বাংলাদেশজুড়ে অসংখ্য নদ-নদী, খাল-বিল, পুকুর, ডোবা জালের মতো বিস্তৃত রয়েছে। এসব অসংখ্য জলাশয় থাকার কারণে চাষাবাদ, পশুপাখি পালন, গৃহস্থালির কাজ ইত্যাদি যেমন সহজ হয়েছে, তেমনি প্রতিবছর ব্যাপক হারে জানমালের ক্ষতি হওয়ার কারণে এ জলাশয়গুলো মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
আমাদের দেশে প্রতিবছর পানিতে ডুবে অসংখ্য মানুষ প্রাণ হারান; প্রাণ হারানোর দিক থেকে শিশুদের সংখ্যাই বেশি। এক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশের শিশুরা নিউমোনিয়া রোগের পরই পানিতে ডুবে বেশি প্রাণ হারায়। তাই শিশুদের এই অকালমৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে আমাদের সর্বস্তরের মানুষ সচেতন হতে হবে, সবার সম্মিলিত প্রচেষ্টায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে আগে জানতে হবে কোন কোন কারণে শিশুরা পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে; পরে এর প্রতিরোধব্যবস্থার বিষয়ে জানতে হবে।
শিশুদের পানিতে ডোবার অন্যতম কারণ হলো মা–বাবা বা পরিবারের সদস্যদের অসচেতনতা। গ্রামে দেখা যায়, বাবারা জীবিকার তাগিদে বেশি সময় বাইরে বাইরে থাকেন এবং মায়েরা খুব সকালে ঘুম থেকে উঠে গৃহস্থালি কাজের ব্যস্ত হয়ে পড়েন; বাচ্চাকে সঠিকভাবে দেখাশোনা করতে পারেন না। ফলে একটা বাচ্চা তার মায়ের দৃষ্টিগোচরে বাড়ির পাশে পুকুর বা জলাশয়ে কাছে গিয়ে কৌতূহলবশত পানিতে নেমে যায় এবং সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রাণ হারায়।
এ ছাড়া পানিতে ডুবে শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো সঠিক তত্ত্বাবধান ও শিক্ষার অভাব। একটি শিশুকে সাঁতার শেখানোর সঠিক বয়স পাঁচ বছর। কিন্তু সাঁতার শেখানোর পর্যাপ্ত বয়সেও একটা শিশুকে সাঁতার শেখানো হচ্ছে না, ফলে একটি শিশুর সাঁতার শেখার পর্যাপ্ত বয়স থাকা সত্ত্বেও পানিতে ডুবে অকালে প্রাণ হারাচ্ছে।
বাড়ির পাশে অপ্রয়োজনীয় ডোবা বা জলাশয় থাকাটাও শিশুমৃত্যুর অন্যতম প্রধান কারণ। তাই আমরা একটি শিশুর অকালমৃত্যু ঠেকাতে বেশ কিছু প্রতিরোধব্যবস্থা নিতে পারি। আর এ প্রতিরোধব্যবস্থার মাধ্যমে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
পানিতে ডুবে শিশুমৃত্যুর হার কমিয়ে আনার প্রথম ধাপ হলো বাবা-মায়ের সচেতন হওয়া। একটা শিশু হাঁটা শেখার পর তাকে চোখে চোখে রাখতে হবে এবং বাড়ির পাশের পুকুর বা জলাশয়ের দিকে যেন না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। বাড়ির পাশের পুকুর বা জলাশয়ের চারদিকে বেড়া দিতে হবে এবং অপ্রয়োজনীয় পুকুর বা গর্ত-ডোবা থাকলে বন্ধ করে দিতে হবে।
এ ছাড়া একটা শিশুর পাঁচ বছর বয়স হওয়ার পর অবশ্যই সাঁতার শেখার গুরুত্ব দিতে হবে। সাঁতার শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে একটি শিশুকে অবগত করতে হবে। একজন শ্রেণিশিক্ষকও এ ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করতে পারেন। তিনি সাঁতার শেখার শারীরিক প্রয়োজনীয়তার বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে সাঁতার শিখতে উদ্বুদ্ধ করতে পারেন।
এ ছাড়া বেশ কিছুদিন আগে থেকে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যদি এই পদক্ষেপগুলো সঠিকভাবে কার্যকর করা হয়, তাহলে সরকার ও সর্বসাধারণের প্রচেষ্টায় শিশুমৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
শেখ আবদুল্লাহ
শিক্ষার্থী
ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।
ই-মেইল: sheikhabdullah22382@gmail.com