পাকিস্তান অধিনায়ক বাবর আজম
পাকিস্তান অধিনায়ক বাবর আজম

একজন বাবরের অভাব ছিল আজমলদের

গত কয়েক বছরে পাকিস্তানের সেরা ক্রিকেটার কে? এই প্রশ্নে বেশির ভাগ উত্তরেই আসবে বাবর আজমের নাম।

পাকিস্তান ক্রিকেটে এই সময়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে কার? এই প্রশ্নের উত্তরেও একই নাম আসার কথা।

অধিনায়কের সমালোচনা পাকিস্তান ক্রিকেটে নিত্য ঘটনা। এর মধ্যেও কয়েকজন সাবেক ক্রিকেটার বরাবরই বাবরের পাশে থাকেন। তাঁদের মধ্যে একজন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। সব সময় বাবরের পাশে থাকা এই স্পিনার জানালেন, তাঁর সময়ে বাবরের মতো একজন ব্যাটসম্যানের অভাব অনুভব করতেন।

২০০৮ থেকে ২০১৫—এই সময়ে পাকিস্তানের হয়ে সব সংস্করণ মিলিয়ে ২১২টি ম্যাচ খেলেন আজমল। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মিসবাহ উল হকের সঙ্গে—একসঙ্গে ১৪৮ ম্যাচে। উমর আকমলের সঙ্গে খেলেছেন ১৪৩ ম্যাচ। পাকিস্তান কিংবদন্তি ইউনিস খানের সঙ্গে খেলেছেন ১০০ ম্যাচ।

মিসবাহ ব্যাট হাতে ধারাবাহিক থাকলেও মিডল অর্ডারের এই ব্যাটসম্যান ঠিক বাবরের মানের ছিলেন না। ব্যাট হাতে প্রতিভাবান হলেও উমর আকমল ছিলেন অধারাবাহিক। টেস্টে পাকিস্তানের হয়ে ১০ হাজার রান করা ইউনিস খান ওয়ানডেতে টেস্টের মতো সফল ছিলেন না।

পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল

সব মিলিয়ে এই সময়ে পাকিস্তানের ব্যাটিং খুব একটা শক্তিশালী ছিল না। সে কারণেই বাবরের মতো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব অনুভব করতেন আজমল।

ক্রিকেটপাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আজমল বলেছেন, ‘আমি যখন খেলেছি, বাবরের মতো একজন ব্যাটসম্যান দলে চাইতাম যে ক্রিজে টিকে থাকতে পারে, ধৈর্য ধরে রান করতে পারে। সেটা হলে বোলাররা কিছুটা এগিয়ে থাকত, অন্তত প্রতিপক্ষকে আটকে ফেলার জন্য যথেষ্ট রান থাকত। এখন যখন আমাদের ব্যাটিং শক্তিশালী, তখন বোলিংটা দুর্বল। এই কারণে এর আগে বলেছিলাম যে আমাদের বাবরের মতো আরও কয়েকজন ক্রিকেটার দরকার। কথাটা কাউকে ছোট করতে বলিনি।’

পাকিস্তানে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রায়ই সমালোচনা শোনা যায়। আজমলও মানছেন অধিনায়কত্ব নিয়ে বাবরের সমালোচনা করা যায়, তবে সেগুলো সমাধানযোগ্য, ‘মানছি, অধিনায়কত্বে তার কিছু সমস্যা আছে। কিন্তু এটা তাকে ভালো পরামর্শ দিয়ে সমাধান করা যায়। তার ব্যাটিংয়ে কোনো ভুল নেই। তাই ব্যাটিং নিয়ে সমালোচনার প্রয়োজন নেই। যদি আপনার দলের কোনো ক্রিকেটার টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সংস্করণের সেরা দশে থাকে, দ্রুততম সময়ে ৫ হাজার রান করতে পারে, সব রেকর্ড যদি নিজের করে নিতে পারে, তাহলে কেন আমরা তাকে সমর্থন করব না?’