
পদযাত্রা, সমাবেশ ও রোডমার্চ—এই তিন কর্মসূচিতে আগামী জুলাই মাসজুড়ে মাঠে সক্রিয় থাকতে চায় বিএনপি। দলটি ঢাকার বাইরে ছয়টি সমাবেশ ও ছয়টি পদযাত্রার কর্মসূচি করবে। ঈদের পর ঢাকায়ও নতুন কর্মসূচির ঘোষণা আসবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই কর্মসূচিগুলো হচ্ছে কার্যত সরকার হটানোর এক দফার চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতিপর্ব। আলাদা পদযাত্রা, সমাবেশ ও রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চও।
এ ছাড়া জুলাই মাসে যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটগুলোর সঙ্গে ‘যৌথ ঘোষণা’ বা রাজনৈতিক চুক্তিতে উপনীত হতে পারে বিএনপি, যা দীর্ঘদিন ধরে আটকে ছিল। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে যৌথ ঘোষণার তারিখ নির্ধারণ এবং নতুন করে যুগপৎ কর্মসূচির সিদ্ধান্ত হবে। সবকিছু ঠিকঠাকমতো এগোলে জুলাই মাস থেকে আবার যুগপৎ ধারায় ফিরতে পারে বিএনপিসহ জোটসঙ্গীদের আন্দোলন কর্মসূচি।
যদিও ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ আগামী মাসে বেশ কিছু কর্মসূচি এককভাবে পালন করবে বলে জোটের সূত্রে জানা গেছে। এর মধ্যে ১৯, ২০ ও ২১ জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ হবে। এর আগে ১৭ জুলাই তারা বরিশালে সমাবেশ করবে। তারও আগে ঢাকায় পদযাত্রাসহ কয়েকটি জেলায় সমাবেশ করার কথা রয়েছে। এসব কর্মসূচি নিয়ে ৪ জুলাই জোটের বৈঠক হবে।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মুহূর্তে গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর দৃষ্টি ‘যৌথ ঘোষণার’ দিকে। কারণ, যৌথ ঘোষণাপত্র নিয়ে জটিলতায় বিএনপির সঙ্গে তাদের একধরনের মন-কষাকষি চলছিল। বিএনপির সঙ্গে যুগপৎ কর্মসূচির ক্ষেত্রেও কিছুটা বিচ্ছিন্নতা তৈরি হয়।
এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘যৌথ ঘোষণাপত্র নিয়ে এখনো যা কিছু মতপার্থক্য আছে, তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ন্যূনতম যতটুকু ঐকমত্য হবে, তার ভিত্তিতে আমরা যৌথ ঘোষণায় যাব।’
এখন পর্যন্ত জুলাই মাসে বিএনপির বেশির ভাগ কর্মসূচিই একক। এই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের দিকে। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা মনে করছেন, দলের ছাত্র, যুব ও শ্রমিক সংগঠন তুলনামূলকভাবে দুর্বল। সামনের আন্দোলনে এই তিন শক্তিকে মুখ্য ভূমিকায় আনতে চান বিএনপির শীর্ষ নেতৃত্ব। এ লক্ষ্যে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিক দলও পৃথক সমাবেশের কর্মসূচি নিয়েছে।
জানা গেছে, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা বাদে ছয়টি শহরে এককভাবে শ্রমিক সমাবেশ করবে। আগামী ১৪ জুলাই চট্টগ্রামে প্রথম শ্রমিক সমাবেশ হবে। এরপর পর্যায়ক্রমে গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও বরিশালের পর সর্বশেষ ময়মনসিংহে শ্রমিক সমাবেশ হবে। শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে তাঁরা খুলনা ছাড়া অন্য সমাবেশগুলোর প্রস্তুতি সভাও করেছেন।
যৌথ ঘোষণাপত্র নিয়ে এখনো যা কিছু মতপার্থক্য আছে, তা নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ন্যূনতম যতটুকু ঐকমত্য হবে, তার ভিত্তিতে আমরা যৌথ ঘোষণায় যাবগণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
এর পাশাপাশি সামনের আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল ও তাঁতি দল—এই চারটি সংগঠন বিভাগভিত্তিক ছয়টি পদযাত্রার কর্মসূচি নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘কৃষক-শ্রমিক-জেলে-তাঁতি মেহনতি মানুষের পদযাত্রা’। ১৫ জুলাই নোয়াখালী থেকে এই পদযাত্রার কর্মসূচি শুরু হবে। এরপর ১৯ জুলাই দিনাজপুরে, ২৮ জুলাই রাজশাহীতে, ৫ আগস্ট যশোরে, ২২ আগস্ট হবিগঞ্জে এবং ১৯ আগস্ট বরিশালে পদযাত্রা হবে।
গতকাল নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে আন্দোলনে তরুণ-যুবকদের যুক্ত করতে ১৪ জুন চট্টগ্রাম থেকে তারুণ্যের যে সমাবেশ শুরু হয়েছে, সেটি ২২ জুলাই ঢাকার সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। চট্টগ্রামের পর ইতিমধ্যে বগুড়া ও বরিশালে তারুণ্যের সমাবেশ হয়েছে। ঢাকার আগে আগামী ৯ জুলাই সিলেটে ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশ হবে। এর মধ্যে ঢাকায় একটি ‘নারী সমাবেশ’ করার কথাও রয়েছে।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, জুলাই মাসে বিএনপির অনেকগুলো কর্মসূচি আছে। এর মধ্যে ‘নারী সমাবেশ’ নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। সমাবেশের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি, এটি নির্ভর করছে অন্যান্য কর্মসূচির ওপর।
দলীয় সূত্রগুলো বলছে, জুলাই মাসের কর্মসূচিগুলো মূলত চূড়ান্ত আন্দোলনে নামার আগে আরও জনসম্পৃক্তি বাড়ানোর একটা প্রস্তুতি। জুলাইয়ের পর আগস্ট মাসে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়া হবে। যদিও বিএনপির নেতারা এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলছেন না। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এক দফার আন্দোলনের ঘোষণা আসছে।