আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি আফগানিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে এটাই প্রথম টেস্ট বাংলাদেশ দলের।
তিন বছরে ৮ টেস্ট খেলতে না পারলে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নাম ওঠে না। বাংলাদেশের সঙ্গে ম্যাচটা আফগানিস্তানের এই সময়ের মধ্যে ষষ্ঠ টেস্ট। র্যাঙ্কিংয়ে নাম তুলতে তাদের আরও দুটি টেস্ট খেলতে হবে। এতটুকু পড়ে নিশ্চয়ই আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে। তাহলে কিন্তু একটু ভুলই করবেন।
কেন ভুল হবে সেটা জানতে ক্লিক করুন নিচের লিংকে।
র্যাঙ্কিংয়ে না থাকা আফগানিস্তানও কেন বাংলাদেশের চ্যালেঞ্জ
বাংলাদেশ–আফগানিস্তান টেস্টে এতদিন ছড়ি ঘুরিয়েছেন কারা? মানে কাদের পারফরম্যান্স সবচেয়ে ভালো—তা জানতে ক্লিক করুন নিচের লিংকে।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন।
উইকেট বেশ শুষ্ক, আর গরমও অনেক। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা একটু কঠিন হবে।টসের সময় নাজমুল হোসেন
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ: আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহীদি, ইকরাম আলিখিল (উইকেটকিপার), জিয়া-উর-রহমান , শহিদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই, কাইস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ইসমত আলম।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩ ওভারে ৯/০
এখনো তেমন কিছুই ঘটেনি। তানজিদ হাসান ও সাদমান সাবলীলভাবেই শুরুটা করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের চোখ বড় সংগ্রহের দিকেই থাকবে।
এই মাঠে প্রথম ইনিংসে দলীয় গড় স্কোর ৩৬০।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭ ওভারে ৩২/০
৫ রানে জীবন পেলেন সাদমান। সপ্তম ওভারে ইয়ামিন আহমদজাইয়ের বলে কাভারে হাশমতউল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়েছিলেন সাদমান। মিস করেছেন শহীদি। অন্য প্রান্তে ওয়ানডে মেজাজে ২৪ বলে ২১ রান করেছেন তানজিদ।
বাংলাদেশ ১ম ইনিংস: ১০.২ ওভারে ৫৬/০
তানজিদ–সাদমানের ব্যাটে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুজনে মিলে এরইমধ্যে তুলেছেন ৫৬ রান। তানজিদ খেলছেন আক্রমণাত্মক কৌশলে, ৩৩ বলে ৩৮ রানে অপরাজিত তিনি। সাদমান ৩০ বলে ১৩ রানে অপরাজিত।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪ ওভারে ৭৪/০
আফগানিস্তানের বোলারদের বিপক্ষে তানজিদ ইনিংসের শুরু থেকেই ছিলেন সাবলীল। তিনি ফিফটি পেয়েছেন ৪১ বলে। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে সেঞ্চুরি পেয়েছিলেন এই ওপেনার। অন্য প্রান্তে সাদমান খেলছেন প্রথাগত টেস্ট মেজাজে। ৪৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন সাদমান।
বাংলাদেশ ১ম ইনিংস: ১৮ ওভারে ১০৩/০
ওপেনিং জুটিতে শতরান তুলল বাংলাদেশ। তানজিদের ব্যাট থেকে এসেছে ফিফটি। ৫৪ বলে ৬৬ রানে অপরাজিত আছেন তানজিদ। সাদমান তাঁকে সঙ্গ দিচ্ছেন, ৩২ রানে অপরাজিত তিনি।
গত বছরের নভেম্বরে সর্বশেষ ওপেনিং জুটিতে শতরান দেখেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টেও ছিলেন সাদমান, সঙ্গী ছিলেন মাহমুদুল হাসান।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩ ওভারে ১২৪/১
না, সেঞ্চুরিটা হলো না। তানজিদ ফিরলেন ৮৩ রান করে। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তানজিদ। দারণ ক্যাচ নিয়েছেন আফগান উইকেটকিপার ইকরাম। উইকেটে এসেছেন মুমিনুল হক।
কৌশল পরিবর্তনের সুফল পেয়েছে আফগানিস্তান। উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে অভ্যস্ত তানজিদের জন্য উইকেটকিপারকে তারা এগিয়ে আনেন স্টাম্পের কাছে। সেটাই হয়তো তানজিদের মনযোগে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে। এরপর ষষ্ঠ স্টাম্পের লাইনে করা শর্ট বলে ব্যাট ছোঁয়ান তানজিদ। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬ ওভারে ১৩৪/১ (প্রথম সেশন শেষে)
তানজিদের ব্যাটে প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। ৭১ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন তানজিদ। সাদমানও তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন, অপরাজিত ৪১ রানে। তাঁর সঙ্গে উইকেটে আছেন মুমিনুল, এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে ৫ রান।
আফগানিস্তানের হয়ে একটি উইকেট নিয়েছেন ইসমত আলম।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬ ওভারে ১৩৪/১ (তানজিদ ৮৩, সাদমান ৪১*, মুমিনুল ৫*; ইসমত ১/১৭, সালিম ০/৩১, হাশমতউল্লাহ ০/২৪, ইয়ামিন ০/৩৭)। প্রথম সেশন শেষে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩ ওভারে ১৬৪/১
৫ রানে জীবন পেয়েছিলেন। শহীদির ক্যাচ মিসে বেঁচে যান। সেই সাদমান পেয়েছেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর নবম ফিফটি। এর আগে তানজিদও ফিফটি করেন। তিনি আউট হয়েছেন ৮৩ রানে। সাদমান নিশ্চয়ই একই ভুল করতে চাইবেন না!
