ফ্রান্সের স্তাদ দো ফ্রান্সে আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল
ফ্রান্সের স্তাদ দো ফ্রান্সে আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

বলছেন মাইকেল ওয়েন

রিয়াল মাদ্রিদকে ৩–০ গোলে হারাবে লিভারপুল

মাইকেল ওয়েন আগামীকাল কী করবেন—রিয়াল মাদ্রিদের সমর্থন করবেন, নাকি লিভারপুলের পক্ষে হাততালি দেবেন? ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার যে দুই দলেই খেলেছেন। ২০০৪ সালে রিয়ালে তিনি নাম লিখিয়েছেন লিভারপুলে আটটি মৌসুম কাটানোর পর। এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা তাই তাঁর জন্য একটু কঠিনই। হৃদয়কে দুই ভাগ করে দুই দলকে তো আর দেওয়া যায় না!

ওয়েন আগামীকাল অবশ্য যে দলেরই সমর্থন করুন, বাজি ধরলে যে লিভারপুলের পক্ষে ধরবেন, সেটা স্পষ্ট হয়েছে তাঁর কথায়। বিটি স্পোর্টসে পণ্ডিত হিসেবে কাজ করা সাবেক এই ইংলিশ তারকা এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এগিয়ে রাখলেন লিভারপুলকেই।

রিয়াল মাদ্রিদের অনুশীলনে করিম বেনজেমা

ইংল্যান্ডের পত্রিকা ডেইলি মেইলকে ওয়েন বলেছেন, ‘আমি মনে করি লিভারপুল রিয়ালের চেয়ে ভালো দল। লিভারপুল রিয়ালকে উড়িয়ে দিতে পারে। আমার অনুমান, ম্যাচটি লিভারপুল ৩–১ বা ৩–০ গোলে জিতবে।’

লিভারপুলে খেলার সময় ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছেন ওয়েন। সাবেক এই তারকা মনে করেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে চেলসি ও ম্যানচেস্টার সিটি যে ভুল করেছে, সেটা লিভারপুল করবে না, ‘আমি মনে করি, রিয়ালকে তারা প্রভাব বিস্তার করেই হারাতে পারবে। কারণ, লিভারপুল অসাধারণ একটি দল। রিয়ালের জন্য একটু বেশিই ভালো তারা।’

লিভারপুলের অনুশীলনে সালাহ

রিয়াল মাদ্রিদে খেলার অভিজ্ঞতা থেকেই ওয়েনের মনে হয়েছে যে চেলসি ও ম্যান সিটিকে দুর্দান্ত খেলে হারানোর পর সান্তিয়াগো বার্নাব্যুর ভাবনাটা কী। সেখানে সবারই হয়তো মনে হচ্ছে, ট্রফিতে রিয়ালের নাম খোদাই করা হয়ে গেছে!

কিন্তু ফাইনালে লিভারপুলকে হারানো এত সহজ হবে না বলেই মনে করেন ওয়েন, ‘লিভারপুল খুব অভিজ্ঞ এক দল এবং দুর্দান্ত একটি দলও তারা। তারা এত সহজে চূর্ণ হবে না।’

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন

এ ম্যাচে তিনি কোন দলকে সমর্থন করছেন—এমন একটি প্রশ্নের উত্তর ওয়েন দিয়েছেন কূটনৈতিক চালে, ‘সবাই জানে, আমার জীবনের অর্ধেক আমি লিভারপুলে কাটিয়েছি। আমাকে ভুল বুঝবেন না। রিয়াল মাদ্রিদেও আমি দারুণ কিছু বছর কাটিয়েছি। সেখানে অসাধারণ কিছু মানুষের সংস্পর্শ পেয়েছি, অভিজ্ঞতাটা দারুণ ছিল।’