১৫ ফেব্রুয়ারি ভারত কী করবে?
টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও নির্ধারিত দিনে ভারত ক্রিকেট দল শ্রীলঙ্কার ভেন্যুতে যাবে বলে নিশ্চিত করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
আজ ‘ক্যাপ্টেনস ডে’তে সংবাদ সম্মেলনে সূর্যকুমার এই কথা বলেন। এর আগে ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছিল, ভারত এই ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে। আজ সূর্যকুমার সেটিই নিশ্চিত করলেন।
৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ। ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে গত রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডল থেকে দেওয়া পোস্টে জানানো হয়, ভারত ম্যাচ খেলবে না পাকিস্তান দল।
এর শুরুটা হয় বাংলাদেশকে কেন্দ্র করেই। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
গতকাল বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি—আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।’
এমন পরিস্থিতিতেই নিজেদের অবস্থান জানালেন সূর্যকুমার। আজ তিনি বলেন, ‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। খেলব না তা আমরা বলিনি। এ সিদ্ধান্ত এসেছে অন্য দিক থেকে। আইসিসি অফিশিয়াল সূচি প্রকাশ করেছে। বিসিসিআই এবং ভারত সরকার আইসিসির সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ভেন্যু ঠিক করেছে। আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে। তাই আমরা নিশ্চিতভাবেই সেখানে যাচ্ছি।’
আজ কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগাও। শ্রীলঙ্কায় সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’