
এবারই প্রথমবার ক্রিকেটে কোনো বিশ্বকাপে সুযোগ পেয়েছে ইতালি। আর বিশ্ব মঞ্চে আবির্ভাবের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেয়ে গেল ইতালিয়ানরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে ইতালি। ১২৪ রানের লক্ষ্য ১২.৪ ওভারেই পেরিয়ে গেছে দলটি।
ইতালির জয়ের নায়ক বোলাররা ও মস্কা ভাইয়েরা। রান তাড়ায় ব্যাটিং উদ্বোধন করেছেন এই দুই ভাই। জাস্টিন মস্কা ৬০ রানে ও অ্যান্টনি মস্কা ৬২ রানে অপরাজিত ছিলেন।
ঠিক আগের ম্যাচে ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে ফেলা নেপাল আজ পাত্তাই পায়নি ইতালির কাছে। টসে জিতে ফিল্ডিং নিয়ে নেপালিদের ১২৩ রানে অলআউট করে ইতালি। নেপালিরা আজ ম্যাচে ছিল ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯৩ রান তুলে ফেলেছিল দলটি। দীপেন্দ্র সিং ঐরীকে বোল্ড করে ধসের সূচনা করেন লেগ স্পিনার কৃষাণ কালুগামাগে। এরপর মাত্র ৩০ রান যোগ করতে পারে নেপাল। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট নিয়ে সেরা বোলার কালুগামাগে। ২ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন অফ স্পিনার বেন মানেন্তি।
নেপালের হয়ে আরিফ শেখ করেছেন সর্বোচ্চ ২৭ রান, অধিনায়ক রোহিত পৌডেল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান।
রান তাড়ায় ৪ ওভারেই ৫০ ছুঁয়ে ফেলে ইতালি। পাওয়ার প্লেতে আসে ৬৮ রান। মস্কা ভাইয়েরা দলকে ১০০ রান এনে দেন ১০.৫ ওভারে। এর আগেই ফিফটি পেয়েছেন জাস্টিন মস্কা। ৩৭ বলে ফিফটি ছুঁয়েছেন জাস্টিন। অ্যান্টনি ৫০ ছুঁয়েছেন ২৮ বলে।
৩২ বলে ৬২ রান করার পথে ৬টি ছক্কা মেরেছেন অ্যান্টনি। ৪৪ বলের ইনিংসে জাস্টিনের ছক্কা ৩টি।
নেপাল: ১৯.৩ ওভারে ১২৩ (আরিফ ২৭, পৌডেলে ২৩, আসিফ ২০; কালুগামাগে ৩/১৮, মানেন্তি ২/৯)।ইতালি: ১২.৪ ওভারে ১২৪/০ (অ্যান্টনি মস্কা ৬২*, জাস্টিন মস্কা ৬০*)।ফল: ইতালি ১০ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: কৃষাণ কালুগামাগে।