
কদিন ধরে বেশ আলোচনা হচ্ছিল, অলিম্পিকে একটা সোনার পদকের দাম কত? হয়তো ‘দাম’ অত বেশি নয়, কিন্তু একজন অ্যাথলেটের সারা জীবনের লালিত স্বপ্নের পদকটি আসলে ‘অমূল্য’। কিন্তু পিওতর মালাখোস্কিকে জিজ্ঞেস করুন, সোনার মূল্য নিয়ে তাঁর ভাবনা নেই, একটা রুপার পদকের মূল্য যে তাঁর কাছে একটা জীবনের সমান। ক্যানসারে আক্রান্ত এক শিশুর জীবন বাঁচাতে রিও অলিম্পিক পাওয়া রুপার পদকটিই বেচে দিয়েছেন পোলিশ ডিসকাস থ্রোয়ার।
সোনা জয়ের স্বপ্ন নিয়ে রিওতে রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মালাখোস্কিকে। এ নিয়ে হতাশা ছিল হয়তো, কিন্তু সেটি মুছে দেয় একটি চিঠি। ওলেক নামের তিন বছরের এক শিশুর মায়ের লেখা। দুই বছর ধরেই চোখের ক্যানসারের সঙ্গে লড়ছে ওলেক, শেষ আশা হিসেবে চিকিৎসার জন্য তাকে আনা হয় নিউইয়র্কে। কিন্তু চিকিৎসার প্রয়োজনীয় অর্থ যে নেই ওলেকের পরিবারের।
চিঠিটি পেয়েই এগিয়ে আসেন মালাখোস্কি। মাত্রই অলিম্পিকে জেতা রুপার পদকটি দিয়ে দেন নিলামে। সেটির ঘোষণা ফেসবুকে দিয়ে লিখেছিলেন, ‘রিওতে আমি সোনার জন্য লড়েছিলাম। আজ সবাইকে অনুরোধ করছি সেটির চেয়েও মূল্যবান কিছুর জন্য। আপনাদের সাহায্য পেলে, আমার রুপার পদকটি ওলেকের জন্য সোনার চেয়েও দামি হয়ে উঠবে।’
পদকটি এরই মধ্যে বিক্রিও হয়ে গেছে। ওলেকের চিকিৎসা ঠিকঠাকভাবে শেষ হলেই মালাখোস্কির চেষ্টাটা চূড়ান্ত সাফল্য দেখবে। তবে আপাতত অবুঝ শিশুটির জন্য কিছু করতে পেরেই খুশি ৩৩ বছর বয়সী পোলিশ, গর্বিতও। পদকটির ক্রেতা পেয়ে ফেসবুকে ছোট্ট একটি শব্দে জানিয়ে দিয়েছেন নিজের অনুভূতি, ‘সাফল্য!’ এএফপি।