জেমি সিডন্স
জেমি সিডন্স

বাংলাদেশের সাবেক কোচ এখন শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ

শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আজ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অস্ট্রেলিয়ান এই কোচের নিয়োগের ঘোষণা দিয়েছে।

শ্রীলঙ্কা দলের সঙ্গে সিডন্সের যাত্রা শুরু হবে বাংলাদেশ সফর দিয়েই। আগামী এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশ সফর করবে। এরপর নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা।

সিডন্স শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে থাকবেন এক বছর। ১৬ মার্চ থেকেই শ্রীলঙ্কার দায়িত্ব নিতে যাওয়া সিডন্স ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। সে সময় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের ক্যারিয়ারে বড় ছাপ রেখে গেছেন।

বাংলাদেশ দলের সাবেক কোচ সিডন্স ও সাবেক অধিনায়ক সাকিব যখন একই ফ্রেমে

পরে তিনি আবার বাংলাদেশের ক্রিকেটে কাজ করেছেন। সামলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব, বয়সভিত্তিক লেভেলেও কাজ করেছেন।

এ ছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট দল সাউথ অস্ট্রেলিয়া (২০১৫-২০২০) ও নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডসের (২০১১-২০১৫) প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে এই লেভেল ৩ যোগ্যতাসম্পন্ন কোচের।

খেলোয়াড় হিসেবে সফল সিডন্স সাউথ অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া—উভয় দলেরই অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি একটি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৬০টি, লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৭০টি।