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৮ ওভারে ১৮৪/২
সেঞ্চুরি মিস করলেন সাদমানও। তাঁর সামনেও ছিল বড় ইনিংস খেলার সুযোগ। কিন্তু ৬৭ রান করে ফিরেছেন এই ওপেনার।
সেলিমের বুকসমান উচ্চতায় শর্ট বলে পুল খেলেছিলেন সাদমান। মাটিতে রাখতে চাইলেও পারেননি। বল চলে যায় স্কয়ার লেগে থাকা ফিল্ডার জিয়া-উর-রহমানের কাছে। দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২ ওভারে ২০২/২
দুই ওপেনার ফেরার পরও বাংলাদেশের রানের গতি থেমে নেই। মুমিনুল হকের সঙ্গে এখন উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন। দুজনেই খেলছেন সাবলীলভাবে। মুমিনুল ৩৫ আর নাজমুল ১২ রানে অপরাজিত।
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭.৪ ওভারে ২২১/৩
তানজিদ–সাদমান ফিফটি পেয়েছেন। মুমিনুল সেটাও করতে পারেননি। ৩৯ রানে ইয়ামিন আহমদজাইর বলে আউট হয়েছেন।
আহমদজাইর লেংথ বলটা কিছুটা ভেতরের দিকে ঢুকছিল। পিচে পড়ে একটু ধীরগতিরও হয়েছে। মুমিনুল সামনের পায়ে ভর দিয়ে বলটি খেলতে চেয়েছিলেন । কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো করতে পারেননি। ক্যাচ দিয়েছেন কাভারে, রহমত শাহর কাছে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০ ওভারে ২২৪/৪
শূন্য রানে ফিরলেন মুশফিক। ইয়ামিন আহমদজাইর বলে বোল্ড হয়ে ফিরেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর করা মিডল স্টাম্প বরবার ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়েছেন মুশফিক।
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১ ওভারে ২২৫/৫
মুমিনুল, মুশফিকের পর অধিনায়ক নাজমুলও ফিরলেন। আউট হয়েছেন ২৯ রান করে। তাঁকে ফিরিয়েছেন স্পিনার কায়েস আহমেদ।
২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ ২২৫ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। মানে ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে দলটি। এই সেশনে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগান বোলাররা। তাদের পেসারদের গতি বেড়েছে, স্পিনারও ভালো জায়গায় বোলিং করছেন।
প্রথম দিনের দ্বিতীয় সেশন হলো। ৯৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে এই সেশনে। এখন উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। মেহেদীর রান এখনও শূন্য, লিটন অপরাজিত আছেন ৩ রানে।
এটিই বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি। তাদের ব্যাটে ঘুরে দাঁড়াতে না পারলে বিপদে পড়ে যাবে বাংলাদেশ। এখন পর্যন্ত কাজটা ঠিকঠাক করছেন মিরাজ ও লিটন। দুজনের জুটিতে এসেছে ৪২ রান।
বাংলাদেশ ১ম ইনিংসে : ৬৪ ওভারে ২৬৭/৫
হঠাৎ ধসের পর মিরাজ ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাও লম্বা হলো না খুব একটা। ইশমত আলমের বলে বোল্ড হয়ে গেছেন মিরাজ। তাঁর অফ স্টাম্পের বাইরের বল মিরাজের ব্যাট হয়ে গেছে স্টাম্পে। এখন বাংলাদেশ তাকিয়ে শুধু লিটনের দিকে, ৪০ রানে অপরাজিত তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন নাঈম হাসান।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭২.২ ওভারে ২৮৭/৬
এক রান করেই ব্যাটটা উঁচিয়ে ধরেছিলেন লিটন দাস। তা যে রসিকতা করে করা— আগের তিন ইনিংসে তাঁর ডাক মারার কথা মনে থাকলে বুঝতে পারবেন যেকেউই। লিটন আরও একবার ব্যাট উঁচিয়ে ধরলেন এই ইনিংসে, তবে এবার ফিফটি করে।
আহমেদজাইয়ের বলে চার মেরে ফিফটি করেন লিটন। কিন্তু এরপর আর দুই বলও টিকলেন না! সেলিম শাফির বলে ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হয়ে গেছেন। বাংলাদেশ সপ্তম উইকেট হারিয়েছে। তারা তিন শ পার করলেও কতদূর যাবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৯.১ ওভারে ৩০৩/৭
প্রথম দিনের খেলা শেষ হয়ে গেল। বাংলাদেশ ৮ উইকেটে ৩১৬ রান করেছে। দিনশেষে আফগানিস্তানেরই খুশি হওয়ার কথা। প্রথম তিন ঘণ্টা পরও তারা হয়তো এমন সমাপ্তির কথা চিন্তাও করেনি। উদ্বোধনী জুটিতে ১২৪ রান করেছিল বাংলাদেশ, ফিফটি পেয়েছিলেন দুই ওপেনারই।
কিন্তু হুট করে ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আশা দেখেছিল। সেটিও হয়নি, ইনিংসটা লম্বা করতে পারেননি কেউই। মিরাজ ২৪ আর লিটন ফিরেছেন ৫৩ রানে। আগামীকাল বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলাম (৪)।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩১৭/৮ (সাদমান ৬৭, তানজিদ ৮৩, মুমিনুল ৩৯, নাজমুল ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, নাঈম ১১*, হাসান ২, তাইজুল ৪*; সেলিম ৩/৭০, ইসমত ২/২০, ইয়ামিন ২/৬২)। (১ম দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮৬ ওভারে ৩২৪/৮।
দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে আবুধাবিতে।
তাইজুল ৫ ও নাঈম ১৭ রানে অপরাজিত।
বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৩৫/৯
সেই সেলিমই উইকেট পেলেন। প্রথম দিনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ভোগানো এই পেসার আজ পেয়েছেন তাইজুলের উইকেট। ৯ রান করেছেন তাইজুল। এই উইকেটটিও তিনি পেয়েছেন শর্ট ডেলিভারিতে। এর আগে সাদমান ও লিটনকেও শর্ট ডেলিভারিতে আউট করেছেন।
৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এর সঙ্গে আজ যোগ করতে পেরেছে আরও ২৯ রান। সেটা এসেছে স্পিন বোলিং অলরাউন্ডার নাঈম হাসানের সৌজন্যে। ৩৫ রানে অপরাজিত ছিলেন নাঈম।
এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০। বাংলাদেশের সংগ্রহটা এর চেয়েও বড় হতে পারত। এক সময় বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ২২১ রান। শেষ ১২৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে নাজমুল হোসেনের দল।
আফগানিস্তানের হয়ে ৪ উইকেট নিয়েছেন সেলিম।
বাংলাদেশ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, নাঈম ৩৫*, নাজমুল ২৯, মিরাজ ২৪; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯, ইসমত ২/২০, কায়েস ১/৬০)।
অবিশ্বাস্য!
