বুন্দেসলিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, জার্মান কাপ-২০১৩ সালটা দুর্দান্ত কাটিয়েছেন ফ্রাঙ্ক রিবেরি। ব্যালন ডি অ’র অনুষ্ঠানের আগে ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে বায়ার্ন মিউনিখ ও ফ্রান্স উইঙ্গার খুলে দিয়েছেন মনের ঝাঁপি
ফিফা ডট কম: ২০১৩ সালে হাত দিয়ে যা ধরেছেন, সবই যেন সোনা হয়েছে। এটা কি এমন একটা বছর, যখন আপনার সবকিছুই সম্ভব মনে হয়েছে?
ফ্রাঙ্ক রিবেরি : হ্যাঁ, প্রতি ম্যাচেই আপনি যা চান সেটা করতে পারলে আত্মবিশ্বাস বাড়তে শুরু করে। আমি তো বলছিলাম, ‘বছরটা যদি আরও লম্বা হতো!’
২০১৪ সালে এর চেয়ে ভালো করা সম্ভব মনে করেন?
রিবেরি: গত বছর যা করেছিলাম, সেটি আবার করার মতো দলীয় গভীরতা আমাদের আছে। কিন্তু এটা সত্যি যে, ২০১৩ সাল আমাদের জন্য অসাধারণ একটা বছর ছিল। এই সাফল্য ছাড়িয়ে যাওয়া হবে আসলেই কঠিন।
মিউনিখ থেকে পাওয়া কোন দিকটা ফ্রান্সের হয়ে কাজে লাগাতে পারবেন?
রিবেরি: আমার অভিজ্ঞতা, আমার পরিণতিবোধ। আমি এখন ৩০, ক্যারিয়ারের অনেক পথই পার করে এসেছি। আমি ফ্রান্সে দলে আমার অনুজ সতীর্থদের সঙ্গে অনেক কথা বলি। আমরা একটা বড় দেশের প্রতিনিধিত্ব করি। নীল শার্টের ওজন আসলেই অনেক। অনেক চাপ থাকে, এটিকে সামলানো সহজ কথা নয়। তাই আমি ওদের মানসিকভাবে তৈরি হতে সাহায্য করি। আপনার অভিজ্ঞতা তো এভাবেই কাজে লাগাতে হবে।
জীবনে অনেকগুলো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে আপনাকে। শৈশবে একবার গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। এসব অভিজ্ঞতার কারণেই কি আজকের এই আপনি?
রিবেরি: এটা সত্যি, জন্মের পর থেকেই অনেক প্রতিকূলতা পার হতে হয়েছে আমাকে। আর এটাই আমাকে শক্তি জুগিয়েছে। সাফল্যের প্রণোদনা দিয়েছে। ভয় জিনিসটা আমার মধ্যে নেই। সে কারণেই অনেক কঠিন পরিস্থিতি আমি সামলে উঠতে পেরেছি।
ক্যারিয়ারের একটা ম্যাচ বেছে নিতে বললে কোনটিকে নেবেন?
রিবেরি: খুবই কঠিন প্রশ্ন। স্পেনের বিপক্ষে ২০০৬ বিশ্বকাপের ম্যাচটা আমার জন্য খুবই আবেগের ছিল। গত বছর বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটাও ছিল একই রকম।
রিবেরি: চেলসির বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে করা গোলটা। আমরা ১-০ গোলে পিছিয়ে ছিলাম। আমার গোল দলের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছিল। আমরা পরে পেনাল্টিতে জিতেছি। মনশেনগ্লাডবাখের সঙ্গে করা গোলের কথাও মনে আছে আমার। আমরা ৩-২ গোলে পিছিয়ে ছিলাম, আমি দারুণ একটা ভলিতে গোল করি। এরপর রোবেনকে আরেকটা বানিয়ে দিই।
আপনি তো অনেক দুষ্টুমি করতে পছন্দ করেন, কোনটা বেশি মনে আছে?
রিবেরি: একবার সবাই মিলে অলিভার কানের মাথায় পানি ঢেলে দিয়েছিলাম। দুষ্টুমিটা আমার মজ্জাগত। এখন বয়স হয়েছে, বাবা হয়েছি। আগের মতো অতো মজা করতে পারি না।
ফ্রান্সের হয়ে আপনার পরের চ্যালেঞ্জ তো এখন ব্রাজিল বিশ্বকাপ, তাই না?
রিবেরি: আমার জন্য এটাই হয়তো শেষ বিশ্বকাপ। আমরা চেষ্টা করব ফ্রান্সকে একটা উৎসবের উপলক্ষ এনে দিতে।