টি–টুয়েন্টিতে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা
টি–টুয়েন্টিতে বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিং

সিংহাসন ফিরে পেলেন রাজা

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে জিম্বাবুয়ে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। দলের এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।

এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুবকে টপকে টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আবারও ১ নম্বরে উঠে এসেছেন রাজা। এর আগে গত বছরের শেষের দিকেও তিনি শীর্ষ স্থানটি দখল করেছিলেন।

জিম্বাবুয়ের জন্য সুখবর আছে আরও। ওমানের বিপক্ষে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার–সেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ব্রায়ান বেনেট।

৩ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান (ডানে)

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের মারকুটে ওপেনার অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে চার ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

এ ছাড়া বড় উন্নতি হয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১২তম), স্কটল্যান্ডের জর্জ মানসি (২৩তম), ভারতের ঈশান কিষান (২৫তম) এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিটের (২৭তম)।

ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তীই বোলারদের ১ নম্বরে

বোলারদের তালিকায় ১ নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। তবে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন পাকিস্তানের আবরার আহমেদ। সেরা দশে খুব বেশি পরিবর্তন না হলেও এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।