হাসান মাহমুদের বলে সেদিকউল্লাহ আতালের ব্যাট ছুঁয়ে বল চলে যায় লিটন দাসের হাতে। আউটের জোরালো আবেদন করেন বোলার ও ফিল্ডাররা। তবে আম্পায়ার সাড়া দেননি।
বাংলাদেশও রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় আলট্রাএজে স্পষ্ট স্পাইক ছিল। অর্থাৎ, ব্যাটের কানায় লেগেছিল বল। একই সময়ে ব্যাট প্যাডে লাগায় বিভ্রান্ত হয়ে যায় বাংলাদেশ। ফলে উইকেট পাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া হয় তাদের।
হাসানের করা আগের ওভারে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। সেটিতে বল ব্যাটের কাছ থেকেও যায়নি।
আফগানিস্তান ১ম ইনিংস: ১০.৩ ওভারে ৩০/১
হাসানের বলেই আউট হলেন আতাল। ফিরলেন ১৭ রান করে। স্লিপে হাসানের বলে ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান।
এর আগেও একবার উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন আতাল। আম্পায়ারের আউট না দেওয়া আর নাজমুল রিভিউ না নেওয়াতে সেবার বেঁচে যান। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি এই ওপেনার।
আফগানিস্তান ১ম ইনিংস: ১৩ ওভারে ৩৪/১
আরও ২–১ টা উইকেট পেলে সেশনটা পুরোপুরি বাংলাদেশের হতো। সুযোগও ছিল। কারণ বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণই হয়েছিল। বিশেষ করে হাসান ছিলেন দুর্দান্ত। এখন পর্যন্ত ৭ ওভার বোলিং করে ১১ রান দিয়েছেন হাসান, আউট করেছেন আতালকে।
সব মিলিয়ে এই সেশনে ২১.২ ওভারে ৬৩ রান উঠেছে, পড়েছে ৩ উইকেট।
আফগানিস্তান ১ম ইনিংস: ১৭ ওভারে ৫৪/১
১ উইকেট হারিয়েই ৫০ রান পার করেছে আফগানিস্তান। হাসানের সঙ্গে অন্য প্রান্তে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে দুই পেসার, মিরাজকে আসতে হয়েছে তাই আগেভাগেই। তিনি এখন পর্যন্ত ৪ ওভারে ৯ রান দিয়েছেন।
আফগানিস্তান ১ম ইনিংস: ২১ ওভারে ৬৮/২
বাউন্সারেই বাজিমাত। ২০ রানে ফিরলেন শহিদুল্লাহ। ইবাদতের শর্ট বলে পুল খেলেন এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে বল চলে যায় ডিপ ফাইন লেগের দিকে। দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন হাসান মাহমুদ।
এরপর ইবাদতের চিরচেনা স্যালুট উদ্যাপন!
আফগানিস্তান ১ম ইনিংস: ২৬ ওভারে ৮০/২
রহমত শাহকে সঙ্গে নিয়ে আব্দুল মালিক জুটি গড়ার চেষ্টা করছেন। ৩৩ রানে ব্যাটিং করছেন মালিক, ৯ রানে অধিনায়ক রহমত শাহ।
বোলিং করছেন তাইজুল, ৩ ওভারে দিয়েছেন ৬ রান। নতুন বোলার নাঈম হাসান।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
আফগানিস্তান ১ম ইনিংস: ৩২ ওভারে ১০৬/২
সাবলীলভাবে খেলে যাচ্ছেন রহমত ও মালিক। দুজনে গড়েছেন অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি। ফিফটির পথে আছেন মালিক। ৪৮ রানে অপরাজিত আছেন এই ওপেনার। রহমত অপরাজিত ২০ রানে।
বাংলাদেশের স্পিনাররা এখনো কোনো টার্ন পাচ্ছেন না। দ্বিতীয় দিনের উইকেটেও ব্যাটসম্যানেরা সহায়তা পাচ্ছেন।
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪ ওভারে ১০৯/২
টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি পেয়েছেন মালিক। রহমত শাহকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে এখন পর্যন্ত তুলেছেন ৪৫ রান।
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৮ ওভারে ১১৯/২
কে নেবেন উইকেট?
আফগানিস্তানের উইকেট পড়েছে দুটি, একটি নিয়েছেন হাসান অন্যটি ইবাদত। মিরাজ, নাঈম ও তাইজুল—তিন স্পিনারের কেউই এখনো উইকেট পাননি। উইকেটের খোঁজে আবারও হাসানের কাছেই গেছেন অধিনায়ক নাজমুল।
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩১/২
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা আফগানিস্তানের। এই সেশনে দলটি হারিয়েছে ১ উইকেট, ৩২ ওভারে তুলেছে ৯৭ রান। আফগানিস্তান এখনো পিছিয়ে ২১৫ রানে। ৬০ রানে অপরাজিত আছেন মালিক, ৩৩ রানে রহমত। তৃতীয় উইকেট জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৬৭ রান।
আফগানিস্তানের জুটি ভাঙল অবশেষে। আব্দুল মালিক আর রহমত শাহর জুটিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তারা। দুজনের ৭০ রানের জুটি ভেঙে দিয়েছেন ইবাদত। ৬২ রান করে তাঁর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ওপেনার মালিক।
আফগানিস্তান ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৩৮/৩
একটা উইকেটের জন্যই ১৫১ বল। লম্বা অপেক্ষায় একটু হতাশাও হয়তো পেয়ে বসেছিল। কিন্তু ৫ বলের ব্যবধানে দুই উইকেট তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেছেন হাসমাতুল্লাহ শহিদী। ২ বলে খেলে শূন্য রান ফিরছেন।
আফগানিস্তান ১ম ইনিংস: ৫১ ওভারে ১৫৬/৪
পরপর দুই বলে চার মেরে দলের রান দুই শ পার করেছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। ৮২ রান করে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান আছেন সেঞ্চুরির পথে। তাঁর সঙ্গী ইকরামও ১৮ রান করে যোগ্য সঙ্গ দিচ্ছেন। বেশ সতর্কভাবেই এগোচ্ছে আফগানিস্তান, এই মুহূর্তে নিয়ন্ত্রণটা তাদের হাতেই।
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৭ ওভারে ২০১/৪
দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। ৪ উইকেটে আফগানিস্তান তুলেছে ২১১ রান। বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে এখনও ১৩৫ রানে পিছিয়ে আছে তারা।
২ উইকেট হাতে নিয়ে দিনটা শুরু করেছিল বাংলাদেশ। ৮.৩ ওভার খেলে ২৯ রান তোলে তারা। অলআউট হয়ে যাওয়ার পর দিনটা অপেক্ষায় অপেক্ষায় কেটেছে বাংলাদেশের বোলারদের।
সবচেয়ে দ্রুত যখন দুটি উইকেট পেয়েছে তারা— তখন অপেক্ষা ছিল ৫ বলের। দিনের শেষটাও উইকেটের অপেক্ষায় থেকে কেটেছে। ১৯৪ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রহমত শাহ ও ইকরাম আলীখিল। ৮৪ রান করা রহমত আছেন সেঞ্চুরির অপেক্ষায়, ২৪ রানে অপরাজিত ইকরাম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৯২.৩ ওভারে ৩৪৬ (সাদমান ৬৭, তানজিদ ৮৩, নাঈম ৩৫*; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)।
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪ (রহমত ৮৪*, মলিক ৬২, ইকরাম ২৬*; ইবাদত ২/৫০. হাসান ১/৩৬, মিরাজ ১/৩৬)
