চিঠিপত্র

শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে বিসিবির এমন আচরণের রহস্যটা কী

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের বিভিন্ন আসবাব ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠের ভেতর তাই কাভার্ডভ্যান
ছবি: সোয়েল রানা

দুঃসময়ের মধ্যেও কিছু কিছু ঘটনা থাকে, যা স্থান কাল বিবেচনায় সৌভাগ্যের নিশানা হয়ে উঠে। বাংলাদেশ ক্রিকেটও এমনই একটা নিশানা পেয়েছিল ২০০৬ সালে। দেশের ক্রিকেট তখনও বহির্বিশ্বে এতটা সুনাম কুড়ায়নি। নিভু নিভু জ্বলতে থাকা ক্রিকেটটা হঠাৎ প্রাণ ফিরে পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সেসময় শ্রীলঙ্কার মতো ক্রিকেট পরাশক্তিকে হারিয়ে তাক লাগিয়ে দেয় বিশ্বকে। আন্তর্জাতিক স্টেডিয়ামের স্বীকৃতির পর মোট ৫ টি একদিনের ম্যাচ আয়োজন হয় এই স্টেডিয়ামে, যার ৪টিতেই জিতে যায় বাংলাদেশ। ক্রিকেটার সমর্থকদের কাছেও স্টেডিয়ামটি হয়ে উঠে বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ।

অথচ ১৬ বছর ধরে এই মাঠে জ্বলছে না ফ্লাডলাইটের আলো। তবে এখন দেখে মনে হচ্ছে ক্রিকেটাররা এই মাঠটিকে ভালোবাসলেও ক্রিকেট নিয়ন্ত্রক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা সুনজরে দেখেন না। ১৬ বছর ধরে বগুড়ার স্টেডিয়ামটিকে কষ্ট দিয়ে শেষমেশ গলা চেপে ধরল বিসিবি। গেল ২ মার্চ স্টেডিয়ামটি থেকে কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতামূলক আচরণের কারণে বিসিবি শহীদ চান্দু স্টেডিয়াম থেকে তাদের কর্মকর্তা ও কার্যক্রম পরিহারের সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পারছি। অথচ জেলা ক্রীড়া সংস্থা বিসিবির এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল এক ব্যক্তি এ স্টেডিয়ামকেন্দ্রিক বিসিবির মাসে লাখ লাখ টাকা খরচের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠান। তিনি বলেন, এত অর্থ খরচের পরেও কেন কোনো সংস্কার কাজ দৃশ্যমান হয়নি?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিসিবির হঠাৎ এই সিদ্ধান্তের কারণ জেলা ক্রীড়া সংস্থার সাথে বিরোধ। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না বিসিবির, দেশের ক্রিকেটের অভিভাবক কিন্তু তারাই। দুইটি সংস্থার বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ আছে। একটি আন্তর্জাতিক মানসম্মত স্টেডিয়াম থেকে এভাবে নিজেদের গুটিয়ে নিতে পারে না বিসিবি। যদিও খেলার আয়োজন না থাকায় আইসিসির আন্তর্জাতিক মাঠের তালিকা থেকে অনেক আগেই বাদ পড়েছে স্টেডিয়ামটি। তবে এই মাঠের উইকেট এবং অবকাঠামো নানান সময়ে প্রশংসা কুড়িয়েছে দেশ বিদেশের ক্রিকেটার ও বিশেষজ্ঞদের কাছে।

২০২০ সালে আইসিসির মেগা ইভেন্টে প্রথমবারের মতো বয়সভিত্তিক টুর্নামেন্টে চূড়ান্ত সফলতা পায় বাংলাদেশ। যুবাদের এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছিল বগুড়ায়। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে শিরোপা জেতার পর খালেদ মাহমুদসহ পুরো ম্যানেজমেন্ট শহীদ চান্দু স্টেডিয়ামে প্রশংসা করেন। বছর খানেক আগে জাতীয় দল সাউথ আফ্রিকা সফরের পূর্বে এ মাঠে ক্যাম্প করে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে প্রোটিয়াদের সাথে ওয়ান ডে সিরিজ জিতে সফলতাও পায়।

জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহমান এ জন্যই বগুড়ার উইকেটটিকে দেশের সম্ভবত সেরা উইকেট বলে আখ্যায়িত করেছিলেন। এ ছাড়াও হাবিবুল বাসার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, সাকিব, তামিমসহ জাতীয় দলের প্রায় সকল ক্রিকেটার এই মাঠের প্রশংসা করেছেন।

কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড স্টেডিয়াম নির্মাণের শুরুতে এসে বলেছিলেন,‘এটি বাংলাদেশের সেরা স্টেডিয়াম হবে।’ শুধু তাই নয় স্টেডিয়ামটির রয়েছে পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি ক্রিকেটারদের প্রশংসা।

এত ভালো প্রতিক্রিয়া বোধ হয় দেশের কোনো স্টেডিয়ামের নেই। অথচ অবহেলার সবটুকুই কেবল বিসিবি তরফ থেকে। উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়ামকে নিয়ে বিসিবির এমন আচরণের পেছনের রহস্যটা আসলে কী?

যদিও বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে বিসিবি প্রতিবন্ধকতার ঢাল হিসেবে ব্যবহার করে আসছে আবাসন অসুবিধার বিষয়টি। অথচ এই বগুড়াতেই গড়ে উঠেছে উত্তরবঙ্গের স্বনামধন্য আন্তর্জাতিক মানের কিছু হোটেল। ক্রিকেট থেকে উত্তরের মানুষদের এভাবে বঞ্চিত করার কোনো সোজাসাপ্টা উত্তর আদৌ ক্রিকেট বোর্ডের কর্তারা কি দিতে পারবেন! কেননা বগুড়ার স্টেডিয়ামটির কথা উঠলেই এর হর্তাকর্তারা কালো চশমায় চাউর হন। যদিও বিসিবির এমন আচরণে নানামুখী কথাবার্তা বাতাসে ভাসে।

একটা কথা আমাদের মনে রাখতে হবে, শহীদ চান্দু স্টেডিয়ামের সাথে সম্পর্ক ছিন্ন করা মানে দেশের ক্রিকেটকে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে ফেলে দেওয়া। কেননা এই স্টেডিয়াম যেমন দেশের ক্রিকেটে বিপ্লব এনেছে তেমনি তৈরি করেছে সম্ভাবনাময় কিছু মুখ।  মুশফিক শফিউলদের তো পুরো দেশের মানুষ জানে, এ ছাড়াও তরুণ ক্রিকেটার তৌহিদ হৃদয়, তামিম, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতু মনিসহ আরও অসংখ্য ক্রিকেটার তৈরির পেছনে এই মাঠটির ভূমিকা কী করে ভুলে যাবে দেশবাসী!

বিশ্বায়নের যুগে ক্রীড়াক্ষেত্রে সফল হতে পৃথিবীর উন্নত দেশগুলো কাড়ি কাড়ি অর্থ ব্যয় করছে। আমাদের দেশেও ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী ক্রীড়াজগতের উন্নয়নে যথেষ্ট কাজ করছেন। অথচ ক্রীড়াক্ষেত্রের দায়িত্ববান কিছু মানুষের ভুল সিদ্ধান্তে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছি না।

কেবল বগুড়াই নয় নারায়ণগঞ্জ কিংবা খুলনার স্টেডিয়ামের বেহাল অবস্থার দায় কি বিসিবি কোনোভাবে এড়াতে পারে?  অথচ পুরোনো  স্টেডিয়ামগুলো সংস্কার না করে নতুন স্টেডিয়াম তৈরির অদূরদর্শী সিদ্ধান্তে বিসিবি বরাবরই চমক দেখায়। বিসিবির কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড যে পেশাদারত্ব সংকটের নমুনা তা তাদের কে বোঝাবে?

আকিজ মাহমুদ
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়