সাইম আইয়ুব
সাইম আইয়ুব

১ নম্বর অলরাউন্ডার হয়ে বিশ্বকাপে সাইম আইয়ুব

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন পাকিস্তান অলরাউন্ডার সাইম আইয়ুব। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১৯ রান, স্ট্রাইক রেট ছিল ১৭০।

এমন পারফরম্যান্সে আইসিসি টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন সাইম। এর আগে গত বছরের অক্টোবরে শীর্ষে উঠেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

২৩ বছর বয়সী এই ক্রিকেটার শীর্ষস্থান থেকে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে সরিয়ে দিয়েছেন।

অস্ট্রেলিয়া সিরিজে আরও পারফর্ম করেছেন স্পিনার আবরার আহমেদ ও মোহাম্মদ নেওয়াজ। আবরার অস্ট্রেলিয়া সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এসেছেন।

মোহাম্মদ নেওয়াজ এখন ব্যাটে বলে সেরা ফর্মে

শীর্ষে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর থেকে ২৮ রেটিং পয়েন্ট পিছিয়ে আছেন তিনি। নেওয়াজ উইকেট নিয়েছেন ৭টি, যা অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ। বোলারদের তালিকায় তিনি ৮ ধাপ এগিয়ে উঠেছেন ৭ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় নেওয়াজ আছেন চারে।

টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কিছু পরিবর্তন এসেছে। শীর্ষে অভিষেক শর্মা অবস্থান ধরে রেখেছেন। ইংল্যান্ডের জস বাটলার (তৃতীয়), শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা (পঞ্চম), ভারতের সূর্যকুমার যাদব (ষষ্ঠ) এবং নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (নবম)। প্রত্যেকে এক ধাপ এগিয়েছেন।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১১ জনে ৭ দেশের ক্রিকেটার রয়েছেন। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে আরও পরিবর্তনের সুযোগ থাকবে।

টি-টুয়েন্টি বোলার র‌্যাঙ্কিংয়ে অভিজ্ঞ আদিল রশিদ দুই ধাপ এগিয়ে চতুর্থ এবং মিচেল স্যান্টনার আট ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে উঠেছেন। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তাঁরা নিজ নিজ দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।