দ্বিতীয় দিনশেষে
তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় নতুন বল পেয়েছে বাংলাদেশ। হাসান ও ইবাদত নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে নিশ্চয়ই রহমত–ইকরাম জুটি ভাঙতে চান।
আফগানিস্তান ১ম ইনিংস: ৮২ ওভারে ২২০/৫
এটাই চেয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন ইবাদত হোসেন।
ইবাদতের অফ স্টাম্পের চ্যানেলে পড়া বলটি দারুণভাবে ভেতরে ঢোকে। ইকরামের ব্যাট–প্যাডের ফাঁক গলিয়ে সরাসরি স্টাম্পে আঘাত হানে বল। এটি ইবাদতের তৃতীয় উইকেট।
আফগানিস্তান ১ম ইনিংস: ৮৩ ওভারে ২২০/৮
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ। ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন হাসান। আউট করেছেন ইসমত, কায়েস ও জিয়া–উর–রেহমানকে।
৮২.৩ ওভার: হাসানের ব্যাক অব আ লেংথের বলটি নিচু হয়ে ঢুকে যায় ভেতরে। সামলাতে পারেননি ইসমত আলম, হন বোল্ড।
৮২.৪ ওভার: লিটন দাসও এখানে কৃতিত্ব পাবেন। হাসানের বলে কায়েসের ব্যাটের কানায় লেগে বল চলে যাচ্ছিল স্লিপের দিকে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নেন লিটন।
৮২.৫ ওভার: জিয়া-উর–রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল গিয়ে আঘাত করত অফ স্টাম্পের ওপরের অংশে।
আফগানিস্তান ১ম ইনিংস: ৮৭ ওভারে ২২৩/৯
আবারও হাসানের ৫ উইকেট। গত আগষ্টে ডারউইন টেস্টে ৯ উইকেট নেওয়া হাসান আফগানিস্তানের বিপক্ষে আবু ধাবিতেও পেলেন ৫ উইকেট। পঞ্চম উইকেটটি পেয়েছেন ইয়ামিন আহমদজাইর। উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।
টেস্টে এটি হাসানের চতুর্থ ফাইফার। এটি হাসানের ৫০তম উইকেটও।
আফগানিস্তান ১ম ইনিংস: ৮৯ ওভারে ২৩৬/৯
অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করলেন রহমত শাহ। সব মিলিয়ে টেস্টে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪০ রানে। মানে আজ ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে আফগানিস্তান। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ১০৬ রানের।
কারণটা হাসান ও ইবাদত। আজ ৬ উইকেটের মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান, ইবাদত ২টি। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের দেখাও পেয়েছেন হাসান।
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০ (রহমত ১০৫*, মালিক ৬২; হাসান ৫/৫৫, ইবাদত ৪/৫৬)। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে এগিয়ে
বাংলাদেশ ২য় ইনিংস: ৭ ওভারে ৩১/০
দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে। তানজিদ হাসান ও সাদমান ইসলাম দুজনেই খেলছেন সাবলীলভাবে। প্রথম ইনিংসে ফিফটি করেছিলেন দুজনই।
বাংলাদেশ ২য় ইনিংস: ৮ ওভারে ৩৫/১
১৩ রান করে ফিরলেন সাদমান। আফগান পেসার মোহাম্মদ সেলিমের বাউন্সারে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন সাদমান। প্রথম ইনিংসেও এই সেলিমের বাউন্সারে ক্যাচ দিয়ে ফিরেছিলেন সাদমান।
বাংলাদেশের লিড ১৪১ রানের।
বাংলাদেশ ২য় ইনিংস: ১০.৪ ওভারে ৪৪/২
আবার সুযোগ নষ্ট করলেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে ফিরলেন ৭ রানে। ইয়ামিনের করা অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে ব্যাট চালান মুমিনুল। ব্যাটের কানায় লেগে বল যায় প্রথম স্লিপে। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন আতাল। এই উইকেটেই শেষ হয় তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা।
বাংলাদেশ ২য় ইনিংস: ১০.৪ ওভারে ৪৪/২
তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। এই সেশনে উইকেট পড়েছে ৮টি। ৪ উইকেটে ২১১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। দলটি আজ ২৯ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। ১০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২ উইকেটে ৪৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে। বাংলাদেশের লিড এখন ১৫০ রানের।
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩ ওভারে ৪৭/২
মুমিনুল আউট পরপরই লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছিল। বাংলাদেশ দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমেছে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেনকে নিয়ে। সঙ্গে আছেন তানজিদ হাসান (২৫)।
বাংলাদেশ ২য় ইনিংস: ১৫ ওভারে ৫৩/৩
দ্বিতীয় ইনিংসেও ভালো খেলছিলেন তানজিদ। দেখাচ্ছিলেন বড় ইনিংসের স্বপ্ন। তবে এবারও পারেননি। ফিরেছেন ৩১ রান করে। যেভাবে আউট হয়েছেন তাতে খুশি হওয়ার কথা না তানজিদের।
ইয়ামিন আহমদজাইয়ের ব্যাক অব লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন তানজিদ। বাংলাদেশের লিড ১৫৯ রানের।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৫ ওভারে ৮৪/৩
নাজমুল–মুশফিকের ব্যাটে আবার গুছিয়ে উঠছে বাংলাদেশ। ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়েছেন নাজমুল ও মুশফিক। মুশফিক ২২ রানে, নাজমুল ১০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ২য় ইনিংস: ২৭.৩ ওভারে ৯৩/৩
স্টাম্পের সামনে ফুল লেংথের বলে সুইপ করতে গিয়ে মিস করেছিলেন নাজমুল। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারও সাড়া দিয়েছিলেন। তবে নাজমুল রিভিউ নেন।রিভিউতে দেখা যায়, বল স্টাম্প মিস করত। অল্পের জন্য বেঁচে যান নাজমুল।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩০ ওভারে ১১২/৩
মুশফিক–নাজমুলের জুটি থেকে এসেছে অবিচ্ছিন্ন ৫৯ রান। ৪২ রানে ব্যাটিং করছেন মুশফিক, ১৭ রানে নাজমুল। বাংলাদেশের লিড ২১৮ রানের।
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৬ ওভারে ১২৪/৩
দ্বিতীয় সেশনে বাংলাদেশ উইকেট হারিয়েছে একটি। ৩১ রান করে আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান। সেশনের বাকি সময়ের গল্পটা নাজমুল ও মুশফিকের। এই জুটিতে এখন পর্যন্ত ৭১ রান এসেছে। মুশফিক ৪৮, নাজমুল ২৩ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের লিড ২৩০ রানের।
