পাকিস্তান দলের কাজ দুটি। প্রথমত শ্রীলঙ্কাকে হারাতে হবে। সেটিও জিততে হবে সমীকরণ মিলিয়ে। আগে ব্যাট করলে ম্যাচ জিততে হবে ন্যূনতম ৬৪ রানে।
পরে ব্যাট করলে ম্যাচ জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। এটা করতে পারলেই নিউজিল্যান্ডকে রানরেটে পেছনে ফেলে সেমিফাইনালে খেলতে পারবে পাকিস্তান।
কাজটা সহজ নয়। কঠিন এই কাজে সফল হতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসি এবং পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদ ।
ডু প্লেসি মনে করেন, এই ম্যাচে ফখর জামান হতে পারেন পাকিস্তান তুরুপের তাস। তাঁকে ব্যাটিং অর্ডারে তুলে এনে সফলতা মিলতে পারে।
একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি ফখরকে তিনে দেখতে চাই। এটা ইতিবাচক সমন্বয় হবে। এর আগে ফখর তিনে সাফল্য পেয়েছে, চার নম্বরেও পেয়েছে। এখানে ফখর রান করেছে। এটা ভালো হবে বলে মনে হচ্ছে।’ সর্বশেষ ইংল্যান্ড ম্যাচে এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম খেলেন ফখর। সেই ম্যাচে পাঁচে নেমে ১৬ বলে ২৫ রান করেন।
ডু প্লেসি আরও বলেন, ‘ইতিবাচক ক্রিকেট খেলতে পারে এমন একটা দল নিয়ে খেলতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে—আমরা কি বৃষ্টির কারণে ছোট হয়ে আসা ১৩ ওভারের ম্যাচে রান তাড়া করব, নাকি আমাদের প্রতিপক্ষকে অল-আউট করতে হবে? সেই অনুযায়ী আপনাকে দল নির্বাচন করতে হবে।’
পাকিস্তানের সাবেক পেসার আমির ফখরকে দেখতে চান ওপেনিংয়ে। পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠান ‘হার না মানা হ্যায়’তে আমির বলেছেন, ‘টপ অর্ডার খেলতে হবে সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা ও খাজা নাফেকে। উসমান খান যেহেতু উইকেটকিপার ও দলে থাকবে। এরপর শাদাব ও নেওয়াজ আসবে। যদি সাইম (টপ অর্ডার) বাইরে থাকে, তাহলে ওর জায়গায় আবরার খেলতে পারে। নাফে খেলতে পারে বাবরের জায়গায়, শাহিন ও নাসিমও থাকবে।’
শেহজাদও তাঁর দলে রাখছেন না বাবরকে। একই অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের নিয়ে মাঠে নামুন। আপনার বেঞ্চে ডন ব্র্যাডম্যান বসে নেই, যাকে আপনি নিয়ে আসবেন, তাই আপনাকে ছোট ছোট সমন্বয় করতে হবে। শাদাবের জায়গায় আবরারকে নিতে পারেন, নাফেকে বাবরের জায়গায় খেলাতে পারেন। এতে ব্যাটিং-বোলিং দুটোই ভালো হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি হবে পাল্লেকেলেতে। এখানে স্পিনাররা বাড়তি সহায়তা পাবেন। তবে স্পিনারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট খুব একটা ভালো নয়। এটা তাদের ভয়ের কারণ হতে পারে।
২০২৪ টি–টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তান দলে অন্তত ২৫০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে চারজনের স্ট্রাইক রেট স্পিনারদের বিপক্ষে ১২৫ এর নিচে। এই তালিকায় আছেন বাবর আজম, সালমান আগা, উসমান খান এমনকি ফখর জামানও।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সুপার এইটের এই ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।