয় মাথাই নিয়েই হোক আপনার এবারের ঈদযাত্রা। সবাইকে ঈদ মোবারক।

আহমেদ জুনাইদ
শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ
ইমেইল: ahamedjunaeid01@gmail.com