দুই দিন আগেই নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে পিসিবি। নতুন নির্বাচক কমিটিতে অন্যতম আলোচিত নাম হাসান চিমা। পিসিবি তাঁকে নিয়োগ দিয়েছে ‘নির্বাচক কমিটির সচিব এবং বিশ্লেষণ ও দলীয় কৌশলের ব্যবস্থাপক’ হিসেবে।
তাঁকে নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে একটা গুঞ্জন শুরু হয়। দল নির্বাচনে তাহলে কি অধিনায়ক বাবর আজমের ভূমিকা একেবারেই কমে গেল? প্রধান নির্বাচক হারুন রশীদ অবশ্য সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
হাসান চিমা একসময় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতে লেখক হিসেবে কাজ করেছেন। এরপর তিনি পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডের বিশ্লেষক হিসেবে ছিলেন। তাঁকে নির্বাচক কমিটিতে নেওয়ার কারণ হিসেবে বিবিসি উর্দুকে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘আমরা দল নির্বাচনে তথ্য-উপাত্ত ব্যবহার করতে চাই, হাসান এ ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ।’
এ ছাড়া নির্বাচক কমিটির নিয়োগ নিয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করা চিমা, আর্থার ও ব্র্যাডবার্নের উপস্থিতি আসন্ন সিরিজগুলোয় কৌশল নির্ধারণে, বেঞ্চের শক্তিমত্তা বাড়াতে, শাহিনস ও অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে আসার সঠিক গতিপথ প্রদানে সহায়তা করবে।’
বর্তমান ক্রিকেটে তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ, তবে দল নির্বাচনে অধিনায়কের পর্যবেক্ষণও কম গুরুত্বপূর্ণ নয়। প্রধান নির্বাচক হারুন রশীদও জানিয়েছেন, দল নির্বাচনে আগের মতোই বাবরের মতের গুরুত্ব দেওয়া হবে, ‘অধিনায়ক নির্বাচন প্রক্রিয়ার অংশ থাকবে। আগের মতোই তার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এখন সে নির্বাচন নিয়ে সরাসরি কোচের সঙ্গে কথা বলতে পারবে।’
কেন হাসান চিমাকে নির্বাচক কমিটির অংশ করা হয়েছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন হারুন রশীদ, ‘বিশেষজ্ঞ কোচের সঙ্গে কৌশলের ব্যবস্থাপক নিয়ে গড়া নির্বাচক কমিটি পাকিস্তান ক্রিকেটকে নতুন পথে নিতে সাহায্য করবে। তার নিয়োগে আমরা লাভবান হব।’