অস্ট্রেলিয়া ক্রিকেট দল
অস্ট্রেলিয়া ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি হবে দক্ষিণ আফ্রিকায়

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার ২০২৩-২৪ মৌসুম শুরু হবে এই সফর দিয়ে। আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করেছে।

আগস্টের শেষ সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচ হবে ডারবানে। ৩০ আগস্ট মাঠে গড়াবে দুই দলের প্রথম ম্যাচ, বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের ভেন্যু ব্লুমফন্টেইন, ৭ ও ৯ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। ১২ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় ম্যাচটি হবে পচেফস্ট্রুমে। শেষ দুই ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গ, ১৫ ও ১৭ সেপ্টেম্বর শেষ দুই ওয়ানডে।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘সিরিজটির মাধ্যমে আমাদের আন্তর্জাতিক মৌসুমের শুরু হতে যাচ্ছে, যা নানা কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সামনেই বিশ্বকাপ। টুর্নামেন্ট হবে ভারতে। আমরা এখনো বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাইনি। তবে আমরা আশা করছি, বিশ্বকাপের আগে আমরা বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলে নিজেদের পরীক্ষা নিতে পারব।’

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে পারে প্যাট কামিন্সের। অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর কামিন্সকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেননি এই ফাস্ট বোলার। দায়িত্ব নেওয়ার পর গত মার্চে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজে মায়ের অসুস্থতার কারণে খেলা হয়নি কামিন্সের।