চিঠিপত্র

সরকারিভাবে হজ নিবন্ধনের অভিজ্ঞতা

ছবি: সংগৃহীত

হজ করা যেকোনো সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের স্বপ্ন, ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে হজে যাওয়া। এবার হজ নিবন্ধন করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হলো। অনেক খোঁজখবর নিয়ে আমার কাছে মনে হলো সরকারিভাবে গেলে স্বাচ্ছন্দ্যবোধ করব। ধর্ম মন্ত্রণালয়ে ধরনা দিলাম প্রথমেই। সেখানে একজন আমলা বিনীতভাবে জানালেন কোটা শেষ। বাধ্য হয়ে হজ এজেন্সির কাছে গেলাম। তিনি আমার বক্তব্য শেষে জানালেন, কখনোই দশ হাজারের বেশি সরকারি কোটা পূরণ হয় না। মন্ত্রণালয়ের আরেক আমলাকে ফোন করলে তিনি মন্ত্রণালয়ে যেতে বললেন। তাঁর কাছে পরবর্তী দিন গেলে সুন্দর করে নাশতা-কফি দিয়ে আপ্যায়ন করালেন। এরপর এক কম্পিউটার অপারেটরকে ডেকে আমার হজ নিবন্ধন করে টাকা জমা দেওয়ার জন্য রসিদ দিয়ে দিলেন।

পরের দিন সকালে রমনায় এক বন্ধুর সঙ্গে দেখা। তিনি আফসোস করে জানালেন, সরকারিভাবে হজে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু কোটা ফাঁকা নেই। বুঝলাম তিনিও আমার মতো শুরুতে ধর্ম মন্ত্রণালয়ের ‘অধর্ম’ কাণ্ডে ধরা খেয়েছেন। অষ্টমবারের মতো সময় বৃদ্ধি করেও হজ কোটা পূরণ হয়নি। কষ্ট তো অবশ্যই হয়েছে। বাংলাদেশ বিমান টিকিট পকেটে রেখে যাত্রীদের দেয় না। সেই ক্ষতি হজযাত্রীদের মাথায় চাপায়। মাসতুতো ভাই এরা।

বায়োমেট্রিকের জন্য মেসেজ পেলাম। বিমানবন্দরের কাছে আশকোনায় গেলাম। নেট কানেকশন নেই। এক ঘণ্টা অপেক্ষা করলাম। অনেকেই নিজস্ব মোবাইল দিয়ে কাজ সারলেন। তখন রোজা শুরু হয়ে গেছে, সেই সঙ্গে বিরূপ আবহাওয়া। মেজাজ স্বাভাবিক রাখা কঠিন। সচিবালয়ে একাধিক কোম্পানির নেটওয়ার্ক কোনো কোনো মন্ত্রণালয়ে আছে। হাজিদের বিষয়টি মাথায় রেখে একাধিক কোম্পানির নেটওয়ার্ক কানেকশন হজ অফিস রাখতে পারেন। নেটওয়ার্ক কানেকশনের জন্য ফোন করলে কোম্পানি সঙ্গে সঙ্গে লাইন দিয়ে দেয়। রাগ সামলাতে গেলাম পরিচালক মহোদয়ের কক্ষে। তিনি বিষয়টি জানতেন। অতীব ভদ্রভাবে বললেন, হজ হচ্ছে ধৈর্য পরীক্ষা। সৌদি আরবে আরও কষ্ট। সুতরাং এটা মেনে নিতে হবে। অতএব বায়োমেট্রিকের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমরা হয়তো প্রচণ্ডভাবে উন্নয়ন ঘটিয়েছি। কিন্তু সিস্টেম সেই সিস্টেমেই রয়ে গেছে অথবা অবনতি ঘটেছে।

মো. খলিলুর রহমান

ফ্রি স্কুল স্ট্রিট, কাঁঠালবাগান

ঢাকা-১২০৫।