পাথেয়

প্রতিদিন সুস্থ থাকতে জেনে নিন নবীজির ৭ সুন্নত

মানুষ নিজের শরীরের প্রকৃত মালিক নয়, এটি আল্লাহর দেওয়া আমানত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে ফিরে যাব।’ (সুরা বাকারা, আয়াত: ১৫৬)

যা আমানত, তার যত্ন নেওয়া দায়িত্বের অংশ। তাই সুস্থতার প্রয়োজন উপেক্ষা করা বা ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়া এই দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দৈনন্দিন জীবনে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য নবীজি যে ৭টি গুরুত্বপূর্ণ সুন্নত বলে দিয়েছে, তা আলোচনা করা হলো:

সুস্থ জীবনের অন্যতম শর্ত খাদ্যাভ্যাসে সংযম। ইসলাম খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং শিখিয়েছে পরিমিতিবোধ।

১. ভারসাম্যপূর্ণ জীবন

নবীজি (সা.) এমন জীবনের শিক্ষা দিয়েছেন, যেখানে আত্মার পরিশুদ্ধির পাশাপাশি দেহের সুস্থতাও গুরুত্ব পায়। তিনি বলেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ১৯৬৮)

ইবাদতের নামে শরীরকে নিঃশেষ করে দেওয়া যেমন কাম্য নয়, তেমনি দেহের আরামের নামে আত্মিক কর্তব্য বিসর্জন দেওয়াও গ্রহণযোগ্য নয়।

২. খাদ্যে সংযম

সুস্থ জীবনের অন্যতম শর্ত খাদ্যাভ্যাসে সংযম। ইসলাম খাবার গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেনি, বরং শিখিয়েছে পরিমিতিবোধ। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)

রাসুল (সা.) বলেন, ‘আদমসন্তানের মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৩৮০)

অতিরিক্ত খাদ্য গ্রহণ স্থূলতা, ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। খাদ্যে সংযম শরীরকে সুস্থ রাখে এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়।

৩. পরিচ্ছন্নতা

পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি। আল্লাহ–তাআলা বলেন, ‘আপনার পোশাক পবিত্র রাখুন।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)

নবীজি (সা.) অজু ও গোসলের মাধ্যমে শরীর পরিচ্ছন্ন রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩)

ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির পাত্রে হাত ডোবাতেও তিনি নিষেধ করেছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৬২)

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং স্থির পানিতে প্রস্রাব করা থেকে বিরত থাকাকেও ইসলাম সামাজিক পরিচ্ছন্নতার অংশ করেছে।

হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক বা চিকিৎসা সৃষ্টি করেননি। তবে একটি রোগ এর ব্যতিক্রম। তা হলো বার্ধক্য।
সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫

৪. রোগের আগেই সতর্ক থাকা

রোগ ও বিপদ থেকে বাঁচতে নবীজি আগেভাগেই সতর্ক হতে শিখিয়েছেন। সংক্রামক রোগের বিস্তার রোধে রাসুল (সা.) বলেন, ‘তোমরা যখন কোনো এলাকায় মহামারির প্রাদুর্ভাবের কথা শোনো, তখন সেখানে প্রবেশ করো না। আর কোনো এলাকায় মহামারি দেখা দিলে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান থেকে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৮)

৫. চিকিৎসা গ্রহণ

অসুস্থ হলে চিকিৎসা নেওয়া ইসলামের শিক্ষারই অংশ। রাসুল (সা.) বলেন, ‘হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। কেননা আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি, যার প্রতিষেধক বা চিকিৎসা সৃষ্টি করেননি। তবে একটি রোগ এর ব্যতিক্রম। তা হলো বার্ধক্য।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৮৫৫)

তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করাই ইসলামের নির্দেশনা। কেবল তাকদিরের অজুহাতে চিকিৎসায় নিষ্ক্রিয় থাকা ইসলামের শিক্ষা নয়।

৬. পর্যাপ্ত বিশ্রাম

শরীর ও মনের সুস্থতার জন্য কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও অপরিহার্য। আল্লাহ–তাআলা বলেন, ‘আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম এবং রাতকে করেছি আবরণ।’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)

একবার কয়েক সাহাবি নবীজির ইবাদত সম্পর্কে জেনে নিজেদের জন্য সারা রাত নামাজ পড়ার, সারা বছর রোজা রাখার সংকল্প করলেন।

বিষয়টি জানতে পেরে রাসুল (সা.) বললেন, ‘...আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দিই; নামাজ পড়ি, আবার ঘুমাইও এবং বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ হবে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৩)

অর্থাৎ শরীরের প্রয়োজন উপেক্ষা করে ইবাদত বা পরিশ্রমে ডুবে থাকা সুন্নাহসম্মত নয়।

পার্থিব সম্পদ মানুষের সব অস্থিরতা দূর করতে পারে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও মানুষ প্রশান্তি খুঁজে পায়।

৭. ক্ষতিকর অভ্যাস বর্জন

মদ, মাদক ও তামাকজাতীয় দ্রব্যের আসক্তি শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে বিবেক ও সামাজিক জীবনকেও বিপর্যস্ত করে। আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)

রাসুল (সা.) বলেছেন, ‘নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতিও করা যাবে না।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)

এই নীতি আমাদের যুগের ধূমপানের ক্ষেত্রেও প্রযোজ্য, যা নিজের ও অন্যের ক্ষতির কারণ। তাই স্বাস্থ্যবিধ্বংসী সব আচরণ পরিহার করা সচেতন মুমিনের পরিচয়।

পার্থিব সম্পদ মানুষের সব অস্থিরতা দূর করতে পারে না। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে জীবনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও মানুষ প্রশান্তি খুঁজে পায়।

সুস্থ শরীর এমন সম্পদ, যার মূল্য হারিয়ে যাওয়ার পর বোঝা যায়। শরীর সুস্থ থাকলে মানুষ দীর্ঘ সময় ইবাদত করতে পারে, উপার্জন করতে পারে, পরিবারকে সময় দিতে পারে এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করতে পারে। তাই শারীরিক সুস্থতার প্রতি লক্ষ রাখা প্রতিটি মুমিনের দায়িত্ব।

  • নাহিদা সুলতানা : আলেমা ও প্রাবন্ধিক