শেষ সেশনের খেলা শুরু হয়েছে। প্রথম ওভারেই ফিফটি পেয়ে গেছেন মুশফিকুর রহিম। টেস্টে এটি তাঁর ৩০তম ফিফটি। বাংলাদেশ লিড এখন ২৩৮।
এবার ফিফটি করলেন নাজমুলও। মুশফিকের সঙ্গে তাঁর জুটিতে লিডটা আরও বড় করছে বাংলাদেশ। এখন তা ২৮৪ রানের। ৭৪ রান করা মুশফিক আছেন সেঞ্চুরির পথে।
শুরুটা হয়েছিল হাসান মাহমুদের হ্যাটট্রিকে, শেষটা তাঁর এলবিডব্লুতে। আবুধাবি টেস্টের তৃতীয় দিনশেষে আফগানিস্তানের চেয়ে ৩২৯ রানে এগিয়ে আছে বাংলাদেশ, তাদের হাতে আছে ৪ উইকেট। দিনের শুরুটা দুর্দান্তই হয়েছিল তাদের জন্য।
ইবাদতের হাত ধরে প্রথম উইকেট পাওয়ার পর হাসান মাহমুদ হ্যাটট্রিক করেন। ২৯ রানের ভেতরই আজ আফগানিস্তানের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর বড় জুটি গড়েন নাজমুল হোসেন ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে ১৫৯ রান আসে।
দুজনই ফিফটি পান, কিন্তু কেউই তিন অঙ্ক ছুতে পারেননি। মুশফিক ৮১ আর নাজমুল আউট হয়েছেন ৮২ রানে। শেষ বিকেলে ৫ ওভারের ব্যবধানে তিন ব্যাটসম্যানকে হারিয়ে একটু বিপদে পড়ে গেছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় এখনও ম্যাচের সুবিধাজনক জায়গায় আছে বাংলাদেশই।
বাংলাদেশ–আফগানিস্তান একমাত্র টেস্টে আজ চতুর্থ দিন। বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে। প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকায় বাংলাদেশ সব মিলিয়ে এগিয়ে ৩২৯ রানে।
দেখার বিষয়, আজ লিড কত রান পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশ। ৫ রান করা লিটন দাসের সঙ্গে ব্যাট করতে নামবেন গতকাল মাত্র এক বল খেলা মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ: ৩৪৬ ও ২৩২/৬। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
দুই প্রান্ত থেকে স্পিনার দিয়ে চতুর্থ দিন শুরু করেছে আফগানিস্তান। আর লিটন দাস শুরু করেছেন বাউন্ডারিতে।
প্রথমে কায়েস আহমেদ এরপর জিয়াউর রেহমান—দুই স্পিনারের বলেই একটি করে চার মেরেছেন লিটন। এর মধ্যে জিয়ার বলে বাউন্ডারি মেরেছেন ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে।
বাংলাদেশ: ৩৪৬ ও ২৪৭/৬। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
আবারও লিটনের বাউন্ডারি। ইনিংসের ৭৭তম ওভারের চতুর্থ বলে কায়েসকে চার মেরেছেন লিটন। এই বাউন্ডারিতে বাংলাদেশের লিড ৩৫০ ছাড়িয়েছে। এই চারে ৯ হাজারের মাইলফলকও স্পর্শ করেছেন লিটন।
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। তাঁর ওপরে আছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
রান পাচ্ছেন, সঙ্গে নতুন ‘জীবন’ও পাচ্ছেন লিটন। দিনের প্রথম বিশ মিনিটের মধ্যে দুবার ক্যাচ দিয়ে বেঁচেছেন তিনি। দুটিই কায়েসের বলে।
১৪ রানে ক্যাচ দিয়েছিলেন স্লিপে, হাতে জমাতে পারেননি শাহিদউল্লাহ কামাল। আর ২৬ রানে নিজের বলে নিজেই ক্যাচ নিতে পারেননি কায়েস।
বাংলাদেশ: ৩৪৬ ও ২৭৩/৬। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
তৃতীয় দিনের শেষ ওভারে হাসান মাহমুদ আউট হওয়ার পর মাত্র এক বলই খেলা হয়েছে। লিটন–মিরাজের জুটির শুরুটা কার্যত আজ সকাল থেকে।
২২৩ রানে শুরু করা জুটিটি এরই মধ্যে পঞ্চাশের বেশি রান যোগ করেছে। তাতে মিরাজের অবদান অবশ্য মাত্র ১১, লিটনের একারই ৩৯।
প্রথম ইনিংসের পর এবার দ্বিতীয় ইনিংসেও ফিফটি পেলেন লিটন দাস। সেলিমের বল স্কয়ার লেগ দিয়ে চার মেরে স্পর্শ করেছেন ক্যারিয়ারের ২২তম টেস্ট ফিফটি।
প্রথমম ইনিংসে করেছিলেন ৫৩ রান।
বাংলাদেশ: ৩৪৬ ও ২৮৫/৬। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় খেলা হয়েছে ১৪ ওভার। বাংলাদেশ কোনো উইকেট হারায়নি, তুলেছে ৬২ রান। এর মধ্যে ৪৭ রানই লিটনের, মিরাজ করেছেন বাকি ১৫ রান। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড হয়েছে ৩৯১ রানের।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩০৬/৬। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
দ্বিতীয় ইনিংসেও তিন শ ছাড়াল বাংলাদেশ। এরই মধ্যে দুই ইনিংস মিলিয়ে লিডও চার শ ছাড়িয়েছে। ক্রিজে আছেন দুই থিতু ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। লিটন ৬২ রানে, মিরাজ ২৬–এ।
চতুর্থ দিনের প্রথম সেশনের খেলা শেষ। দিনের প্রথম দুই ঘণ্টায় ২৬ ওভার ব্যাট করে ১১৪ রান তুলেছে বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজই কাটিয়ে দিয়েছেন পুরোটা সময়।
৬ উইকেটে ২২৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ লাঞ্চ বিরতিতে গেছে ৬ উইকেটে ৩৩৭ রানে। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড থাকায় সব মিলিয়ে বাংলাদেশ এগিয়ে ৪৪৩ রানে। লিটন ৯৬ বল খেলে ৮১ এবং মিরাজ ৭৪ বল খেলে ৩৮ রানে অপরাজিত।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৬৬/৬। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
ফিফটির তালিকায় এবার নাম লেখালেন মিরাজ। ৯২ বলে টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটির দেখা পেয়েছেন তিনি।
ও দিকে তাঁর ব্যাটিং সঙ্গী লিটন আছেন সেঞ্চুরির পথে। দুজনের জুটি এরই মধ্যে এক শ পেরিয়ে সামনের দিকে এগোচ্ছে। বাংলাদেশের লিডও যাচ্ছে পাঁচ শর দিকে।
মিরাজের ফিফটির পরের ওভারে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন লিটন দাস। কায়েস আহমেদের বল পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েই তিন অংক ছোঁয়ার উচ্ছ্বাসে ভাসলেন তিনি। ১১৫ বলে করা সেঞ্চুরিটি টেস্টে তাঁর সপ্তম।
৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সেঞ্চুরির পরের ওভারেই আউট হলেন লিটন। সেলিমের বাউন্সারে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
আর লিটন আউট হতেই সাইডলাইন থেকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন মিরাজকেও দিলেন উঠে যাওয়ার ইশারা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করল ৭ উইকেটে ৩৭২ রানে।
