পাথেয়

ষড়যন্ত্রের শিকার হলে মুমিনের ৬ করণীয়

মানুষের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যা সামাল দিতে সে হিমশিম খেয়ে যায়। বিশেষ করে ব্যক্তিগত শত্রুতা বা তুচ্ছ কোনো কারণে কেউ যখন ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

সেই অভিযোগকে জোরালো করতে অনেক সময় বক্তব্য বিকৃত করা হয়, চরিত্রে কালিমা লেপন করা হয়, এমনকি ধর্মীয় আবেগকে ব্যবহার করেও জনমত তৈরি করা হয়।

এমন প্রতিকূল পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কী হতে পারে—এমন ছয়টি দিক তুলে ধরা হলো:

১. ধৈর্য ধরা ও আল্লাহর ওপর ভরসা করা

ষড়যন্ত্র ও চক্রান্তের শিকার হলে মুমিনের প্রথম কর্তব্য হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। এ প্রসঙ্গে নবীদের ঘটনা স্মরণ করা যেতে পারে।

নবী ইউসুফ (আ.) নিজের ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি দীর্ঘদিন নানা কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন; কিন্তু সেই কঠিন সময়েও আল্লাহর প্রতি আস্থা হারাননি। একসময় আল্লাহ তাঁকে সম্মান ও প্রতিষ্ঠা দান করেন।

একইভাবে কোনো মুমিন যদি আল্লাহর ওপর আস্থা রেখে নিজের কাজ চালিয়ে যান, তবে আল্লাহ তাঁকে সব চক্রান্ত থেকে মুক্ত করবেন।

বহু দৃষ্টান্ত দেখা যায়, যেখানে অন্যের বিরুদ্ধে পাতা ফাঁদে ষড়যন্ত্রকারী নিজেই আটকা পড়েছে। অন্যদিকে সেই চক্রান্তই নির্যাতিত ব্যক্তির মুক্তি ও সম্মানের কারণ হয়ে দাঁড়িয়েছে।

২. আল্লাহর সাহায্য কামনা করা

নবী মুসা (আ.) ও তাঁর কওম ফেরাউনের নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েছিল। সেই কঠিন সময়ে মুসা (আ.) তাঁর জাতিকে আল্লাহর সাহায্য চাইতে এবং ধৈর্য ধরতে বলেছিলেন।

পবিত্র কোরআনে তাঁর সেই উপদেশ উদ্ধৃত হয়েছে, ‘তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো।’ (সুরা আরাফ, আয়াত: ১২৮)

এ থেকে স্পষ্ট হয়, অন্যায় ও ষড়যন্ত্রের মুখে ভেঙে না পড়ে আল্লাহর সাহায্য কামনা করতে হবে এবং নিজের অবস্থানে অবিচল থাকতে হবে।

৩. আল্লাহর ন্যায়বিচারের ওপর আশা রাখা

আল্লাহ জালিমকে কখনোই চূড়ান্তভাবে ছেড়ে দেন না। ষড়যন্ত্রের পরিণতি শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে আসে। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই এই আশ্বাস দিয়েছেন, ‘কূটচক্রান্ত শুধু তার পরিকল্পনাকারীকেই পরিবেষ্টন করে।’ (সুরা ফাতির, আয়াত: ৪৩)

পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এমন বহু দৃষ্টান্ত দেখা যায়, যেখানে অন্যের বিরুদ্ধে পাতা ফাঁদে ষড়যন্ত্রকারী নিজেই আটকা পড়েছে। অন্যদিকে সেই চক্রান্তই নির্যাতিত ব্যক্তির মুক্তি ও সম্মানের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই কোনো অবস্থাতেই আশা হারানো যাবে না।

অপপ্রচারের জবাব দিতে গিয়েও যেন নিজের আচরণে অন্যায়, বিদ্বেষ কিংবা প্রতিহিংসা প্রকাশ না পায়, সেদিকে সচেতন থাকতে হবে।

৪. আচরণে সংযম বজায় রাখা

ষড়যন্ত্রের শিকার হলেও প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে সংযম বজায় রাখা জরুরি। রাসুল (সা.) বলেছেন, ‘প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে প্রতিপক্ষকে পরাস্ত করে; বরং প্রকৃত শক্তিশালী সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬১১৪)

তাই অপপ্রচারের জবাব দিতে গিয়েও যেন নিজের আচরণে অন্যায়, বিদ্বেষ কিংবা প্রতিহিংসা প্রকাশ না পায়, সেদিকে সচেতন থাকতে হবে।

৫. মন্দের জবাব মন্দ দিয়ে না দেওয়া

অপমানের জবাবে অপমান, অপপ্রচারের জবাবে অপপ্রচার কিংবা মিথ্যা অভিযোগের জবাবে পাল্টা মিথ্যা অভিযোগ—এসব থেকে বিরত থাকা একজন মুমিনের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, ‘মন্দকে প্রতিহত করো উত্তম পন্থায়।’ (সুরা মুমিনুন, আয়াত: ৯৬)

৬. ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণ করা

আল্লাহর ওপর ভরসা করার অর্থ হাত গুটিয়ে বসে থাকা নয়; বরং পরিস্থিতি বুঝে ন্যায়সংগত পদক্ষেপ গ্রহণ করা। পবিত্র কোরআনে এসেছে, মিসরের আজিজ-পত্নী (ইতিহাসে যিনি জুলাইখা নামে পরিচিত) নবী ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে কারাগারে পাঠিয়েছিলেন।

পরে বাদশাহ যখন তাঁকে কারাগার থেকে মুক্ত করার জন্য দূত পাঠালেন, তখন ইউসুফ (আ.) প্রথমেই তাঁর বিরুদ্ধে করা ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তের শর্ত দিলেন।

কোরআনে এর বিবরণ এভাবে এসেছে, ‘বাদশাহ বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। অতঃপর যখন দূত তার কাছে এল, তখন ইউসুফ বললেন, তোমার মনিবের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো, যেসব নারী নিজেদের হাত কেটে ফেলেছিল, তাদের ব্যাপার কী? নিশ্চয়ই আমার প্রতিপালক তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত।’ (সুরা ইউসুফ, আয়াত: ৫০)

এখান থেকে বোঝা যায়, ষড়যন্ত্রকে মাথা পেতে মেনে নেওয়া যাবে না; বরং সত্য প্রতিষ্ঠা ও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে হবে।

ষড়যন্ত্রের শিকার ব্যক্তির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো সাময়িক বিপর্যয়কে চূড়ান্ত পরিণতি মনে না করা। অন্যায়কারী হয়তো কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করতে পারে; কিন্তু মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে আল্লাহর ফয়সালা।

ভবিষ্যৎ পরিবর্তনের মালিক আল্লাহ

ষড়যন্ত্রের শিকার ব্যক্তির জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো সাময়িক বিপর্যয়কে চূড়ান্ত পরিণতি মনে না করা। অন্যায়কারী হয়তো কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করতে পারে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে; কিন্তু মানুষের সব পরিকল্পনার ঊর্ধ্বে আল্লাহর ফয়সালা।

শেষ পর্যন্ত শুভ পরিণাম মুত্তাকিদের জন্যই নির্ধারিত। আল্লাহ–তাআলা বলেন, ‘আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেন। অবশ্যই আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট মাত্রা।’ (সুরা তালাক, আয়াত: ৩)

  • মওলবি আশরাফ: শিক্ষার্থী, লেখক ও অনুবাদক

    mawlawiashraf@gmail.com