চিঠিপত্র

গুইমারা সরকারি কলেজে হোস্টেল চাই

গুইমারা সরকারি কলেজ খাগড়াছড়ি পার্বত্য জেলায় ঘোষিত সর্বশেষ উপজেলা গুইমারার একমাত্র কলেজ। ২০১৫ সালে সেনাবাহিনী ও এলাকার শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত কলেজটির প্রাতিষ্ঠানিক ফলাফল জেলাতে দ্বিতীয় এবং তিন পার্বত্য জেলায় তৃতীয়। উল্লেখ্য, ২০১৬ সালে জাতীয়করণে তালিকাভুক্ত হলেও অদ্যাবধি জাতীয়করণের সুবিধা চালু হয়নি। কলেজটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠদান চলমান। শিক্ষার্থীরা বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় স্থান করে নিচ্ছে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

শিক্ষার্থীরা ৪টি হাউসে বিভক্ত। মেধাবিকাশে ৯টি ক্লাবে কো-কারিকুলাম কার্যক্রম পরিচালিত হয়। চৌকস নাগরিক গড়ার মানসে শিক্ষার্থীরা মোরাল ক্লাসের মাধ্যমে দৈনন্দিন শ্রেণি কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে পার্বত্য এলাকায় গুইমারা সরকারি কলেজ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে চরম সংকট হলো কলেজটিতে কোনো হোস্টেল নেই। বেশির ভাগ শিক্ষার্থী প্রান্তিক। হেঁটে ৫/৭ কিলো দূর-দূরান্ত হতে আসে।  দুর্গম পাহাড়ের কোনো কোনো অঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন মোটরসাইকেল। বড়ইতলীর হতে আসা হ্লাম্রাসাং মারমার এমনটাই বলছিল: ‘একদিন কলেজে আসা যাওয়াতে ২০০ টাকা খরচ হয়। যা প্রায়ই অসম্ভব ফলে রোজ কলেজে আসি না।’

মহালছড়ি, লক্ষীছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, তবলছড়িসহ দূর-দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী গুইমারা সরকারি কলেজে অধ্যয়নরত। সবার পক্ষে বাসা ভাড়া নিয়ে থাকা দুঃসাধ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রাণের দাবি কলেজে হোস্টেল চাই।

মো. কামরুজ্জামান
প্রভাষক ইংরেজি, গুইমারা সরকারি কলেজ।