নিজের পারফরম্যান্সের পর সুইমিং পুলেই অচেতন হয়ে ডুবতে থাকা যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমার আনিতা আলভারেজকে নাটকীয়ভাবে উদ্ধার করেছেন তাঁর কোচ ফুয়েন্তেস
নিজের পারফরম্যান্সের পর সুইমিং পুলেই অচেতন হয়ে ডুবতে থাকা যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমার আনিতা আলভারেজকে নাটকীয়ভাবে উদ্ধার করেছেন তাঁর কোচ ফুয়েন্তেস

ফটো ফিচার

যে ভাবে ডুবতে বসা অচেতন সাঁতারুকে নাটকীয়ভাবে উদ্ধার করলেন তাঁর কোচ

খেলোয়াড়কে পরামর্শ দেওয়া, শেখানো, পারফরম্যান্স ভালো করতে উদ্বুদ্ধ করা—সাধারণত একজন কোচের কাজের তালিকায় থাকে এসব। কিন্তু আক্ষরিক অর্থেই জীবন বাঁচানো? আন্দ্রিয়া ফুয়েন্তেস করেছেন সেটিই। নিজের পারফরম্যান্সের পর সুইমিং পুলেই অচেতন হয়ে ডুবতে থাকা যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমার আনিতা আলভারেজকে নাটকীয়ভাবে উদ্ধার করেছেন তাঁর কোচ ফুয়েন্তেস। পুরো দৃশ্যটা ধরা পড়েছে ক্যামেরায়।
বুদাপেস্টে ২০২২ সালের ফিনা ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে পারফর্ম করছিলেন যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমার আনিতা আলভারেজ
স্থানীয় সময় বুধবার নিজের সোলো ফ্রি পারফরম্যান্স শেষে অচেতন হয়ে পড়েন ২৫ বছর বয়সী আলভারেজ। ডুবে যেতে থাকেন পুলের তলানিতে
আলভারেজের ডুবে যাওয়া দেখেন প্রধান কোচ আন্দ্রিয়া ফুয়েন্তেস। যে পোশাক পরে ছিলেন, ওই অবস্থাতেই পুলে ঝাঁপ দেন তিনি।
স্পেনের সংবাদপত্র মার্কাকে ফুয়েন্তেস পরে বলেন, ‘বেশ ভয় ধরিয়ে দেওয়ার মতো ব্যাপার ছিল। তাঁকে উদ্ধারের জন্য লাইফগার্ড বা কেউ ছিল না। ফলে আমাকেই ঝাঁপ দিতে হয়। সে নিশ্বাস নিচ্ছিল না বলে ভয় পেয়ে যাই আমি।’
আলভারেজকে টেনে ওপরে নিয়ে আসেন ফুয়েন্তেস
আরেকজন সাঁতারুর সহায়তায় এরপর পুলের পাড়ে নিয়ে যাওয়া হয় তাঁকে
অচেতন আলভারেজকে প্রাথমিক সহায়তা দেওয়ার চেষ্টা ফুয়েন্তেসদের
আলভারেজকে নিয়ে উদ্বিগ্ন সতীর্থরা
পানি থেকে তোলার পর স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় আলভারেজকে। যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমিংয়ের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক বিবৃতিতে ফুয়েন্তেস বলেছেন, ‘চিকিৎসকেরা আনিতার সবকিছু পরীক্ষা করে দেখে স্বাভাবিকই পেয়েছেন—হৃদ্‌যন্ত্রের ক্রিয়া, অক্সিজেন, সুগার লেভেল, রক্তচাপ। সবই ঠিক আছে।’
‘আমরা মাঝে মাঝে ভুলে যাই, এ রকম অতি উচ্চ স্ট্যামিনার অন্যান্য খেলায় এমন হয়ে থাকে। অ্যাথলেটরা শেষ পর্যন্ত যেতে পারে না, অন্যান্যরা তাকে সহায়তা করে—এমন দৃশ্য আমরা দেখেছি। আমাদের খেলাও আলাদা নয়। পার্থক্য বলতে এটা শুধু পুলে হয়ে থাকে’, যোগ করেন ফুয়েন্তেস
‘আনিতা এখন ভালো বোধ করছে, ঠিকঠাক আছে। কাল (আজ) সারা দিন বিশ্রাম নেবে, এরপর ডাক্তাররা ঠিক করবে সে সাঁতার কাটবে কি না (পরের ইভেন্টে)। আনিতাকে শুভ কামনা জানানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ’, বলেছেন সিনক্রোনাইজড সাঁতারে চারবার অলিম্পিক পদকজয়ী ফুয়েন্তেস
অবশ্য সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলভারেজের সঙ্গে এমন ঘটনা এই প্রথম নয়। গত বছর স্পেনে অলিম্পিক বাছাইপর্বের সময়ও একইভাবে অচেতন হয়ে পড়েছিলেন আলভারেজ। সেবারও তাঁকে একইভাবে উদ্ধার করেন ফুয়েন্তেস। সে সময় আলভারেজের মা বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এর আগেও এমনটা হতে দেখেছি আমি।’