প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকার সুবাদে সব মিলিয়ে ৪৭৮ রানের লিড নিল বাংলাদেশ। অর্থাৎ, জয়ের জন্য আফগানদের করতে হবে ৪৭৯ রান।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডিক্লে. (লিটন ১০২, নাজমুল ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*; সেলিম ২/৬৯, জিয়াউর ২/৮৬)। আফগানিস্তান প্রথম ইনিংস: ২৪০।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডিক্লে.। আফগানিস্তান: ২৪০ ও ৩/১।
রান তাড়ায় নামা আফগানিস্তানকে শুরুতেই ধাক্কা দিলেন ইবাদত হোসেন। প্রথম বলেই নিলেন আবদুল মালিকের উইকেট।
বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করেছে হাসান মাহমুদকে দিয়ে। তাঁর ওভারে উঠেছে ৩ রান। অন্য প্রান্তে বল হাতে নেন ইবাদত, আর তাঁর প্রথম বলেই উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়েছেন মালিক (২ রান)।
নতুন ব্যাটসম্যান শাহিদউল্লাহ, সঙ্গী হয়েছেন সেদিকউল্লাহর।
আবদুল মালিককে ফিরিয়ে টেস্টে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন ইবাদত হোসেন। পেসারদের মধ্যে তাঁর চেয়ে বেশি টেস্ট উইকেট আছে মাত্র তিনজনের—মাশরাফি (৭৮), শাহাদাত (৭২) ও তাসকিন (৫৯)। ইবাদতের মতো ৫০ উইকেট আছে এই ম্যাচেই তাঁর সঙ্গে খেলা হাসান মাহমুদের।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডিক্লে.। আফগানিস্তান: ২৪০ ও ২৮/২।
উইকেটশিকারে যোগ দিলেন হাসান মাহমুদও। পুল করতে চেয়েছিলেন শাহিদউল্লাহ, বল ঠিকঠাক ব্যাটে লাগেনি। কানা ছুঁয়ে চলে গেছে উইকেটকিপার লিটনের হাতে (১৯ বলে ১৯ রান)।
২৮ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান।
দুই পেসারের দুই উইকেটই চা বিরতি পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি হিসেবে থেকে গেল। পরে আর উইকেট পায়নি তারা। রহমত শাহ ও সেদিকুল্লাহ আতাল হাল ধরেছেন আফগানিস্তানের। তাদের সামনে অবশ্য লম্বা পথ— জয়ের জন্য এখনও করতে হবে ৪২৮ রান। আফগানিস্তানের বাকি ৮ উইকেট তুলে নিতে বাংলাদেশের হাতে আছে চার সেশন।
শুরুর দুই উইকেটের পর হতাশার সময়ই কাটছে বাংলাদেশের। সেদিকুল্লাহর সঙ্গে রহমত শাহর জুটি জমে গেছে। দুজনের জুটি পঞ্চাশ পেরিয়ে। দুই পাশ দিয়েই স্পিনার এনেও কাজ হচ্ছে না, খুব বেশি টার্নও তারা পাচ্ছেন না। কিছুক্ষণ আগেই একটা সুযোগ তৈরি হয়েছিল বলে মনে হচ্ছিল। কিন্তু তাইজুলের বলে ক্যাচের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেননি। পরে রিভিউ নেয়নি বাংলাদেশ— রিপ্লেতে দেখা গেছে ব্যাটেও বল লাগেনি।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডিক্লে.। আফগানিস্তান: ২৪০ ও ৭৯/২। জয়ের জন্য দরকার ৪০০ রান।
এক শ পার করে ফেলেছে আফগানিস্তান। রহমত শাহ ও সেদিকুল্লাহর তেমন তাড়াহুড়োও নেই। ধীরেসুস্থে, ঝুঁকি না নিয়ে খেলছেন তারা। বাংলাদেশের বোলাররাও তাদের বিপদে ফেলতে পারছেন না। আজ আর কোনো উইকেট নিতে না পারলে একটু ভয়েই হয়তো থাকবে তারা।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডিক্লে.। আফগানিস্তান: ২৪০ ও ১০২/২। জয়ের জন্য দরকার ৩৭৭ রান।
উদ্যাপনের সময় লাফিয়ে উঠলেন নাজমুল হোসেন। উইকেটটা কতটা গুরুত্বপূর্ণ— তা বোঝা যাচ্ছিল সেটিতেই। রহমত শাহ ও সেদিকুল্লাহর জুটিটা ধীরে ধীরে মাথাব্যথা হয়ে যাচ্ছিল বাংলাদেশের জন্য। অবশেষে তা ভেঙেছেন ইবাদত, তাঁর হাত ধরে এই ইনিংসের প্রথম উইকেটও এসেছিল। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন রহমত। ১২৪ বলের ইনিংসে ৫১ রান করেছেন তিনি। সেদিকুল্লাহর সঙ্গে ২১৪ বলে ৮২ রানের জুটি ভেঙেছে। বাংলাদেশ পেয়েছে তাদের তৃতীয় উইকেট।
রহমতের ক্যাচ ধরে বাংলাদেশের হয়ে এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিশালের রেকর্ড গড়েছেন তিনি। ২০০৪ সালে হারারেতে খালেদ মাসুদের ৭ ডিসমিশাল ছিল এতদিনের রেকর্ড। এই টেস্টে লিটনের ডিসমিশাল এখন পর্যন্ত আটটি।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডিক্লে.। আফগানিস্তান: ২৪০ ও ১১০/২। জয়ের জন্য দরকার ৩৬৯ রান।
আবুধাবি টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের ৩৪৭ রান। আজ বাংলাদেশের হয়ে সকালটা শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। দুজনের ১৫৯ রানের জুটি ভাঙার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লিটন সেঞ্চুরি পান এর আগেই।
৪৭৯ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপর সেদিকুল্লাহ ও রহমত শাহর জুটিতে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল। তবে শেষ বিকেলে রহমতকে ফিরিয়ে দিয়েছেন ইবাদত।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৩৪৬ ও ১০৫.২ ওভারে ৩৭২/৭ ডি. (লিটন ১০২, নাজমুল ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*; সেলিম ২/৬৯, জিয়া ২/৮৬, ইয়ামিন ২/৯৬)।
আফগানিস্তান: ২৪০ ও ৫০ ওভারে ১৩২/৩ (রহমত ৫১, আতাল ৩৫*; ইবাদত ২/৩২, হাসান ১/৩১)।
(চতুর্থ দিন শেষে)
আবুধাবি টেস্টে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হলো। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট। আফগানিস্তানের দরকার ৩৪৭ রান।
ক্রিজে আছেন হাশমতউল্লাহ শহীদি (১৯*) ও সেদিকুল্লাহ আতাল (৩৫*)।
দিনের খেলার তৃতীয় ওভার। মিরাজের করা এই ওভারের চতুর্থ বলে আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। তাতে খোঁড়াচ্ছিলেন ২০ রান করা এই ব্যাটসম্যান। গতকালও পায়ের সমস্যায় ভোগেন তিনি। আজ নতুন করে আঘাত পাওয়ার পর মাঠে ফিজিও তাঁকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি হাশমতউল্লাহ। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন।
ক্রিজে নতুন ব্যাটসম্যান ইকরাম আলী খিল।
আফগানিস্তান ২য় ইনিংস: ৫৯ ওভারে ১৫০/৩
জয়ের জন্য আফগানিস্তানের এখনো দরকার ৩২৯ রান। ড্র করতে হলে খেলতে হবে সারাদিন। দুটো কাজই বেশ কঠিন। তবে পঞ্চম দিনের উইকেটও খুব একটা বোলিং সহায়ক নয়।
আফগানিস্তান ২য় ইনিংস: ৬২ ওভারে ১৫৩/৩
ফিফটির দেখা পেলেন আতাল। ১৬৬ বলে ফিফটি করেছেন আফগান এই ওপেনার। আফগান ইনিংসটাকে একপ্রান্তে ধরে রেখেছেন আতাল।
আফগানিস্তান ২য় ইনিংস: ৭০ ওভারে ১৭২/৩
উইকেটের খোঁজে বাংলাদেশ। কিন্তু কে নেবেন?
