২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের পর হতাশ পাকিস্তানের (বাঁ থেকে) রিজওয়ান, খুশদিল ও নাসিম
২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের পর হতাশ পাকিস্তানের (বাঁ থেকে) রিজওয়ান, খুশদিল ও নাসিম

বড় উপলক্ষে পাকিস্তানের ব্যর্থতায় হতাশ রমিজ

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ছিলেন রমিজ রাজা। তাঁর সময় বেশ ভালো করেছে দল। গত বছর খেলেছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে, তার আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলকে পাকিস্তানে আনতেও বড় অবদান রেখেছেন রমিজ।

সে সময় বারবার তীরে এসে তরি ডুবলেও বোর্ড চেয়ারম্যানের কর্তব্য হিসেবে দলের পাশেই থেকেছেন রমিজ। চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পরও বাবর আজম-শাহিন আফ্রিদিদের পাশেই আছেন তিনি। তবে পাকিস্তান বড় উপলক্ষে জিততে না পারায় তিনি বেশ হতাশ রমিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে প্রথমবার আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল বাবরের দল। কিন্তু রোববার শেষ ওয়ানডে হেরে ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার তিনে নেমে গেছে তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা

কিউইদের ধবলধোলাই করে শীর্ষস্থান ধরে রাখতে না পারাতেই হতাশ রমিজ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘ধবলধোলাই করার বড় সুযোগ ছিল পাকিস্তানের সামনে। দুর্ভাগ্যবশত হয়নি। এতে তীব্র অনুশোচনা হবে। ইংল্যান্ডের বিপক্ষেও এমন সুযোগ এসেছিল, যখন আমরা টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলাম। এরপরও ওরা (ইংলিশরা) সিরিজ জিতে নিল। একইভাবে আমরা এশিয়া কাপের পুল পর্বে (সুপার ফোর) শ্রীলঙ্কার কাছে হারার পর ফাইনালেও হেরে গেলাম। আসলে পাকিস্তান বড় সুযোগগুলো কাজে লাগাতে পারে না।’