ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হানড্রেড’-এ এবারই প্রথম খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হলো। এর আগের সংস্করণগুলোয় ড্রাফট–ব্যবস্থা ছিল। গতকাল মধ্য লন্ডনের পিক্কাডিল্লি লাইটসে ছেলেদের আসরের নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামের নিয়ম অনুযায়ী, আটটি ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতে খেলোয়াড়সংখ্যা থাকবে ১৪ থেকে ১৬। আগেই ধরে রাখা খেলোয়াড় কিংবা নিলামের আগে সরাসরি চুক্তি করা খেলোয়াড় এই তালিকার অন্তর্ভুক্ত।
ইংল্যান্ড কিংবদন্তি জো রুট ছিলেন নিলামে প্রথম। তাঁকে ২ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নেয় ট্রেন্ট রকেটস। নিলামে পরের দুজন খেলোয়াড়ের দাম ওঠে আরও বেশি। ইংল্যান্ড স্পিনার আদিল রশিদকে ২ লাখ ৬০ হাজার পাউন্ডে কেনে সাউদার্ন ব্রেভ। ৩ লাখ পাউন্ডে জর্ডান কক্সকে দলে টানে ওয়েলশ ফায়ার। এমআই লন্ডন ২ লাখ ৬০ হাজার পাউন্ডে দলে নেয় টম কারেনকে।
এই চার খেলোয়াড়ই নিলাম শেষে সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। সাসেক্সের আনক্যাপড অলরাউন্ডার জেমস কোলস এ তালিকায় সবচেয়ে দামি। তাঁকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে কেনে লন্ডন স্পিরিট।