পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি

বাংলাদেশের সঙ্গে অন্যায় আইসিসি স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি, বললেন নাকভি

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা কেটে গেছে কাল রাতে। পাকিস্তান সরকার নিশ্চিত করেছে ভারতের বিপক্ষে ১৫ তারিখে পাকিস্তান খেলবে।

এ সিদ্ধান্ত এসেছে লাহোরে পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের বৈঠকের পর। এ নিয়ে আজ পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

আজ সাংবাদিকদের নাকভি বলেছেন, ‘আমরা (আমাদের আলোচনায়) বাংলাদেশের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছু সম্মান আদায় করা এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার করা।’

পরশু লাহোরে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলামের। মাঝে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। বিসিবি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে স্থলাভিষিক্ত করা হয় স্কটল্যান্ডকে। নাকভি আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ এনেছিলেন।

নাকভি আজ আরও বলেছেন, ‘আপনারা দেখেছেন বাংলাদেশ যা চেয়েছিল, তার সবই মেনে নেওয়া হয়েছে এবং এটাই মূল বিষয়। এতে আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। তারা যা খুশি বলতে পারে, কিন্তু আমাদের কাজ ছিল শুধু বাংলাদেশকে নিয়ে। সরকার সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিল। যখন তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো এবং এটা স্বীকার করা হলো যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, তখনই আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি।’