ইন্দোর টেস্টের পিচকে ‘বাজে’ রেটিং দিয়েছিলেন ম্যাচ রেফারি
ইন্দোর টেস্টের পিচকে ‘বাজে’ রেটিং দিয়েছিলেন ম্যাচ রেফারি

বিসিসিআইয়ের আবেদনে ‘রায়’ বদলাল আইসিসি

বল বাঁক নিয়েছে প্রথম দিনের প্রথম ওভার থেকেই। প্রথম ২ দিনে ৩০ উইকেট পতনের পর পাঁচ দিনের টেস্ট শেষ হয়েছে তৃতীয় দিনের প্রথম সেশনে।

ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি হয়ে ওঠা এমন উইকেটেই হয়েছে ভারত–অস্ট্রেলিয়া বোর্ডার–গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট। ম্যাচ শেষে ইন্দোরের হলকার স্টেডিয়ামের পিচকে ‘বাজে’ রেটিং দিয়েছিল আইসিসি। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্ট। তবে ম্যাচ রেফারি ক্রিস ব্রুডের মূল্যায়ন পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। এ জন্য নিয়মানুযায়ী আপিল করেছিল তারা।

আইসিসির দুই সদস্যের প্যানেল আবেদন পর্যালোচনার পর আজ রায় জানিয়েছে। রায়ে ইন্দোরের পিচের রেটিং ‘বাজে’ থেকে কমিয়ে ‘গড়পড়তার নিচে’ করা হয়েছে। ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে তিন থেকে একে।

সাধারণত একটি ম্যাচের উইকেট ছয় ধরনের যেকোনো একটি রেটিং পায়। খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে ও অযোগ্য। শুধু গড়পড়তার নিচে, বাজে, অযোগ্য পিচকেই ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে। নিয়ম অনুসারে, কোনো পিচ পাঁচ বছরের মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না।

মূলত এই শাস্তি এড়াতেই হলকার স্টেডিয়াম নিয়ে আপিল করেছিল বিসিসিআই।
আজ ইন্দোর পিচ নিয়ে দেওয়া আইসিসির বিবৃতিতে বলা হয়, আইসিসির ক্রিকেটবিষয়ক জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং ক্রিকেট কমিটির সদস্য রজার হারপারকে নিয়ে গড়া প্যানেল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচের ভিডিও ফুটেজ দেখেছেন।

পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ‘নীতিমালা অনুসরণ করেছেন’, তবে বাজে রেটিং দেওয়ার মতো মাত্রাতিরিক্ত অসম বাউন্স ছিল না।’

এর আগে ম্যাচ রেফারি ব্রডের প্রতিবেদনে লেখা হয়েছিল, ‘পিচ অনেক শুষ্ক ছিল। ব্যাট ও বলের মধ্যে কোনো ভারসাম্য ছিল না। একদম শুরু থেকে স্পিনারদের সাহায্য করেছে।’