বল টেম্পারিংয়ের অভিযোগে পিএসএলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফখর জামান। গত রোববার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ফখর অভিযোগ অস্বীকার করলেও শুনানির পর ম্যাচ রেফারি রোশান মাহানামা লাহোর কালান্দার্সের এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছেন।
গাদ্দাফি স্টেডিয়ামে ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভার শুরুর আগে। তখনো জয়ের জন্য করাচির ১৪ রান দরকার ছিল। ওভার শুরুর আগে হারিস রউফের সঙ্গে কথা বলতে দেখা যায় লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে। এ সময় রউফের সঙ্গে বল দেওয়া–নেওয়া করেন ফখর।
সন্দেহ থেকে তখনই রউফের কাছ থেকে বল নিয়ে দেখেন আম্পায়ার। অন্য আম্পায়ারদের সঙ্গে কথা বলে বল বিকৃতির কারণে ৫ রান পেনাল্টি দেওয়া হয় করাচিকে। সেটি শেষ পর্যন্ত কাজেও আসে তাদের জন্য, লাহোরের বিপক্ষে ৩ বল হাতে রেখেই ১২৯ রানের লক্ষ্য তাড়া করে ফেলে করাচি।
ম্যাচের পরদিন আনুষ্ঠানিকভাবে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয় ফখরের বিরুদ্ধে। আজ এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, লেভেল থ্রি অপরাধের জন্য ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
মাঠের দুই আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও ফয়সাল খান আফ্রিদি, টিভি আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার তারিক রাশিদের আনা অভিযোগের ভিত্তিতে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।
পিসিবি জানিয়েছে, ফখর অভিযোগ মেনে না নেওয়ায় পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন হয়। ম্যাচ রেফারি রোশান মাহানামা সব প্রমাণ হাতে নিয়ে ও ফখরের বক্তব্য শুনে তাঁকে এই শাস্তি দিয়েছেন। শুনানির সময় লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ, টিম ডিরেক্টর শামিন রানা ও টিম ম্যানেজার ফারুক আনোয়ার উপস্থিত ছিলেন।