সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে

ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের স্বাধীন মতপ্রকাশে সবচেয়ে বড় বাধা: বিএনপি

ডিজিটাল নিরাপত্তা আইনকে দেশের জনগণের স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে মনে করে বিএনপি। দলটি বলছে, ডিজিটাল নিরাপত্তা আইন দেশের গণতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সরকার এই আইনের সুযোগ নিয়ে বিরোধী দলের নেতা-কর্মী, সংবাদকর্মী ও সাধারণ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে। বর্তমান সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এই নিবর্তনমূলক আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গতকাল রাতে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরে এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কিডনির সমস্যায় আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা আট মাসের বেশি সময় কারাগারে আটক আছেন। সম্প্রতি ইউএনবির সাংবাদিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এই আইনে মামলা দেওয়া হয়েছে। এসব বিষয় সভায় আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, এই কুখ্যাত আইন বাংলাদেশের জনগণের স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়।

সভা থেকে গণতন্ত্রবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। মির্জা ফখরুল বলেন, সভা থেকে শিক্ষার্থী খাদিজাতুল কুবরাসহ এই আইনে আটক সব বন্দীকে অবিলম্বে মুক্তি এবং এই আইনের অধীনে হওয়া সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩’ প্রসঙ্গ উত্থাপন করেন। সভায় বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রস্তাবিত আইন নানা কারণে বিতর্কিত, অগণতান্ত্রিক, শ্রমিক ও পেশাজীবীদের স্বার্থবিরোধী। আইনটি প্রণয়নের কোনো পর্যায়েই অংশীজনের মতামত নেওয়া হয়নি। বিএনপি প্রস্তাবিত অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানায়।

গত ৬ এপ্রিল অত্যাবশ্যক পরিষেবা বিল-২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এই বিল পাস হলে সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো অত্যাবশ্যক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোনো ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বা চলমান রাখলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

অত্যাবশ্যক পরিষেবার আওতায় ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ই-কমার্স ও অন্যান্য ইলেকট্রনিক বা ডিজিটাল সেবা; ডিজিটাল আর্থিক সেবা; বিদ্যুৎ সঞ্চালন, বিতরণ, সরবরাহ ও বিক্রয় এবং এ-সংক্রান্ত স্থাপনার রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ; স্থলপথ, রেলপথ, জলপথ বা আকাশপথে যাত্রী বা পণ্য পরিবহনসেবা এবং সংস্থা বা কারখানার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো পরিষেবাও রয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার ইচ্ছা করলে যেকোনো শিল্প, প্রতিষ্ঠান, পেশা ও সেবাকে এই আইনের আওতায় এনে ধর্মঘট নিষিদ্ধ করে তা অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ বানাতে পারবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশ এর গঠনতন্ত্র মানতে বাধ্য। সেখানে বলা হয়েছে, কোনো সদস্যরাষ্ট্র কোনো কনভেনশন অনুসমর্থন করলে তার প্রতিটি বিধান বাস্তবায়িত করবে। রাষ্ট্রের প্রচলিত আইন কনভেনশনের কোনো বিধানের সঙ্গে অসংগতিপূর্ণ হলে সেই আইন পরিবর্তন করতে হবে। অথচ প্রস্তাবিত আইনে অনুসমর্থন করা কনভেনশনের বিধান অগ্রাহ্য করে সরকার আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ ‘অপপ্রচার’ করছে। তিনি জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে বলেছেন। কিন্তু সরকার খালেদা জিয়ার সঙ্গে অমানবিক আচরণ করছে।

সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ।