টি–টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আইসিসির হালনাগাদ র্যাঙ্কিং থেকে সুখবর পেয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ফিফটি করা অভিষেক শর্মা ব্যাটসম্যানদের শীর্ষ স্থান ধরে রেখেছেন। তাঁর সতীর্থ ঈশান কিষান এগিয়েছেন দুই ধাপ। আর বিশ্বকাপের টুর্নামেন্ট–সেরা হওয়া সঞ্জু স্যামসন এগিয়েছেন ১৮ ধাপ।
বিশ্বকাপে ৩১৭ রান করা কিষান এখন ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ২ নম্বরে। ৮৭৫ রেটিং পয়েন্ট পাওয়া অভিষেকের চেয়ে মাত্র ৪ রেটিং পয়েন্টে পিছিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান। টি–টুয়েন্টিতে এটিই কিষানের ক্যারিয়ার–সর্বোচ্চ রেটিং। ফাইনালে ফিফটি করা নিউজিল্যান্ডের টিম সাইফার্ট এগিয়েছেন চার ধাপ, আছেন ৬ নম্বরে। আর ইংল্যান্ডের জ্যাকব বেথেল ১৭ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলের দ্রুততম সেঞ্চুরি করা ফিন অ্যালেন এখন র্যাঙ্কিংয়ের ২০তম স্থানে, ছিলেন ২৭–এ।
এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতের সঞ্জু স্যামসন। সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ও ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলেন এই ওপেনার। হালনাগাদ সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন স্যামসন।
আজ প্রকাশিত আইসিসির এই র্যাঙ্কিংয়ে অবশ্য দুঃসংবাদও আছে এক ভারতীয়র জন্য। ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া স্পিনার বরুণ চক্রবর্তী শীর্ষ স্থান হারিয়েছেন। রেটিং পয়েন্ট কমে যাওয়ায় তিনি দুইয়ে নেমে গেছেন, ১৯ ফেব্রুয়ারির পর আর ম্যাচ না খেলা রশিদ খান উঠেছেন ১ নম্বরে। রশিদের রেটিং পয়েন্ট ৭৫৩, বরুণের ৭৪০। ভারতের পেসার যশপ্রীত বুমরা এক ধাপ এগিয়ে ছয়ে জায়গা করেছেন।
টি–টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পরিবর্তন একটাই। তিন ধাপ লাফিয়ে নয়ে উঠে এসেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। শীর্ষে তিনে আছেন সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া ও সাইম আইয়ুব।