প্রথম ইনিংসে স্পিনাররা উইকেট পেয়েছেন একটি। এই ইনিংসে এখনো উইকেটের দেখাই পাননি। টেস্টের পঞ্চম দিনে তিন স্পিনারের কাছ থেকেই নিশ্চয় উইকেট চাইবে বাংলাদেশ।
এখন বোলিং করছেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। নাঈম ৯ ওভারে দিয়েছেন ১৪ রান, তাইজুল ১৯ ওভারে ১৯।
আফগানিস্তান ২য় ইনিংস: ৭৫ ওভারে ১৯৬/৩
আতাল আর ইকরামের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ৫৬ রান। সাবলীলভাবেই খেলে যাচ্ছেন দুজন। ফিফটি পেয়েছেন আতাল, ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে ইকরাম অপরাজিত ২৮ রানে।
৫ ওভার পরই নতুন বল নিতে পারবে বাংলাদেশ। প্রথম ইনিংসে দ্বিতীয় নতুন বল দিয়েই আফগানিস্তানকে গুড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
আফগানিস্তান ২য় ইনিংস: ৭৮ ওভারে ২০২/৪
আবার ইবাদত। আবার লিটন। দ্বিতীয় ইনিংসে তৃতীয়বারের মতো বাংলাদেশকে উইকেট এনে দিলেন ইবাদত হোসেন। লিটন এই টেস্টে আবারও নিলেন দুর্দান্ত ক্যাচ। এই দুজনের কারণেই ইকরাম ও আতালের ৬৬ রানের জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ।
৩৩ রান করে ফিরেছেন ইকরাম। ইবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইকরাম। এখনো ২৭৭ রান দরকার আফগানিস্তানের।
আফগানিস্তান ২য় ইনিংস: ৭৯ ওভারে ২০৩/৪
শেষটা ভালো হলো বাংলাদেশের। লাঞ্চে যাওয়ার একটু আগে থিতু হওয়া ব্যাটসম্যান ইকরামকে ফিরিয়েছেন ইবাদত। আফগানিস্তানের জিততে দরকার ২৭৬ রান, বাংলাদেশের ৬ উইকেট। হাতে আছে দুই সেশন।
আফগানিস্তান (লক্ষ্য ৪৭৯): ৭৯ ওভারে ২০৩/৪ (আতাল ৬৬*, রহমত ৫১, ইকরাম ৩৩, ইসমত ০*; ইবাদত ৩/৪০, হাসান ১/৩৪, মেহেদী ০/৪৭)। প্রথম সেশন শেষে।
টেস্ট ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসাবে এক ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস ও ৯টি ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের।
আফগানিস্তান ২য় ইনিংস: ৮৩ ওভারে ২০৭/৪
দ্বিতীয় সেশনের খেলা এখন পর্যন্ত হয়েছে ৪ ওভার। রানও হয়েছে ৪। নতুন বলে আক্রমণে এসেছে হাসান মাহমুদ। সঙ্গে আছেন তাইজুল ইসলাম।
আফগানিস্তান ২য় ইনিংস: ৮৫.৪ ওভারে ২০৮/৪
লিটনও তাহলে ভুল করেন! এই ম্যাচে অন্তত তা সবাই ভুলেই গিয়েছিলেন। প্রথম ইনিংসে ফিফটি আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তো পেয়েছেনই— দুই ইনিংস মিলিয়ে উইকেটরক্ষক হিসেবে ৯ ডিসমিসাল করে গড়েছেন বিশ্বরেকর্ডও। ধারাভাষ্যকক্ষেও তাই বিস্ময়, ‘এই প্রথম ভুল করলেন লিটন!’
তাইজুল ইসলামের বলে এগিয়ে এসেছিলেন সেদিকুল্লাহ। বলটা সামান্য টার্ন করে ভেতরে ঢুকেছিল, বাড়তি বাউন্সও ছিল। স্টাম্পিংয়ের সুযোগ পেলেও বলটা হাতেই জমাতে পারেননি লিটন।
তাঁর এই ভুল কতটা ভোগায় সেটিই এখন দেখার। সেদিকুল্লাহ বাংলাদেশের মাথাব্যথার কারণ হয়ে উঠছেন ধীরে ধীরে। ২৩৫ বল খেলে ৭০ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গী ইসমত ৩২ বল খেলেও কোনো রান করেননি, সেটি বোধ হয় প্রয়োজনও নয়। আফগানিস্তানের প্রয়োজন আর দেড় সেশন কাটিয়ে দেওয়া, তাহলে তো ম্যাচ ড্র হবে!
আফগানিস্তান ২য় ইনিংস: ৯৪ ওভারে ২৩৩/৪
৪৫ নম্বর বলে প্রথম রানের দেখা পেলেন ইসমত আলম।
প্রথম রান নিতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটি ইংল্যান্ডের জন মারের দখলে। ১৯৬৩ সালে প্রথম রান করার আগে তিনি খেলেছিলেন টানা ৮০টি বল!
