পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন
পাকিস্তানের বিপক্ষে সিরিজজয়ের পর র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের কয়েকজন

সিরিজ জয়ের পর র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কে কত ধাপ এগোলেন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন র‍্যাঙ্কিংয়ে। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডেতে বোলারদের সেরা দশে আর অলরাউন্ডারদের শীর্ষে দুইয়ে জায়গা করেছেন।

সিরিজসেরা হওয়া তানজিদ হাসান আর নাহিদ রানাও বড় লাফ দিয়েছেন। আজ প্রকাশিত হয়েছে সর্বশেষ র‍্যাঙ্কিং।

১৫ মার্চ শেষ হওয়া ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজে ইকোনমির দিক থেকে সেরা বোলার ছিলেন মিরাজ। মোট ৩০ ওভার করে ওভারপ্রতি রান দিয়েছেন ৩.৩৩, নিয়েছেন ৫ উইকেট। ধারাবাহিকভাবে ভালো বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন মিরাজ। এখন অবস্থান করছেন সাতে। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে পরিবর্তন এই একটিই। প্রথম তিনটি জায়গায় রশিদ খান, জফরা আর্চার ও কেশব মহারাজ।

মিরাজ বোলারদের সেরা দশে জায়গা করেছেন

তিন ওয়ানডের মধ্যে মিরাজ ব্যাট করেছেন শুধু দ্বিতীয় ম্যাচে, আউট হয়েছিলেন ১ রানে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে মিরাজ এখন দ্বিতীয়। তাঁর রেটিং পয়েন্ট ২৮০, তৃতীয় স্থানে ঠেলে দেওয়া সিকান্দার রাজার পয়েন্ট ২৭৬। আজমতউল্লাহ ওমরজাই ৩২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে মিরাজের পাশাপাশি এগিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান আর নাহিদ রানাও। তাসকিন ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে, মোস্তাফিজ ১৩ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে এবং নাহিদ ৬৫ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে অবস্থান করছেন। অন্যদের মধ্যে রিশাদ বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়ে ৬৮ আর অলরাউন্ডারদের মধ্যে ১৩ ধাপ পিছিয়ে ৪৩ নম্বরে নেমে গেছেন।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বেশি উন্নতি হয়েছে তানজিদের। একটি সেঞ্চুরিসহ ৩ ম্যাচে ১৭৫ রান করা এই ওপেনার ৩১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন। তাওহিদ হৃদয় ২ ধাপ এগিয়ে উঠেছেন ৩২ নম্বরে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থান। ব্যাটিংয়ের শীর্ষ তিনে যথারীতি ড্যারিল মিচেল, বিরাট কোহলি ও ইব্রাহিম জাদরান।