মানুষের ছয়টি মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা। প্রকৃতপক্ষে শিক্ষাব্যবস্থা কি এ পথে হাঁটছে?
একজন শিক্ষার্থী শিক্ষার প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লেগে পড়ে চাকরি নামক যুদ্ধে, এক অফিস থেকে অন্য অফিসে, এক পরীক্ষার কেন্দ্র থেকে অন্য পরীক্ষার কেন্দ্রে ছোটাছুটি। আর চাকরি না পেয়ে হতাশ হয়ে শিক্ষার ওপর দোষারোপ করতে কেউ পিছপা হয় না।
শিক্ষা শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে, সেখানে আত্মনির্ভরশীল না হয়ে কেন চাকরির পেছনে ছোটে, কেন চাকরি নামক সোনার হরিণের খোঁজে সবাই হয়রান হয়? চাকরির বড় সুবিধা হলো কোনো ঝুঁকি নেই, স্থায়িত্ব, পেনশন, নির্দিষ্ট কাজ, মাস শেষে বেতন ইত্যাদি। সার্টিফিকেট দাও, চাকরি নাও—এ যেন এক বিনিময় প্রথা।
ধরা যাক, আজ যদি রাষ্ট্র কর্তৃক ঘোষণা দেওয়া হয় শিক্ষার মাধ্যমে কোনো চাকরি দেওয়া হবে না, তাহলে কোনো শিক্ষার্থী শিক্ষা অর্জন করবে না। কারণ, শিক্ষার মূল উদ্দেশ্য এখন আর জ্ঞান অর্জন নয়; চাকরি অর্জনের দিকে বেশি অগ্রসর সবাই। শিক্ষায় আমরা এখন এতটা পিছিয়ে পড়েছি যে উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছি না, বরং পিছিয়ে পড়ছি।
বিশাল জনগোষ্ঠী রয়েছে, কিন্তু কাজে লাগাতে সক্ষম নই আমরা। কারণ, শিক্ষার্থীদের নতুন সৃষ্টিতে আকর্ষণ নেই, নতুন জ্ঞানের সমন্বয় নেই, বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগানোর পরিকল্পনা নেই; আছে শুধু চাকরি নাও, নিজে স্বাবলম্বী হও। চাকরি না করে ভালো পরিকল্পনা নিয়ে ব্যবসা কিংবা গবেষণা করতে চাইলে অর্থের অভাবে সেটা সম্ভব হয় না, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো অর্থ দেয় না, ব্যাংক জমানত ও ঋণকারীর আর্থিক সামর্থ্য বিবেচনায় ঋণ দেয়।
একজন শিক্ষার্থীর শিক্ষা অর্জনের মাধ্যম হচ্ছে পরিবার, সমাজ ও শিক্ষক। শিক্ষার্থীর সবচেয়ে বড় শিক্ষক তাঁর পিতামাতা ও পরিবারের সদস্যরা। বেশির ভাগ পরিবারের কাছে শিক্ষা হচ্ছে, কয়েকটি বই মুখস্থ করে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করা। সমাজে একজন উচ্চশিক্ষা অর্জনকারী শিক্ষার্থী যদি উদ্যোক্তা হয়ে মাসে দুই লাখ টাকাও উপার্জন করে, তবু সে ব্যর্থ; আর মুখস্থ বিদ্যা অর্জন করে সরকারি চাকরি পেয়ে ৪০ হাজার টাকা বেতন পেলে সফল, সমাজে উচ্চ আসনে তার স্থান।
সমাজ থেকে এটাই শেখে, শিক্ষা অর্জন করে চাকরি পেলে সম্মান। শিক্ষকদের কাজ হলো শিক্ষার্থীদের হাত ধরে চলতে শেখানো, জ্ঞানের উপলব্ধি, নৈতিক বিকাশ, শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা জাগ্রত করে সঠিক পথ দেখানো। সর্বোপরি বলব, শিক্ষা কোনো পণ্য নয় এবং শিক্ষা মানে চাকরি নয়। আসুন সবাই এক হই, দেশ ও দেশের সর্বজনীন মঙ্গলে সোচ্চার হই।
আল-আমীন অরূপ আবির
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর