
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে থাকা দলগুলো এখন ব্যস্ত খেলোয়াড়দের যাচাই-বাছাই করে নেওয়ায়। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে যেতে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে হয়তো সবচেয়ে মধুর সমস্যায় পড়বেন ভারতের নির্বাচকেরা। প্রায় সব পজিশনেই একাধিক খেলোয়াড়ের লড়াই চলছে। তবে লড়াইটা সবচেয়ে বেশি উইকেটকিপার-ব্যাটসম্যান পজিশনে। এখানে যে একাদশে একটি জায়গার জন্য চারজনের ধুন্ধুমার লড়াই!
যশপ্রীত বুমরা, রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহালের সঙ্গে ছন্দহীন বিরাট কোহলিরও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত দলে জায়গা নিশ্চিতই বলা চলে। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা তাঁদের বর্তমান ছন্দটা ধরে রাখতে পারলে তাঁদেরও একাদশে ঠাঁই পাওয়াটা নিশ্চিত। সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সে রকমই।
বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে একাদশে কে থাকবেন? এ জায়গার জন্য লড়াই করছেন দুজন—মোহাম্মদ শামি ও হার্শাল প্যাটেল। তবে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে তো কাকে রেখে কাকে নেব অবস্থাই হওয়ার কথা ভারতের নির্বাচকদের! একটি জায়গার জন্য লড়াই করছেন ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, দিনেশ কার্তিক ও ঈশান কিষান।
সম্প্রতি চারজনেরই ব্যাট হাতে উইকেটের সামনে এবং গ্লাভস হাতে উইকেটের পেছনে দুর্দান্ত সময় কাটছে। এই চারজনের মধ্যে দুজনকে বেশি পছন্দ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি ভারতের নির্বাচক হলে একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে একাদশে পন্ত আর কার্তিককে খেলাতেন।
পন্টিং বিষয়টি নিয়ে বলেছেন, ‘৫০ ওভারের ক্রিকেটে পন্ত কী করতে পারে, সেটা আমরা সবাই দেখেছি। আমি এটাও জানি, টি-টোয়েন্টিতে সে কী করার সামর্থ্য রাখে। দিনেশ কার্তিক তো আইপিএলে তার সেরা মৌসুমটি কাটিয়েছে...এবং আমি (ভারতের নির্বাচক হলে) তাদের দুজনকে দলে রাখার সম্ভাব্য সব পথই খুঁজে বের করতাম।’
কীভাবে এই দুজনকে একাদশে রাখা যায়, তার একটা পন্থা বলেও দিয়েছেন পন্টিং, ‘ঋষভ (পন্ত) ৩ বা ৪ নম্বরে ব্যাট করবে এবং দিনেশ (কার্তিক) ও পান্ডিয়া ম্যাচ শেষ করে আসতে পারে। ব্যাটিং লাইনটা এ রকম হলে সেটা (প্রতিপক্ষের জন্য) খুবই ভয়ংকর হবে।’
ব্যাটিং লাইনটা এভাবে সাজালেও দারুণ ছন্দে থাকা কাউকে না কাউকে বাদ দিতেই হবে নির্বাচকদের। পন্টিং অবশ্য সেটি ভালো করেই জানেন। আইসিসি রিভিউতে পন্টিং বলেছেন, ‘এর মানে দাঁড়ায়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব বা শ্রেয়াস আইয়ারের একজনকে বাদ পড়তে হবে। সূর্যর সাম্প্রতিক যে ফর্ম, তার বাদ পড়ার কথা নয়।’
পন্টিং এরপর যোগ করেন, ‘কিন্তু দলে এত প্রতিভাবান খেলোয়াড় থাকলে এমন তো হবেই। তবে কিষানের আগে কার্তিক ও পন্তকে দলে রাখার কথাই এই মুহূর্তে আমি বলব।’