
‘আমার মনে হয় বোলার তার কৌশল বদলেছিল, অফ স্টাম্পের বেশ বাইরে অফ স্পিন করে তাকে শট খেলতে প্রলুব্ধ করেছে’—বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স যখন সাকিব আল হাসানের আউট প্রসঙ্গে বলছিলেন, সংবাদ সম্মেলন কক্ষে এসে বসেছেন সেই অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। পরে ম্যাকব্রাইনও বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই সাকিবকে আউট করেছেন তিনি। আয়ারল্যান্ডের ইনিংস পরাজয় ঠেকানোর ব্যাপারেও আশাবাদী এই অফ স্পিনার।
তামিম ইকবাল, সাকিব, মুশফিকুর রহিম—বাংলাদেশের সঙ্গে খেলা হলে স্বাভাবিকভাবেই এই তিনটি উইকেটের মূল্য অনেক। ১১৮ রানে ৬ উইকেট নিয়ে টেস্টে আয়ারল্যান্ডের কোনো বোলারের সেরা বোলিং বিশ্লেষণের রেকর্ড গড়ার পথে তিনজনকেই ফেরান ম্যাকব্রাইন। তামিমকে প্রথম দিনই আউট করেছিলেন, আজ মধ্যাহ্ন বিরতির পর পান সাকিব ও মুশফিকের উইকেট।
সাকিবকে আউট করা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ম্যাকব্রাইন বললেন, ‘লাঞ্চের সময় নাথানের (হরিজ, স্পিন বোলিং কোচ) সঙ্গে কথা বলেছিলাম। লাঞ্চের পর সাকিবকে বাইরে বল করার পরিকল্পনা ছিল, সেটি কাজে দিয়েছে। এরপর সবকিছু সরল রাখতে চেয়েছি। উইকেট ব্যবহার করে সময় নিতে চেয়েছি, তাহলেই তো সুযোগ আসবে।’
সাকিব-মুশফিকের জুটি ভাঙার পর অবশ্য বাংলাদেশকে বলতে গেলে কমের মধ্যেই আটকে ফেলেছে আইরিশরা। তবে শেষবেলায় নিজেরাও ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনই পরাজয়ের শঙ্কায় পড়ে যায় দলটি।
লাঞ্চের সময় নাথানের (হরিজ, স্পিন বোলিং কোচ) সঙ্গে কথা বলেছিলাম। লাঞ্চের পর সাকিবকে বাইরে বল করার পরিকল্পনা ছিল, সেটি কাজে দিয়েছে।আইরিশ অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন
দিন শেষে অপরাজিত দুই ব্যাটসম্যান পিটার মুর ও হ্যারি টেক্টরের ওপর অবশ্য ম্যাকব্রাইনের ভালোই আস্থা আছে, ‘দুজনই ভালো ব্যাটসম্যান, রানের মধ্যে আছে। টেস্টে পিজে (মুর) আগেও রান করেছে, হ্যারি তো দুই বছর ধরে অনেক রান করছে। ফলে আমাদের আস্থা আছে। আমাদের ব্যাটিং লাইনআপও লম্বা, গ্রাহাম (হিউম) দশে আসছে। ফলে অনেক ব্যাটার আছে।’
সেই ব্যাটসম্যানরাই ইনিংস পরাজয় আটকাবেন, এমন আশাও করেন ম্যাকব্রাইন, ‘যদি এখনকার দুই ব্যাটসম্যান বড় স্কোর পায়, তাহলে তো আশা আছে। আমাদের মনে হয়, আগে আগামীকাল সকালের আধা ঘণ্টা ক্রিজে কাটাতে হবে। তারপর কে জানে, কী হয়।’