টি–টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার দুপুরে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল
টি–টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার দুপুরে সিলেটে পৌঁছায় বাংলাদেশ দল

সিলেট এসেই মাঠে সাকিব-হাথুরুসিংহে

দৃশ্যটা গতকাল রাতের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের খেলা শেষে পুরস্কার বিতরণের প্রস্তুতি চলছিল। এ সময় বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাকিব আল হাসানের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যাচ্ছিল। সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও।

তিনজনই হয়তো আফগানিস্তানের বিপক্ষে ১৪ জুলাই শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আলাপ করছিলেন। আজ টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু সিলেটে পৌঁছেও কোচ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের সলাপরামর্শ চলছিল। দুপুরে সিলেটের টিম হোটেলে পৌঁছানোর পরই দুজন চলে আসেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। জানা গেছে, দুজনই উইকেট দেখতে মাঠে চলে আসেন। টি-টোয়েন্টি দলের আরও এক সদস্য নাসুম আহমেদও আসেন মাঠে। তিনি হোটেল থেকে সরাসরি মাঠে আসেন জিম করতে।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৪ ও ১৬ জুলাই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা তাই যেভাবেই হোক জিততে চাইবেন সাকিবরা। কাজটা অবশ্যই কঠিন। সংস্করণ যত ছোট, আফগানরা ততই শক্তিশালী। অতীত রেকর্ডও আফগানদের পক্ষে। দুই দলের নয়বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র তিন ম্যাচ।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর এবার টি–টোয়েন্টি সিরিজ সিলেটে

তবে এ বছরের ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনুপ্রেরণা নিতে পারেন সাকিবরা। সেই সিরিজেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে হেরে শেষ ম্যাচটা জিতেছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কোনো ম্যাচে জিততে দেয়নি সাকিবের বাংলাদেশ।

গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে আফগানদের ধসিয়ে দিয়েছে লিটন দাসের দল। সে আত্মবিশ্বাসটা নিশ্চয়ই দলের মধ্যে এখনো বহমান। সাকিব-হাথুরু জুটি হয়তো সেটি টি-টোয়েন্টি সিরিজেও কাজে লাগাতে চাইবেন।

সিলেটে সাকিবের নেতৃত্বে টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ

এদিকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে আজ ১২ জুলাই থেকে। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।