চার বছর কম সময় নয়। ক্রিকেটারদের জন্য ত্রিশের কোঠা পার হলে তা মনে হয় আরও দীর্ঘ! আর পেসার হলে তো কথাই নেই। তবে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার যেন এসব ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন।
প্রায় চার বছর পর ৩৬ বছর বয়সে আবারও ভারত দলে ফিরেছেন এই পেসার। গতকাল ঘোষিত ভারতের নিউজিল্যান্ড সফরের টি–টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তিনি। হঠাৎ কেন ভারত ভুবনেশ্বরকে জাতীয় দলে ফেরাল? এ প্রশ্নের উত্তর খোঁজা যাক।
ভারতের হয়ে সর্বশেষ কবে খেলেছেন
ভারতের হয়ে ভুবনেশ্বর সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে হওয়া টি–টুয়েন্টি বিশ্বকাপে। বাকি দুই সংস্করণে জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন আরও আগে। ২০১৮ সালের জানুয়ারিতে টেস্ট আর ২০২২ সালের জানুয়ারিতে ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ভুবনেশ্বর।
এর পর থেকে ভুবনেশ্বর খেলেছেন ভারতের দুই ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফি ও আইপিএলে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টানা দুটি শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছেন। তবু জাতীয় দলে ফেরার সম্ভাবনাটা এত দিন বেশ দূরেরই মনে হয়েছিল।
তাহলে কেন ফেরানো হলো
এককথায় বলতে হবে ধারাবাহিক পারফরম্যান্স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন ধার বেড়েছে এই অভিজ্ঞ পেসারের। আইপিএলে নিয়মিত পারফর্ম করে গেছেন। ২০২৩ সাল থেকে এই টুর্নামেন্টে তাঁর উইকেট ৭২টি, যা এই সময়ে যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। বোলিং গড় ২৬.৯৭, ইকোনমি ৮.৭। বল হাতে তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন নেই। নতুন বলে সুইং, নিয়ন্ত্রিত বোলিং এবং দুই দিকেই বল মুভ করানোর ক্ষমতা এখনো ভুবনেশ্বরকে আলাদা করে রাখে। এসব কারণেই তিনি প্রত্যাবর্তনের আলোচনাতে ছিলেন।
ভারতের পরিকল্পনা কী
ভারতীয় ম্যানেজমেন্ট সাধারণত বিশ্বকাপ বা বড় টুর্নামেন্ট মাথায় রেখে পরিকল্পনা সাজায়। ভুবনেশ্বর কি এমন কোনো পরিকল্পনায় আছেন? ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শুধু নিউজিল্যান্ড সফর নয়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আলোচনাতেও তিনি আছেন।
কিন্তু ৩৬ বছর বয়সে আবার ওয়ানডে ক্রিকেটের চাপ ভুবনেশ্বর নিতে পারবেন কি না, তা নিয়ে একটা সংশয় আছে। ৫০ ওভারের ক্রিকেটে তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের বিজয় হাজারে ট্রফিতে। তাই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরিকল্পনায় ভুবনেশ্বরকে রাখার আগে ফিটনেস ও দীর্ঘ সংস্করণের অতিরিক্ত চাপ নেওয়ার সক্ষমতা যাচাই করতে চায় টিম ম্যানেজম্যান্ট। নিউজিল্যান্ড সফর সেই পরীক্ষারই গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
ভুবনেশ্বর নিজেও আরেকটি ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান। সম্প্রতি যতিন সাপ্রুর ইউটিউব চ্যানেলে তিনি এ নিয়ে বলেছেন, ‘বিশ্বকাপে খেলার অনুভূতির সঙ্গে অন্য কিছুকে মেলানো যায় না। আমার শরীর প্রস্তুত। বাড়িতে আমার ফিজিও ও ট্রেনার আছে। এই মুহূর্তে আমি প্রস্তুত। আমি অনুশীলন করছি। তবে ৫০ ওভারের বিশ্বকাপ মাথায় রেখে নয়, নিজের ইচ্ছাতেই করছি। যদি দলে সুযোগ পাই, আমি খুশি হব। সুযোগ না পেলেও হতাশ হব না।’