কী অসাধারণ গোল!

ঠিক এই জায়গা থেকেই সূত্রপাত ঘটেছিল সেই অসাধারণ গোলটির ছবি: ওয়েবসাইট।
ঠিক এই জায়গা থেকেই সূত্রপাত ঘটেছিল সেই অসাধারণ গোলটির ছবি: ওয়েবসাইট।

ফুটবল তো গোলের খেলাই। দর্শকেরা মাঠে ভিড় করেন এই গোল দেখতেই। মাঝেমধ্যে অসাধারণ কিছু গোল মানুষের অন্তরে দাগ কেটে যায়। ফুটবলের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ। মানুষ এই খেলার সেরা খেলোয়াড়দেরও মনে রাখেন এই গোলের কারণেই। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে করা ডিয়েগো ম্যারাডোনার সেই অসাধারণ গোলটিই তাঁকে অমরত্ব দিয়েছে। পেলের শ্রেষ্ঠত্বের জয়গানও বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে তাঁর অনন্য কিছু গোল। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে দারুণ সব গোল দেখতে আমরা সবাই অভ্যস্ত। রোনালদো-মেসি-নেইমারদের পা থেকে আসা গোলগুলোর কাব্যিক বর্ণনা সব সময়ই ঝড় তুলে যাচ্ছে মিডিয়ায়। কিন্তু যে ম্যাচটি লোকচক্ষুর আড়ালে হচ্ছে, যে ম্যাচটি মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত, যে খেলায় গ্ল্যামার নেই, সেখানেও যে অসাধারণ সব গোল হচ্ছে না, সেটা আমরা কীভাবে বলতে পারি? সম্প্রতি ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল ইপজউইচ এফসির অনূর্ধ্ব-১৪ দল একটি স্থানীয় খেলায় এমন একটি গোল করেছে, যা লজ্জা দিয়ে দেয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ও তাদের তারকা খেলোয়াড়দেরও।
‘ট্রাকটর বয়েজ’ নামে পরিচিত এই ইপজউইচ ক্লাবের ১৪ বছরের ছেলেদের গোলটি এসেছে মিলউইল নামের একটি সমগোত্রীয় দলের বিপক্ষে। একেবারে নিজেদের প্রান্তসীমা থেকে বল আদান-প্রদান করতে করতে ইপজউইচের ছেলেরা গোলটি করে ১৩টি নিখুঁত পাসে।
অনন্য প্রতিভাবান এই ছেলেদের চোখে আগামীতে ইংলিশ লিগের শক্তিধর দল হয়ে ওঠার স্বপ্ন ইপজউইজ দেখতেই পারে!
ভিডিওতে দেখে নিন ১৪ বছরের ছেলেরা কী অসাধারণ গোলটিই না করল...