আফগানিস্তান ২য় ইনিংস: ৯৭ ওভারে ২৪২/৪
অসাধারণ! ২৭৭ বলে সেঞ্চুরি করলেন সেদিকউল্লাহ আতাল। টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর প্রথম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটেও এটাই প্রথম।
আফগানিস্তান ২য় ইনিংস: ৯৮ ওভারে ২৪২/৫
ইসমতের পরিকল্পনা স্পষ্ট ছিল— যত পারো বল খেলো, রান না এলেও চলবে। তবে শেষ পর্যন্ত তিনি ফিরলেন। তাঁর প্রতিরোধ ভেঙেছেন মিরাজ। এই অফ স্পিনারের সোজা বলটি টার্নের জন্য খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইসমত। আউট হয়েছেন ৬০ বলে ৪ রান করে।
উইকেটে এসেছেন আগে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া হাশমতউল্লাহ শহীদি।
আফগানিস্তান ২য় ইনিংস: ১০৪ ওভারে ২৬২/৫
ইসমত ফেরার পর আতালের সঙ্গে জুটি গড়েছেন হাশমতউল্লাহ। এই জুটি থেকে এসেছে অবিচ্ছিন্ন ২০ রান। দ্রুত উইকেট দরকার বাংলাদেশের।
আফগানিস্তান ২য় ইনিংস: ১০৬ ওভারে ২৬৪/৬
দ্বিতীয় সেশন শেষ হতে খুব বেশি সময় বাকি নেই। এমন সময়ে মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ফিরলেন ৩৬ রান করে। তাঁর বিদায়ে ম্যাচে আবার বেশ খানিকটা এগিয়ে গেল বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান উঠেছে ৬২, উইকেট গেছে ২টি। শেষ সেশনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৪ উইকেট। আফগানিস্তানের জয়ের জন্য দরকার ২১৪ রান।
এশিয়াতে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি ওভার খেলে ড্র করার রেকর্ড পাকিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২২ সালে ১৭১.৪ ওভার খেলে টেস্ট ড্র করেছিল পাকিস্তান।
আফগানিস্তান ২য় ইনিংস: ১১৬ ওভারে ২৭৭/৬
টেস্টের শেষ সেশনের শুরুটা ভালো করেছে আফগানিস্তান। এই সেশনে খেলা হয়েছে ৮ ওভার, এখনো উইকেট হারায়নি দলটি। টিকে আছেন সেঞ্চুরি করা আতাল, ইয়ামিন ব্যাটিং করছেন ৫ রানে।
এখনো খেলা হবে ২৪ ওভার।
আফগানিস্তান ২য় ইনিংস: ১১৯ ওভারে ২৮২/৭
আতালের ইনিংসটাকে অসাধারণ বললেও কম হবে। ৩৩২ বলে ১১১ রান করে ফিরেছেন এই আফগান ওপেনার। টেস্ট ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।
তাইজুলের বলে শর্ট লেগে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়েছেন আতাল। রিভিউ নিয়েছিলেন। তবে রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটে লেগেছে।
আউট হয়ে হতাশ হয়ে পড়েন আতাল। দুর্দান্ত এক ড্রয়ের স্বপ্ন প্রায় বাস্তবে রূপ দিয়েই ফেলেছিলেন আতাল। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানকে পার করে নিতে পারলেন না তিনি।
এখন বাংলাদেশের দরকার আর মাত্র ৩ উইকেট! ওভার বাকি ২১টি।
আফগানিস্তান ২য় ইনিংস: ১২২ ওভারে ২৯১/৭
আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই বলে রান আউটের সহজ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। ব্যাটসম্যানের ভুলে উইকেট পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হলেও ফিল্ডারদের ব্যর্থতায় তা কাজে লাগানো সম্ভব হয়নি।
আফগানিস্তান ২য় ইনিংস: ১২৮ ওভারে ৩১১/৭
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিততে বাংলাদেশের দরকার ৩ উইকেট। হাতে অবশ্য সময় বেশি নেই। ৭২ বলের মধ্যে বাকি ৩ উইকেট নিতে হবে বাংলাদেশের।
আফগানিস্তান ২য় ইনিংস: ১৩১ ওভারে ৩১৬/৭
সহজ ক্যাচ ছাড়লেন হাসান মাহমুদ। ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়েছিলেন কায়েস আহমেদ। সেটি নিতে পারেননি হাসান। এর আগে দুটি রানআউটও মিস করেছে বাংলাদেশ।
খেলা বাকি আছে এখনো ৮ ওভার। উইকেট লাগবে ৩টি।
আফগানিস্তান ২য় ইনিংস: ১৩৫ ওভারে ৩২১/৭
ড্র করার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। সেজন্য খেলতে হবে আর মাত্র ৫ ওভার। কায়েস–ইয়ামিন জুটি এরইমধ্যে ৯৮ বল খেলেছে।
ইয়ামিনের প্রতিরোধ ভাঙলেন মিরাজ। ৮৫ বলে ১৯ রান করে ফিরেছেন তিনি। ওভার আছে দুটি। জয় পেতে উইকেট লাগবে দুটি।
আফগানিস্তান ২য় ইনিংস: ১৪২ ওভারে ৩৪৬/৮
বাংলাদেশ পারল না। আবার এভাবেও লেখা যায়—আফগানিস্তান পেরেছে। শেষ দিনে আফগানিস্তানের হাতে ছিল ৭ উইকেট। জয়ের জন্য লাগত ৩৪৭ রান। আফগানিস্তান জয়ের জন্য খেলেনি। সেটা খেলার কথাও ছিল না। ড্রর জন্য খেলে শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছেড়েছে আফগানিস্তান। শেষ দিনে দলটি উইকেট হারিয়েছে ৫টি। দিনের খেলা শেষ করেছে ৮ উইকেটে ৩৪৬ রান নিয়ে।
বাংলাদেশ: ৩৪৬ ও ৩৭২/৭ ডি. আফগানিস্তান: ২৪০ ও ১৪২ ওভারে ৩৪৬/৮ (আতাল ১১১, রহমত ৫১, কায়েস ৪৯*, শহীদি ৩৬, আলীখিল ৩৩; ইবাদত ৩/৫০, মিরাজ ৩/৭৩, হাসান ১/৬৬, তাইজুল ১/১১২)। ফল: ড্র
টেস্টের পঞ্চম দিনে বোলাররা খুব একটা যে সুবিধা পেয়েছেন সেটা বলা যাবে না। তিন স্পিনার তেমন একটা টার্নের দেখাও পাননি। এরপরও বাংলাদেশের সামনে জয়ের সুযোগ ছিল।
তবে শেষ ঘণ্টায় চাপটা নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। পর পর দুই রানআউট মিস, হাসানের সহজ ক্যাচ মিস এরই প্রমাণ। দ্বিতীয় ইনিংসের ১২২তম ওভারে দুটি রানআউট মিস করেছে বাংলাদেশ। এরপর আরও ২০ ওভার খেলা হয়েছে। তখন রানআউট করতে পারলে এই ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত।
তবে আফগানিস্তানের ব্যাটিং বিভাগকেও কৃতিত্ব দিতে হবে। উইকেট যেমনই হোক না কেন, শেষ দিন পুরোটা ব্যাটিং করে ড্র করা সহজ কথা নয়! এশিয়ায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার খেলে টেস্ট ড্র করার তালিকায় আফগানিস্তানের এই ড্র এখন তৃতীয় (১৪২ ওভার)।
এক টেস্টে ফিফটি, সেঞ্চুরি আর সঙ্গে ৯ ডিসমিসালে বিশ্ব রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস।
হতাশাজনক, তবে আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। পেসাররা খুব ভালো বোলিং করেছে। আশা করেছিলাম, স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলবে। তারা চেষ্টা করেছে, তবে আফগানিস্তান সত্যিই অসাধারণ খেলেছে।নাজমুল হোসেন