বাবরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেননি বলে দাবি আমিরের
বাবরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেননি বলে দাবি আমিরের

দাবি আমিরের

‘বাবরকে কখনোই গড়পড়তা বা টেলএন্ডার ব্যাটসম্যান বলিনি’

বাবর আজমকে নিয়ে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটার আর ক্রিকেটবোদ্ধারা কী করবেন, সেটা যেন ঠিক বুঝে উঠতে পারছেন না। কখনো বাবরকে প্রশংসাবৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছেন, কখনো আবার বিদ্ধ করছেন সমালোচনার তিরে।

একবার তো হইচই ফেলে দেওয়া একটি খবর শোনা গেল যে মোহাম্মদ আমির পাকিস্তান অধিনায়ক বাবরকে গড়পড়তা মানের ব্যাটসম্যান বলেছেন। একই সঙ্গে তিনি নাকি বাবরকে টেলএন্ডার ব্যাটসম্যানদের সঙ্গেও তুলনা করেছেন!

ফাস্ট বোলার আমির বাবরকে এভাবে সমালোচনা করার বিষয়টি অস্বীকার করেছেন। একই সঙ্গে বাবরকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান আখ্যা দিয়েছেন বোর্ডকর্তাদের সঙ্গে মনোমালিন্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই তারকা।

আমিরের চোখে বাবরই পাকিস্তানের সেরা ব্যাটসম্যান

নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেছেন, ‘বিষয়টি যারা ভুলভাবে উপস্থাপন করেছে, প্রথমে আমি তাদের প্রশ্ন করতে চাই। আমার এমন একটা সাক্ষাৎকার দেখান, যেখানে আমি বাবরকে গড়পড়তা বা টেলএন্ডার বলেছি। আমি সব সাক্ষাৎকারেই তাকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বলে এসেছি।’

বাবরকে নিয়ে এর আগে আরও কী বলেছেন, আমির সেসব তুলে এনেছেন, ‘আমি নিজের মুখে অনেকবার অনেক জায়গায় বলেছি যে তার টেকনিকের কারণে তাকে ওয়ানডে বা টেস্টে বোলিং করা খুব কঠিন। তাহলে আমি কি তাকে টেলএন্ডার ব্যাটসম্যান বলতে পারি?’

পিএসএল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসেও সতীর্থ ছিলেন আমির ও বাবর

৩১ বছর বয়সী আমির এরপর জানিয়েছেন আসলে তিনি কী বলেছিলেন, ‘আমি বলতে চেয়েছিলাম যে বাবর আজম হোক আর ১১ নম্বর ব্যাটসম্যানই হোক, আমার কাছে উইকেট নেওয়াটাই গুরুত্বপূর্ণ। কারণ, উইকেট নিলে দলের লাভ।’

আমির এখানেই থামেননি। তিনি এরপর যোগ করেছেন, ‘এই ধরুন শেষ ২ ওভারে প্রতিপক্ষের জয়ের জন্য ১২ রান লাগবে, তাদের ৮ উইকেট পড়ে গেছে। এই সময়ে তো টেলএন্ডাররাই ক্রিজে থাকে, তাই না? তাই তাদের আউট করাও সমান গুরুত্বপূর্ণ। আমি এটাই বলতে চেয়েছি। আমার কাছে সব উইকেটই গুরুত্বপূর্ণ, হোক সেটা বাবর আজমের অথবা টেলএন্ডারদের।’