পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাকিবের
পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাকিবের

পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাকিবের

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে কয়েক মাস ধরেই বেশ আলোচনা। বিসিবি কর্মকর্তারা এমনও বলেছিলেন, ১১ মার্চ থেকে শুরু পাকিস্তান সিরিজ দিয়েই আবার জাতীয় দলে ফিরতে পারেন তিনি। তবে বাস্তবে সে সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ওয়ানডের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই সাকিবের।

২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে আসতে পারেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে আছে হত্যা মামলাও। এসব মামলার সুরাহা করে সাকিবকে আবার দেশের ক্রিকেটে ফেরানোর উদ্যোগ বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে তারা।

সাকিবকে দেশে ফিরিয়ে পাকিস্তান সিরিজে খেলানোর মতো বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

কাল কক্সবাজারে বিসিবি পরিচালক আসিফ আকবর আরও একবার সাংবাদিকদের জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের ক্রিকেটে ফিরবেন সাকিব। ‘সাকিবের যে আইনি বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের জন্য মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে’ বলেন তিনি।

কিন্তু সাকিবকে দেশে ফিরিয়ে পাকিস্তান সিরিজে খেলানোর মতো বাস্তব পরিস্থিতি এখনো তৈরি হয়নি। এদিকে আজকালের মধ্যেই ঘোষিত হওয়ার কথা পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল। জানা গেছে, দলে সাকিবকে রাখার ব্যাপারে বিসিবির কাছ থেকে কোনো সবুজসংকেত পায়নি নির্বাচক কমিটি। ফিটনেস পরীক্ষা ছাড়া এবং অনুশীলন না দেখে এত দিন পর সাকিবকে কীসের ভিত্তিতে দলে নেওয়া হবে, সে বিষয়টিও নির্বাচক কমিটির কাছে পরিষ্কার নয়। পাকিস্তান সিরিজের জন্য তারা বিসিবিতে যে দল জমা দিয়েছে, সেখানে তাই সাকিবের নাম নেই বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

পাকিস্তান সিরিজের জন্য তারা বিসিবিতে যে দল জমা দিয়েছে, সেখানে তাই সাকিবের নাম নেই বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

জানা গেছে, দেশে ফিরতে পারলে সাকিব আগে বিসিবির ফিজিও–ট্রেনারদের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করবেন। প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে দলে ফেরানোর আগে তাঁর পারফরম্যান্সও দেখতে চাইবে নির্বাচক কমিটি, সেটি হতে পারে ঘরোয়া ক্রিকেটেও।