বিশেন হালাম্বাগেকে ধাক্কা দিয়েছেন সূর্যবংশী
বিশেন হালাম্বাগেকে ধাক্কা দিয়েছেন সূর্যবংশী

সূর্যবংশীর পর ‘সংঘর্ষে’ জয়সোয়ালও, আইসিসি–বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়। প্রতিদ্বন্দ্বিতা, কথা-কাটাকাটি, উদ্‌যাপন—সবই খেলার অংশ। কিন্তু সেই উত্তেজনা যখন শারীরিক সংঘর্ষে গড়ায়, তখন প্রশ্ন ওঠে খেলোয়াড়দের আচরণ নিয়ে। ভারতের দুই তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সোয়ালের সাম্প্রতিক দুটি ঘটনা সেই আলোচনাই সামনে এনেছে।

দুটি ঘটনাতেই ছাড় পেয়েছেন সূর্যবংশী ও জয়সোয়াল, এমনটাই মনে করেন ভারতেরই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এক্সে আজ তিনি লিখেছেন, ‘প্রিয় আইসিসি ও বিসিসিআই, ভারত এ দলের হয়ে বৈভব আর এখন জয়সোয়াল। এ ধরনের আচরণে যদি বারবার তাদের ছাড় দেওয়া হয়, তাহলে এমন আচরণের পুনরাবৃত্তি করতেই তাদের শেখানো হয়। এটি খেলার জন্য ভালো নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও এটি ভালো নয়।’

জয়সোয়ালের ঘটনাটি চলতি কলম্বোর টেস্টের প্রথম দিনে। সেদিন তাঁকে আউট করে শ্রীলঙ্কা পেসার আশিতা ফার্নান্দো উদ্‌যাপন করছিলেন আর ড্রেসিংরুমের পথে হেঁটে যাচ্ছিলেন ভারতীয় ওপেনার।

আউট হওয়ার পর আশিতা ফার্নান্দোর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান যশস্বী জয়সোয়াল

কিন্তু হঠাৎ করেই দিক পরিবর্তন করে জয়সোয়াল আশিতার দিকে এগিয়ে যান। আশিতা ও জয়সোয়ালের মধ্যে কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত সেই পরিস্থিতিতে আশিতা তাঁর মাথা জয়সোয়ালের দিকে ঝোঁকান। জয়সোয়ালও মাথা ঝোঁকানোয় দুজনের মাথায় ঠোকাঠুকি হয়।

আইসিসির বিবৃতিতে এ ঘটনাকে ‘সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, আশিতাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা দলের উদ্‌যাপনের মধ্য থেকে আসা কোনো মন্তব্য ভালো লাগেনি জয়সোয়ালের। সে জন্যই অমন প্রতিক্রিয়া দেখান।

অন্যদিকে সূর্যবংশী এমন কাণ্ডে জড়িয়েছেন চলতি বছরের জুনে। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই। শ্রীলঙ্কার ‘এ’ দলের এক ক্রিকেটারের গায়ে হাত তোলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। সে ম্যাচে ভারতের হয়ে সুপার ওভারে ব্যাট করেন সূর্যবংশী ও সূর্যংশ শেড়গে। ৭ রানে সুপার ওভারে হেরে তাঁরা যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখনই ঘটনার সূত্রপাত। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে সূর্যবংশী ও সূর্যংশের উদ্দেশে কিছু বলতে দেখা যায়।

ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে সূর্যবংশীর উদ্দেশে নাকি বলেছিলেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’ কথাটা হজম করতে পারেননি সূর্যবংশী। মুখ ঘুরিয়ে পেছনে এসে হালাম্বাগেকে ধাক্কা মেরে বসেন।

জয়সোয়ালের কাণ্ডে তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা হলেও সূর্যবংশীর কোনো শাস্তিই হয়নি।