২৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলেছিল ভারত। তখন কে ভাবতে পেরেছিল এমন সহজ ম্যাচ এত কঠিন করে জিতবে তারা? এরপর ২২ রান যোগ করতেই ৭ উইকেটের পতন! হারের শঙ্কায় কম্পমান ভারত।
পাল্লেকেলেতে কাল ভারতকে ভয় ধরিয়ে দিয়েছিলেন স্পিনার আকিলা ধনঞ্জয়া। ৫৪ রানে নিয়েছেন ৬ উইকেট। কিন্তু ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও জেতাতে পারেননি দলকে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩ উইকেটে জিতে পাঁচ ওয়ানডের সিরিজে ২-০-তে এগিয়ে ভারত।
হারতে বসা ভারত জয়ের মুখ দেখেছে অষ্টম উইকেটে মহেন্দ্র সিং ধোনি (৪৫*) ও ভুবনেশ্বর কুমারের (৫৩*) অবিচ্ছিন্ন ১০০ রানের জুটিতে। এর আগে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৩৬ করে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪৭ ওভারে ২৩১ রানের লক্ষ্য পায় ভারত। ক্রিকইনফো।