মিচেলের দিকে বল ছুড়ে জরিমানা গুনলেন অর্শদীপ
মিচেলের দিকে বল ছুড়ে জরিমানা গুনলেন অর্শদীপ

ফাইনালে মিচেলের দিকে বল ছুড়ে জরিমানা গুনলেন অর্শদীপ

টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আচরণবিধি লঙ্ঘন করে শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। আহমেদাবাদে গত রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আচরণবিধির লেভেল ১ ধারা ভঙ্গের দায়ে অর্শদীপকে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

অর্শদীপ আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন। এই ধারাটি মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের শরীর লক্ষ্য করে বা তার আশপাশে বিপজ্জনকভাবে বল কিংবা অন্য কোনো ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারা সংশ্লিষ্ট।

ঘটনাটি ঘটেছিল নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে। সেই ওভারে অর্শদীপ নিজের বলে ফিল্ডিং করে ব্যাটসম্যান ড্যারিল মিচেলের দিকে আক্রমণাত্মকভাবে বল ছুড়ে মারেন, যা গিয়ে লাগে মিচেলের প্যাডে।

ড্যারিল মিচেল

জরিমানা ছাড়াও অর্শদীপের রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি অর্শদীপের আচরণবিধি লঙ্ঘনের প্রথম ঘটনা। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি ভারতীয় বোলার মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

লেভেল ১ লঙ্ঘনের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার আর সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। যখন একজন খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্টে পৌঁছান, তখন খেলোয়াড় নিষিদ্ধ হন।