
অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় আজ সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। এত দিন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে খেলতে রাজি না থাকা ক্লাবগুলো এখন লিগ খেলবে বলে জানিয়েছে। প্রিমিয়ার লিগ তাই ১২ ক্লাব নিয়েই হচ্ছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের ম্যাচ–প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ চার দিনের ম্যাচের এই আসর। প্রথম দুই রাউন্ড হওয়ার পর বিসিএলে বিরতি দিয়ে মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিমিয়ার লিগ।
দলবদলের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২১ ও ২২ এপ্রিল। আজকের সভায় লিগের ক্লাবগুলোর জন্য বিসিবির অনুদান ১৫ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। আগের আসরের মতো এবারও থাকছে না বিদেশি ক্রিকেটার। এ নিয়ে আলোচনা হলেও বিশ্বকাপ সামনে রেখে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বেশি রাখতে এমন সিদ্ধান্ত।
এ ছাড়া সময় স্বল্পতার কারণে এবারের লিগে থাকবে না সুপার লিগ, সিঙ্গেল লিগ পদ্ধতিতেই পয়েন্ট তালিকার শীর্ষ দল শিরোপা পাবে। এত দিন ম্যাচের দিন দুপুরের খাবার নিজেদেরই ব্যবস্থা করতে হতো ক্লাবগুলোকে। এখন থেকে বিসিবি তা করবে। এ ছাড়া মেডিকেল সাপোর্ট ও আইসিইউ অ্যাম্বুলেন্সের দাবিও জানিয়েছে ক্লাবগুলো।
একটি সূত্র জানিয়েছে, সব ক্লাবের অংশগ্রহণে নতুন করে হতে পারে প্রথম এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও। আগামী শনিবার এই দুই লিগের ক্লাবগুলোকে আলোচনার জন্য ডেকেছে বিসিবি। সভায় তাদের নতুন করে লিগ খেলার প্রস্তাব দেওয়া হতে পারে।
আমিনুলের নেতৃত্বাধীন বোর্ডে ৪৫টি ক্লাবের বয়কট কর্মসূচির কারণে প্রথম বিভাগে ২০টির মধ্যে ১২টি এবং দ্বিতীয় বিভাগেও ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে লিগ হয়েছিল।