পাকিস্তানের পেসার নাসিম শাহ
পাকিস্তানের পেসার নাসিম শাহ

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পরও ২ কোটি রুপি জরিমানা নাসিমের

টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করে দিয়েছেন, চেয়েছেন নিঃশর্ত ক্ষমাও। তবু শাস্তি থেকে বাঁচতে পারলেন না পাকিস্তানের পেসার নাসিম শাহ।

পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিত থাকাসংক্রান্ত এক পোস্টের জন্য ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে তাঁকে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে পাকিস্তান জ্বালানিসংকটে পড়েছে। এ কারণে পিএসএলের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছয়টি থেকে কমে টুর্নামেন্টের ভেন্যু এখন শুধু লাহোর ও করাচি। গাদ্দাফি স্টেডিয়ামে দর্শকবিহীন স্টেডিয়ামেও বিশাল বহর নিয়ে হাজির হয়েছিলেন মরিয়ম।  

উদ্বোধনী ম্যাচের দুই দল লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয় তাঁকে। এ রকম একটি ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে নাসিম শাহ লিখেছিলেন, ‘তাঁকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’

কিছুক্ষণ পরই অবশ্য ওই পোস্ট ডিলিট করে দেন নাসিম শাহ। তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল বলেও দাবি করেন। পিসিবির দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন এই পেসার। তবে এত কিছুর পরও রক্ষা পাননি তিনি।

আজ এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের উপদেষ্টাকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পিসিবির আওতায় থাকা কোনো খেলোয়াড়ের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না তিনি।’

পাকিস্তানে এমন ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে গত বছর সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের পক্ষে স্লোগান দেওয়ায় ৪ হাজার ডলার জরিমানা করা হয়েছিল অলরাউন্ডার আমির জামালকে। এবার শাস্তি পেলেন নাসিম শাহও।

পাকিস্তানের হয়ে ২০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ৩৭ টি-টুয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৫২ উইকেট আছে তাঁর।