টি–টুয়েন্টি বিশ্বকাপে আজ শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া
টি–টুয়েন্টি বিশ্বকাপে আজ শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া কি আসলেই টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব দেয় না, কী বলছেন তাদের কোচ

বড় টুর্নামেন্টে এমন অসহায় অবস্থায় অস্ট্রেলিয়াকে খুব কমই দেখা গেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে এবার সুপার এইটেই উঠতে পারেনি বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপে একটা ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে—অস্ট্রেলীয় ক্রিকেটের আভিজাত্যে এমন ক্ষত আগে খুব কমই লেগেছে।

খুব স্বাভাবিকভাবেই ঘরে-বাইরে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই ভরাডুবির দায় কার? অনেকে বলছেন, এই বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতিই নেয়নি অস্ট্রেলিয়া। তবে দলটির প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন অন্য কথা। স্পষ্ট জানিয়ে দিলেন, প্রস্তুতির কোনো ঘাটতি ছিল না; মাঠে ব্যর্থতার দায় নিতে হবে খেলোয়াড়দেরই।

সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিশ্লেষক—অনেকেই বলছেন, অস্ট্রেলিয়ার প্রস্তুতির অভাব ছিল। বিগ ব্যাশ লিগকে গুরুত্ব দিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি সিরিজে সিনিয়র ক্রিকেটারদের দেরিতে পাঠানো হয়েছে। ফলাফল? পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, এরপর বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারা। কিন্তু ম্যাকডোনাল্ড একে বলছেন ‘ভুল বয়ান’।

অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

পাল্লেকেলেতে ওমানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘আমি শুনছি যে টি-টুয়েন্টি বিশ্বকাপ নাকি আমাদের কাছে গুরুত্ব পায় না। আসলে ব্যর্থতার কারণেই এমন কথা উঠছে। ২০২১ সালে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু এর পর থেকে হয়তো সফল হতে পারছি না। অস্ট্রেলিয়া দলের কাছে প্রত্যাশা সব সময় আকাশচুম্বী থাকে, আর সেটা থাকাই স্বাভাবিক। কিন্তু আমরা অন্য সংস্করণকে বেশি গুরুত্ব দিচ্ছি—এই দাবি পুরোপুরি ভিত্তিহীন।’

চোটের কারণে দলে নেই প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো দুই মূল পেসার। কিন্তু ম্যাকডোনাল্ড সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন। নির্বাচকের দায়িত্বেও থাকা এই কোচ মনে করেন, যাঁরা দলে ছিলেন, তাঁরাও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিলেন। কিন্তু মাঠের প্রয়োগে ছিল যত গলদ। ম্যাকডোনাল্ডের সোজা কথা, ‘কারা নেই, সেটা বড় কথা নয়। যারা খেলেছে, পারফরম্যান্সটা তাদের কাছ থেকেই আসতে হতো। এই ব্যর্থতার দায় আমাদের নিতেই হবে। সমালোচনাগুলো যৌক্তিক এবং আমাদের তা মাথা পেতে নিতে হবে।’

নাথান এলিসের হতাশার এ মুখটাই বলে দিচ্ছে এবার টি–টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া কতটা বাজে খেলেছে

পাল্লেকেলেতে আজ ওমানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শেষ করবে অস্ট্রেলিয়া। পরিস্থিতি বিবেচনায় এবার অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ দেখছেন ওমান অধিনায়ক যতিন্দর সিং, ‘টি-টুয়েন্টি হলো মোমেন্টাম আর মুহূর্তের খেলা, যদি সেই মুহূর্তগুলোয় সঠিকভাবে খেলা যায়, তাহলে নির্দিষ্ট দিনে যেকোনো কিছু হতে পারে। অস্ট্রেলিয়া এই মুহূর্তে ভালো করছে না...তাদের হারানোর সেরা সময় এটা।’