আরপিও সংশোধনী

গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের প্রস্তাব ইসির

গেজেট প্রকাশের পর অনিয়মের প্রমাণ পেলে ভোট বাতিলের ক্ষমতাসহ ১৪টি প্রস্তাব রয়েছে খসড়ায়। মন্ত্রিসভার নীতিগত অনুমোদন।

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

বিদ্যমান আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার পর সেই ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) নেই। তবে জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)’ সংশোধনের খসড়ায় সেই ক্ষমতার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরপিও সংশোধনের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন এবং সংসদে আইন পাস হলে ফলাফলের গেজেট (নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন) প্রকাশ হলেও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ইসি সেই ভোট বাতিল করার ক্ষমতা পাবে।

প্রস্তাবিত আরপিও সংশোধনীতে গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের কাজে কেউ বাধা দিলে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। এত দিন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগে ইউটিলিটি বিল (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল) জমা দিতে হতো। না হলে মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হতো। এখন মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত এসব বিলের কপি জমা দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। আর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে টিআইএন সনদ এবং কত টাকা আয়কর জমা দেওয়া হয়েছে, তার রসিদ জমা দিতে হবে। আগে এগুলো ছিল না।

আইন শক্ত হলেই আস্থা বাড়ে বা কমে না। আইনে এখনো অনেক কিছু আছে। যথাযথ প্রয়োগ না হলে সেই আইন দিয়ে কী লাভ?
এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকালের মন্ত্রিসভার বৈঠক তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, আরপিওর ১৪টি ধারায় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। গতকালের মন্ত্রিসভার বৈঠকে আরপিওর সংশোধনের বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটার আরও কিছু সংশোধন, মতামতসহ পরীক্ষা-নিরীক্ষা করে আবার মন্ত্রিসভায় উপস্থাপিত হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, নীতিগত অনুমোদন মানে এ ধরনের একটি আইন তৈরিতে সরকার প্রাথমিক সম্মতি দিয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর এটি বিল আকারে সংসদে যাবে।

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর অনিয়ম প্রমাণিত হলে নির্বাচন বাতিলসংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, নীতিগতভাবে এই প্রস্তাবে কোনো অসুবিধা নেই। ইসি নিরপেক্ষ হয়ে নির্মোহভাবে ন্যায়বিচারের স্বার্থে করলে এটি ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এসব প্রতিষ্ঠান পক্ষপাতমূলক হয়ে গেছে।

রিটার্নিং কর্মকর্তা নিয়ে নতুন করে আলোচনা

প্রস্তাবিত সংশোধনীতে জাতীয় নির্বাচনে আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা রাখার বিষয়টি আগের মতো বহাল রয়েছে। বিদ্যমান আইনে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে কোনো সদস্য নির্বাচনের উদ্দেশ্যে ওই এলাকার জন্য একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করবে। কোনো ব্যক্তিকে দুই বা ততোধিক নির্বাচনী এলাকার জন্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা যাবে।

তবে সাধারণত জাতীয় নির্বাচনগুলোতে প্রতি জেলার সব কটি নির্বাচনী আসনের জন্য একজন রিটার্নিং কর্মকর্তা হন। জেলা প্রশাসকেরা (ডিসি) তাঁর জেলার নির্বাচনী আসনগুলোর জন্য রিটার্নিং কর্মকর্তা হন।

এই বিষয়ে গতকাল সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, রিটার্নিং কর্মকর্তার বিষয়ে জেলাভিত্তিক রিটার্নিং কর্মকর্তা অথবা আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এখন কোনটি থাকবে, তা সরকার ঠিক করবে।

এর আগে অংশীজনদের সঙ্গে ইসির সংলাপে বিশিষ্টজনেরা জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের বদলে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার পরামর্শ দিয়েছিলেন। ইসি সূত্র জানায়, তারাও বিষয়টি ইতিবাচকভাবে চিন্তা করছে। আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সংখ্যা বাড়ানো যায় কি না এবং ডিসিদের পাশাপাশি ইসির নিজস্ব কর্মকর্তাদেরও রিটার্নিং কর্মকর্তা করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

বিদ্যমান আরপিওতে কিছু ক্ষেত্রে সংশোধনী আনার প্রস্তাব তৈরি করে গত বছরের অক্টোবরে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ইসি। যেসব সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছিল, সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো ফলাফল প্রকাশের পরও অনিয়ম প্রমাণিত হলে নির্বাচন বাতিল করার ক্ষমতা, প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখালে বা কেন্দ্রে যেতে বাধা দিলে শাস্তির বিধান, দলের সর্বস্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া, দায়িত্বে অবহেলায় কর্মকর্তাদের শাস্তির আওতা বাড়ানো, প্রার্থীদের আয়কর সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা, ভোট গণনার বিবরণী প্রার্থী ও তাঁর এজেন্টদের দেওয়া বাধ্যতামূলক করা ইত্যাদি। আইন মন্ত্রণালয় এসব প্রস্তাব ভেটিং (পরীক্ষা) করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়, যা নিয়ে গতকালের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।

মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের বলেন, কী কী সংশোধনী থাকবে, তা পরবর্তী সময়ে চূড়ান্ত করা হবে।

এ বছরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। তার আগেই আরপিও সংশোধনের উদ্যোগ নিল সরকার। এই সংশোধনী পাস হলে সেটা ইসির প্রতি আস্থা বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখবে, সেই প্রশ্নও সামনে এসেছে। এই বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আইন শক্ত হলেই আস্থা বাড়ে বা কমে না। আইনে এখনো অনেক কিছু আছে। যথাযথ প্রয়োগ না হলে সেই আইন দিয়ে কী লাভ? তাই আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ।