
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশু শৈশবের আনন্দমুখর জীবন পার করে কৈশোরে পদার্পণ করে। সামাজিক ও পারিবারিক পরিবেশের উপর ভিত্তি করে গঠিত হয় তার সামগ্রিক জীবন। পারিবারিক শিক্ষাই পারে একটি শিশুকে দেশপ্রেমী ও সঠিক মানুষে রূপান্তরিত করতে। পরিবার হচ্ছে শিশুর জীবনে সেরা ও প্রধান শিক্ষার বাহন। দ্বিতীয় শিক্ষার বাহন হচ্ছে সমাজ। কৈশোরে সবাই সমাজে বেড়ে উঠে। ধীর ধীরে সমাজের শিক্ষা নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করে। কিশোর ও কিশোরীরা তাদের কৈশোর জীবনে সমাজ থেকে বেশি শিক্ষা নিতে আগ্রহী থাকে। সমাজের ভালো ব্যক্তিবর্গদের তারা অনুসরণ করে জীবনকে উদ্ভাসিত করতে চাই। ফলশ্রুতিতে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে।
দুঃখজনক হলেও সত্য, বর্তমান সমাজে যা দেখা যাচ্ছে তা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। সমাজে নেই এখন সামাজিক শিক্ষা, নেই পারিবারিক শিক্ষা, নেই ধর্মীয় শিক্ষা। চারদিকে মাদকদ্রব্যের সহজলভ্যতা কিশোর-কিশোরীদের গ্রাস করে ফেলেছে। মাদকাসক্ত কিশোরেরা গ্রুপ করে যাকে বলা হচ্ছে, কিশোর গ্যাং। এসব গ্যাং প্রতিনিয়ত ভয়ভীতি ছড়াচ্ছে। পথেঘাটে কিশোরীদের ইভটিজিং করে যাচ্ছে বখাটে কিশোরেরা। এসব কিশোরকে মদদ দিচ্ছে পাড়া মহল্লার কতিপয় বড় ভাই নামধারী কিছু অসাধু যুবক। ফলে পাড়া মহল্লায় তাদের দৌরাত্ম বেড়েই চলেছে। মাদকাসক্ত হওয়ায় কিশোরদের পরিবারও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।
এই সকল কিশোররা ধীরে ধীরে অপরাধ জগতে প্রবেশ করছে। পরবর্তীতে এর জন্য পরিবার ও সমাজের মানুষকে আরও বেশি খেসারত দিতে হতে পারে। কিশোর অপরাধ দমন করতে সর্বপ্রথম তাদের পরিবারকে এগিয়ে আসতে হবে। পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে কিশোরদের বেড়ে তুলতে হবে। তাতে কিশোর অপরাধ ধীরে ধীরে হ্রাস পাবে। সামাজিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে সমাজের সবাইকে সচেতন ও সহযোগী মননের হতে হবে। যাতে কিশোররা অপরাধ জগতে জড়ানো থেকে বিরত থাকে।
সুষ্ঠু ও বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলতে পারিবারিক ও সামাজিক শিক্ষার বিকল্প কিছু নেই। কাজেই কিশোরদের নামের আগে যাতে বখাটে বিশেষণটি না আসে সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে।
মো. সজিব উদ্দিন
শিক্ষার্থী
ঢাকা কলেজ