আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপ।
আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপ।

বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনেই দেড় কোটি আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। কিন্তু গ্যালারিতে বসে সেই লড়াই দেখার প্রতিযোগিতা এরই মধ্যে জমে উঠেছে। ক্রিকেটের সবচেয়ে বড় আসরের ম্যাচগুলো মাঠে বসে দেখতে আগ্রহের যেন শেষ নেই দর্শকদের। টিকিটের জন্য আবেদনের সংখ্যা দেখলেই সেটা বোঝা যায়।

বিশ্বকাপের টিকিটের জন্য নিবন্ধনপ্রক্রিয়া শুরুর মাত্র ১২ দিনের মধ্যে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৪২টি দেশ থেকে মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের আবেদন এসেছে। এসব টিকিটের জন্য নিবন্ধন করেছেন ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭ জন।

আগামী বছরের ২ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। এই আসরের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। গত ১ অক্টোবর বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, টিকিটের জন্য আবেদনের দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা। এরপরই আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এই পাঁচ দেশের দর্শকদের কাছ থেকেই সবচেয়ে বেশি আবেদন এসেছে।

বিশ্বকাপের টিকিট নিয়ে দর্শকদের এমন আগ্রহে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত। তাঁর মতে, এই বিপুল চাহিদাই প্রমাণ করে ক্রিকেট বিশ্বকাপের আবেদন কতটা ব্যাপক।

আইসিসির বিবৃতিতে সংযোগ গুপ্ত বলেছেন, ‘টিকিটের জন্য এই অভূতপূর্ব চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণেরই প্রমাণ। একই সঙ্গে পর্যটন গন্তব্য হিসেবে আফ্রিকার আকর্ষণ এবং বিশ্বকাপ সামনে রেখে আইসিসি ও এর অংশীদারদের প্রচারণা দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি করেছে, সেটিও এতে ফুটে উঠেছে।’

বিশ্বকাপ ঘিরে আগামী এক বছরে আরও ব্যাপক প্রচারণার পরিকল্পনা রয়েছে আইসিসির। এ প্রসঙ্গে সংযোগ গুপ্ত বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে এখনো এক বছর বাকি। এই সময়ের মধ্যে আইসিসি বিভিন্ন ধরনের কার্যক্রম, একাধিক প্ল্যাটফর্মে প্রচারাভিযান ও নানা ধরনের কনটেন্ট প্রকাশের পরিকল্পনা করেছে। এসব উদ্যোগ ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে।’

টিকিটের জন্য যেভাবে আবেদন করা যাবে

বিশ্বকাপের টিকিটের জন্য আইসিসির ওয়েবসাইটে নিবন্ধনের সুযোগ থাকছে আগামী ২১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ, বাংলাদেশ সময় অনুযায়ী, নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট।

টিকিটের জন্য নিবন্ধন করতে কোনো অর্থ দিতে হবে না। একজন দর্শক একটি ম্যাচের জন্য একবারই আবেদন করতে পারবেন। তবে বিশ্বকাপের একাধিক ম্যাচের টিকিটের জন্য আলাদাভাবে আবেদন করার সুযোগ রয়েছে।

এ ক্ষেত্রে আগে আবেদন করলেই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এমন নয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা প্রত্যেকের সুযোগ সমান। কোনো ম্যাচের জন্য বরাদ্দ টিকিটের চেয়ে আবেদন বেশি হলে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কারা টিকিট কেনার সুযোগ পাবেন।

লটারিতে নির্বাচিত দর্শকদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কীভাবে টিকিট কিনতে হবে। যাঁরা নির্বাচিত হবেন না, তাঁরাও নিবন্ধনের সময় দেওয়া ইমেইল ঠিকানায় ফলাফল জানতে পারবেন।

অর্থাৎ দেড় কোটির বেশি আবেদন জমা পড়লেও এখনই কেউ টিকিট পেয়ে যাননি। এখন আসলে চলছে টিকিট কেনার সুযোগ পাওয়ার প্রতিযোগিতা।