
অবশেষে স্বপ্ন পূরণ হলো শেখ রাসেল ক্রীড়াচক্রের। শুধুই কি শেখ রাসেলের? গোটা বাংলাদেশেরও কি নয়? আজ কলম্বোয় সুগাথাদাসা স্টেডিয়ামে ভুটানের উগেন ফুটবল একাডেমিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে বাংলাদেশের প্রথম দল হিসেবে উঠে গেছে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে।
আজকের ম্যাচের স্কোরলাইন দেখে মনে হবে, এ যেন শ্রীলঙ্কা বিমানবাহিনীর বিপক্ষের ম্যাচেরই পুনরাবৃত্তি! ওই ম্যাচে গোল হয়েছিল পাঁচটি কিন্তু আজ চারটি—পার্থক্য এই যা! গোলদাতাদের নামও অনেকটা এক। ১৪ মিনিটেই গোলের উত্সব শুরু করেন হাইতিয়ান ফরোয়ার্ড প্যাসকেল। ২১ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন মিঠুন। ২৮ মিনিটে শাকিল আহমেদ প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিলে প্রথমার্ধেই স্কোরলাইন: ৩-০। ম্যাচের একদম শেষ মুহূর্তে অর্থাত্ ৮৮ মিনিটে আবারও মিঠুনের গোল। সবমিলিয়ে স্কোরলাইন শেখ রাসেল ৪: ০ উগেন ফুটবল একাডেমি। এ জয়ে এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হলো বাংলাদেশের ক্লাবটির।
আবাহনী চারবার এএফসি প্রেসিডেন্টস কাপে খেলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি। শেখ জামাল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েও পাকিস্তানে যায়নি নিরাপত্তার কারণ দেখিয়ে। আশির দশকে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে দুবার দ্বিতীয় রাউন্ডে খেলেছিল মোহামেডান। দীর্ঘ অপেক্ষার পর আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে ঠাঁই করে নিল শেখ রাসেল।